০৪:৫২ পি.এম
চট্টগ্রামের হাটহাজারী থেকে সুমাইয়া আক্তার (১৯) নামের একটি গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে জানিয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। গৃহবধূ সুমাইয়া আক্তার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী।
তিন বছর আগে, উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আজ সকাল ৯টা পর্যন্ত সুমাইয়া আক্তারের ঘরের দরজা বন্ধ ছিল। শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘসময় ডাকাডাকি করার পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়া আক্তার ঝুলে আছেন।
আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি
এরপর স্থানীয়রা থানাকে খবর দেন এবং পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেছেন, "আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।" এ ঘটনায় প্রাথমিকভাবে তদন্তের জন্য থানায় গৃহবধূর শ্বশুরবাড়ির কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন