ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী


শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এ সময় বলেন, শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করবেন না। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এই দিন কালিতলা হাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয় এবং সাত মাথায় পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে তাদের লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। যখন এই বাচ্চারা আগামীকাল ভার্সিটিতে যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? তাই আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সাথে টাল্টি বাল্টি করবেন না।’ তিনি তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেন, ‘এর আগে এনসিপির মুখ্য সংগঠক আমাদের বলেন, জুলাই ব্যবসায়ী। হ্যা, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হবো। কিন্তু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হবো না। ১৭ বছরে এই দেশে নারীরা স্বাধীনতা পায়নি। বগুড়ার মানুষ হওয়ার জন্য চাকরি পায়নি। এখানে ছাত্রদের মেধা আছে। কিন্তু বগুড়ার মানুষ হওয়ায়, ফেনীর মানুষ হওয়ায় চাকরি পায়নি।’ বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল আমাদের বলা হয়েছে অবাঞ্ছিত। আপনাদের বলতে চাই বিগত সময়ে আপনারা অবাঞ্ছিত ছিলেন। এই অবাঞ্ছিতদের আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের বলছে অবাঞ্ছিত। কী নির্মম ভাগ্যের পরিহাস। আমরা বলতে চাই, আমরা তোমাদের ভাগ্য বদলিয়ে দেবো। এমন বদলানো বদলাব, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার জায়গা খুঁজে পাবেন না।’ বক্তব্যের শেষে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এনসিপির প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন তিনি। এর আগে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় অনুষ্ঠিত পথসভায়ও এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন। সেখানে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ণ না করলে এই সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। বগুড়ায় এই পথসভায় সরকারি ও সাংগঠনিক পদে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহবায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর বিভিন্ন সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই নগর ব্যবস্থাপনায় কাক্সিক্ষত অগ্রগতি করা যাচ্ছে না।

এ পরিস্থিতি থেকে উত্তরণে দীর্ঘদিনের দাবি অনুযায়ী সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থা চালু করা প্রয়োজন।

তিনি বলেন, ‘নগরের যেকোনো সমস্যার জন্য সবাই সিটি কর্পোরেশন বা প্রশাসককে দায়ী করেন। অথচ ট্রাফিক পুলিশ, ওয়াসা, রাজউক কিংবা বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সিটি কর্পোরেশনের অধীন নয়। এসব প্রতিষ্ঠান একীভূত করে সিটি গভর্নমেন্ট গঠন করা গেলে শতভাগ না হলেও অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব হবে।’

আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন সমস্যার সমাধানে বর্তমানে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা করতে হচ্ছে। সিটি কর্পোরেশনের আহ্বানে সংশ্লিষ্ট সব সংস্থাকে বাধ্যতামূলকভাবে একত্র করা সম্ভব হয় না। ফলে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সবুজায়ন, খাল-লেক পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে অত্যন্ত আন্তরিক। গত চার বছর চার মাসে তিনি এসব বিষয়ে বিভিন্ন পর্যায়ে প্রায় ২০টি বৈঠক করেছেন এবং অনেক সময় নিজেও নগর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেছেন।

মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘ডাস্টবিন থাকার পরও অনেকেই যত্রতত্র ময়লা ফেলেন। দীর্ঘদিনের এই অভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব জায়গা থেকেই পরিচ্ছন্নতার শিক্ষা নিশ্চিত করতে হবে।’

তিনি জানান, আগামী বছরের নতুন পাঠ্যপুস্তকে প্রাথমিক স্তর থেকেই পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও সামাজিক আচরণ বিষয়ে পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সরকার একাধিক ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি জানান, আমিনবাজার ল্যান্ডফিলে একটি চীনা কোম্পানির সঙ্গে করা চুক্তির আওতায় ২০২৮ সালের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন বছর স্থগিত থাকার পর প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রকল্পটির কার্যক্রম আবারও চালু হয়েছে।

তিনি বলেন, আমিনবাজারে বর্তমানে ১ কোটি ২০ লাখ টনের বেশি বর্জ্য জমে আছে। এ বিপুল বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষিণ সিটি কর্পোশনের ল্যান্ডফিলকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার, মাছ ও মুরগির খাদ্য, প্লাস্টিক থেকে জ্বালানি তেল এবং নির্মাণসামগ্রী তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, এ প্রকল্পে সরকারের কোনো বিনিয়োগ থাকবে না। বরং কোম্পানিটি জমি ব্যবহারের জন্য ভাড়া দেবে এবং বর্জ্য ব্যবহারের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতি কেজিতে ১০ পয়সা পরিশোধ করবে।

তিনি জানান, এ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় আগামীকাল স্থানীয় সরকার বিভাগের সচিবের নেতৃত্বে পরিবেশ, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে একটি উপস্থাপনাও করা হবে।

মীর শাহে আলম বলেন, গুলশান, বনানী, বারিধারা ও হাতিরঝিল এলাকার লেকগুলো দূষিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে সুয়ারেজ লাইনের মুখ সরাসরি লেকে গিয়ে পড়া।

তিনি বলেন, দাশেরকান্দি পয়ঃশোধনাগার (এসটিপি) দেশের সবচেয়ে বড় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হলেও সেখানে ঢাকা শহরের প্রয়োজনীয় সুয়ারেজ লাইন সংযুক্ত না হওয়ায় বর্তমানে এর সক্ষমতার মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে।

তিনি জানান, গুলশান, বনানী, বারিধারা ও হাতিরঝিল এলাকার সুয়ারেজ লাইন দাশেরকান্দি প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করার জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্ল্যান্টটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং খাল-লেকের দূষণও কমবে।

প্রতিমন্ত্রী অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে নিজস্ব ক্ষুদ্র সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে পরিশোধিত পানি বাগান পরিচর্যা, গাড়ি ধোয়া ও অন্যান্য কাজে পুনর্ব্যবহার করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে মালিকানা ও দায়িত্বের জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডি লেক ৫০ বছরের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। লেকটি খনন, সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা ও জনবান্ধব অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

একই সঙ্গে হাতিরঝিল, গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিচ্ছন্নতা ও পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি জানান।

রাজধানীতে সাম্প্রতিক জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতিবৃষ্টির পাশাপাশি ড্রেনের মুখ বর্জ্যে বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত পানি অপসারণে কাজ করছেন।

তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই মহানগরকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সময় লাগবে। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব নয়।’

তিনি নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা না ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার ও নাগরিক সবাই মিলে কাজ করলে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণের দাবি, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন বেলুচ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বেলুচিস্তানের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণের দাবি, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন বেলুচ নেতা

বেলুচ আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ বলেছেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা এখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

১৩ জুলাই তারিখের একটি চিঠি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মীর বেলুচ জানান, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। তিনি উল্লেখ করেন, অঞ্চলটির জন্য একটি জাতীয় পতাকা ও জাতীয় সংগীত তৈরি করা হয়েছে। ‘বেলুচি ফালুস’ নামে একটি মুদ্রারও ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসন ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেছেন।

মীর বেলুচ আরও দাবি করেন, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে রয়েছে সোনা ও তামার খনি, গ্যাসক্ষেত্র এবং কয়লাখনি।

চিঠিতে আরো দাবি করা হয়েছে যে, সামরিক, নৌ, বিমান ও বেসামরিক সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী বেলুচিস্তানের প্রশাসন পরিচালনা করছে। তাদের লক্ষ্য ২০২৬ সালের শেষ নাগাদ অঞ্চল থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে সরিয়ে দেওয়া।

মীর ইয়ার বেলুচ জানান, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীতে কর্মরত অনেক বেলুচ ও পশতুন সদস্য চাকরি ছেড়ে দিচ্ছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, কথিত ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’কে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।

তিনি বলেন, এই প্রস্তাবিত রাষ্ট্র তার ভূখণ্ড, আকাশসীমা বা উপকূল কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। তবে চিঠিতে করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকার বা কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

এছাড়া, অঞ্চলটির ওপর বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু তুলনামূলকভাবে কম জনবহুল প্রদেশ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সেখানে স্বাধীনতা বা আরো বেশি স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।

তবে পাকিস্তান সরকার বেলুচিস্তানের ওপর নিজেদের পূর্ণ সার্বভৌম কর্তৃত্বের দাবি করে। ইসলামাবাদ বরাবরই বিচ্ছিন্নতাবাদীদের দাবি প্রত্যাখ্যান করেছে এবং সেখানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা স্বাধীন ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’কে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হিসেবেই স্বীকৃত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলায় নিহত ৭ সেনা, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মার্কিন হামলায় নিহত ৭ সেনা, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহরের বাম্বুর গ্যারিসনে মার্কিন হামলায় দেশটির অন্তত সাত সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই তথ্য ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে। হামলার পর তারা এই হামলার উপযুক্ত জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

হরমুজ প্রণালি ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র লড়াই চলছে। এই সময়ের মধ্যে প্রতিদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেব মতে, গত এক সপ্তাহে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ জুলাই) ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিস্তান-বালুচিস্তানের ইরানশাহরে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি বাম্বুর গ্যারিসনে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতির তথ্য অনুযায়ী, 'সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর এই হামলায় ইরানশাহরের ৩৮৮তম ব্রিগেডের সাতজন পেশাদার সেনা সদস্য শাহাদাত বরণ করেছেন এবং বেশ কয়েকজন সদস্য আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।'

হামলাটি ওই স্থাপনার একটি স্যানাটোরিয়াম, গেস্টহাউস এবং প্রহরা চৌকিতে চালানো হয়েছে। ইরানি বাহিনী এই হামলাকে 'কাপুরুষোচিত আগ্রাসন' আখ্যা দিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, 'উপযুক্ত সময়ে এই অপরাধের কঠোর জবাব দেওয়া হবে।'

মার্কিন হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণ ইরানকে লক্ষ্য করে চালানো হয়েছে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। এছাড়া হরমুজ প্রণালিতে চলাচলের নির্দেশনা না মানা জাহাজগুলোর ওপরেও হামলা চালানো হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার সীমিত করে দেয়, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। তারপর গত সপ্তাহে মার্কিন হামলার পর নৌপথটি আবারও খুলে দেওয়া হয়।

গত মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, তারা ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে। এদিকে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার আগে যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথে অবাধ চলাচলকে তাদের অন্যতম প্রধান দাবি হিসেবে বারবার জোর দিয়েছে।

কিন্তু ট্রাম্প গত সোমবার (১৩ জুলাই) ঘোষণা করেন যে, ওয়াশিংটন এখন হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা দেবে, বিনিময়ে প্রেরিত সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৭:১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এই উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তবে তারা একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সব সময় তাদের পাশে থাকবে।"

মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের জন্য তার দরজা সব সময় খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবে।"

বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%