মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানম ভূমি সেবা গ্রহণের সময় নাগরিকদের হয়রানি, অনিয়ম, দুর্নীতি কিংবা দালালের দৌরাত্ম্যের শিকার না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, জনগণের ভোগান্তি কমানো এবং স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিত করা জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হবে।
তিনি বলেন, "একজন নাগরিক ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন। তাই তাকে যথাযথ সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতা। ভূমি সেবায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম বা হয়রানি গ্রহণযোগ্য নয়।"
অফিসে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে দ্রুত সেবা কার্যক্রম শুরু করার নির্দেশনা প্রদান করেন তিনি। নামজারি, খতিয়ান, মিউটেশনসহ ভূমি-সংক্রান্ত সেবা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে বলেন।
জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে উল্লেখ করে বলেন, ঘুষ, অতিরিক্ত অর্থ আদায়, ফাইল আটকে রাখা, অযথা হয়রানি কিংবা দালালের মাধ্যমে সেবা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ভূমি অফিসকে দালালমুক্ত রাখার নির্দেশনা দিয়ে বলেন, নাগরিকদের সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, সরকারি ফি ও সেবা প্রদানের সময়সীমা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রদান করা উচিত।
মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে ফরিদা খানম বলেন, একজন সাধারণ মানুষের কাছে তার জমি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাই কোনো নাগরিক যেন ভূমি অফিস থেকে অপমানিত বা হয়রানির শিকার হয়ে ফিরে না যান।
সভায় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলায় সাধারণ খাতে ভূমি উন্নয়ন করের দাবি ছিল ৮৪ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮০ টাকা।
এর বিপরীতে আদায় হয়েছে ৯৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৮৬ টাকা, যা দাবির ১১০.৬ শতাংশ।
এ ছাড়া সংস্থার ভূমি উন্নয়ন কর বাবদ ২৬ কোটি ১১ লাখ ১১ হাজার ১৬০ টাকা এবং অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ৮ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা আদায় হয়েছে।
রাজস্ব আদায়ে এ সাফল্যের জন্য সহকারী কমিশনার (ভূমি), তহসিলদার ও সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য শুধু ফাইল নিষ্পত্তি করা নয়, মানুষের সমস্যার সমাধান করা। জনগণ যেন দালাল ছাড়াই স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় ভূমিসেবা পান এবং হয়রানি ছাড়াই সন্তুষ্টচিত্তে বাড়ি ফিরতে পারেন, সেটিই নিশ্চিত করতে হবে।"
সভায় ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, ভূমিসেবা সহজীকরণ ও নাগরিক ভোগান্তি কমানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৭
ভূমি উন্নয়ন কর আদায়ে সাফল্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জে নদীভাঙনের কারণে উপজেলার দুই ইউনিয়নের মধ্যে অবস্থিত বেড়িবাঁধ বিপন্ন অবস্থায় রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ইউনিয়নগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ভাঙন রোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তারা জানান, রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের সংযোগ সড়ক এবং মীরগঞ্জ বাজারের পাশে অবস্থিত বেড়িবাঁধ নদীভাঙনের কবলে পড়ে বিলীনের পথে রয়েছে। এই অবস্থায় ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তারা উল্লেখ করেন, বর্তমানে বেড়িবাঁধ ও সড়কের একটি অংশ নদীর দিকে ধসে পড়েছে। যদি ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের মানুষের চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, এলাকার কৃষকরা এই পথ ব্যবহার করে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন করেন।
সড়কটি ধসে পড়লে কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেবে।
তাদের দাবি, অব্যাহত নদীভাঙনের কারণে নদীর তীরবর্তী কৃষিজমি এবং বসতভিটাও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সরেজমিন পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি সময়মতো বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে শুধু সড়ক ও বেড়িবাঁধ নয়, আশপাশের কৃষিজমি ও জনবসতিও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার জনপদ রক্ষা করা হবে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল জানিয়েছেন, বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে প্রবল স্রোতের কারণে নদীর পাশের সড়ক ভাঙনের কবলে পড়েছে। বাবুগঞ্জে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাউশি কর্তৃক সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার, মাউশির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এই কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে নির্দেশ দেওয়া হয়।
এই চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে দেশের সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা হলো। নির্দেশিকার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির এবং বহুমুখীকরণের আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র যখন তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন মোদির এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।
সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে সোমবার পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। গত ছয় মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর দুই নেতার মধ্যে ফোনে যোগাযোগ হলেও এটি ছিল তাঁদের প্রথম সরাসরি বৈঠক।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি উল্লেখ করেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি, তিনি আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক পণ্যের পরিধি বৃদ্ধির এবং তা বহুমুখী করার পরিকল্পনার কথাও জানান।
মোদি আরও বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি জানান, দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে যেকোনো প্রচেষ্টায় ভারত সমর্থন অব্যাহত রাখবে।
দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিটের বৈঠকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে চাবাহার বন্দরের বিষয়টি বৈঠকে আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ভারত এক দশকেরও বেশি সময় ধরে বন্দরটিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে। নাবিকদের নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মোদি জানান, কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে পেজেশকিয়ানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি আবারও ভারতের সেই অবস্থানের কথা জানিয়েছেন যে, সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে।
জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টার পাশাপাশি নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন মোদি।
যদিও ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে ভারতের বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ১৭ দশমিক ০৩ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে।
মোদি এদিন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা, অর্থনীতি, ওষুধ, খনিজ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ