০৬:৪৫ পি.এম
দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) যৌথ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে তারা। এজন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই দুই সংগঠনের মতে, দেশের প্রধান রফতানি আয়ের উৎস, অর্থাৎ টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও সহায়ক হবে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, এআই প্রযুক্তি, অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে। সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে সমান প্রতিনিধিত্ব থাকবে।
বিটিএমএ ও বিজিজিএমইএ আশাবাদী যে, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনটির মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও দৃঢ় হবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মন্তব্য করেন, এই উদ্যোগ কেবল একটি যন্ত্রপাতির প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বিটিএমএ এবং বিজিএমইএর জন্য দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের বৃহত্তর স্বার্থে একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করবে।
তিনি আরও বলেন, ‘এই প্রদর্শনী কেবল উন্নত যন্ত্রপাতি কেনার সুযোগই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক স্বার্থ এবং এই খাতের টেকসই উন্নয়নে বিজিএমইএ এবং বিটিএমএর যৌথভাবে কাজ করার একটি দারুণ সুযোগ সৃষ্টি করবে।’
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের বস্ত্র ও পোশাক খাতকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য নিয়ে বিটিএমএ এবং বিজিএমইএ বিগত প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করে আসছে। এই প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা বিদেশ সফর না করেই আন্তর্জাতিক বাজারের সর্বশেষ প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন