১১:০৬ পি.এম
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে পুলিশ হস্তান্তর করেছে।
সোমবার সকালবেলা সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগীর ৩৮ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোয়া যাওয়া এক হাজার ৭০৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের অনলাইন ও মোবাইল আর্থিক সেবার প্রতারণার ঘটনায় ভুক্তভোগীদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন