০৯:৪২ পি.এম
ইরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কোনো পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করার পরিকল্পনা তাদের নেই। তবে, একই সময়ে কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের কারিগরি আলোচনা চলবে।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘মূলত আগামী কয়েক দিনে কোনো পর্যায়ে মার্কিন পক্ষের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা আমাদের নেই।’
তিনি আরো বলেছেন, দোহায় ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত কারিগরি আলোচনা হচ্ছে, যা ওয়াশিংটনের সাথে রাজনৈতিক আলোচনা নয়; বরং সমঝোতা স্মারকের ভিন্ন ভিন্ন ধারা বাস্তবায়নের বিষয়ে একটি কারিগরি বৈঠক। এর মধ্যে ইরানের জব্দকৃত সম্পদের মুক্তির বিষয়টি রয়েছে।
আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু
বাঘাই উল্লেখ করেন, অন্য পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তবেই ইরানও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি বলেন, সমঝোতা স্মারকে সব পক্ষের দায়দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেখানকার কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্রেরও নির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি জানান, দোহায় চলমান বৈঠকগুলো বৃহত্তর মধ্যস্থতা প্রচেষ্টার অংশ। এই বৈঠকগুলোতে ইরান সম্পর্কিত বিষয়ও রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় অবস্থান করছেন। তারা কাতারি কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করছেন, তবে সংবাদ সম্মেলনে ইরানি প্রতিনিধিদের সাথে সরাসরি রাজনৈতিক আলোচনা হচ্ছে না বলেও উল্লেখ করেছেন।
তিনি জানান, বর্তমানে দোহা ও অন্যান্য স্থানে যে বৈঠকগুলো হচ্ছে, সেগুলো মূলত কারিগরি পর্যায়ের।
এই মাসে সুইজারল্যান্ডে একটি প্রাথমিক বৈঠকের অংশ হিসেবে ১৪ দফা সমঝোতা স্মারকের ভিত্তিতে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছিল।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
বিদেশে জব্দকৃত ইরানের ৬ বিলিয়ন ডলার ছাড়ার বিষয়ে কাতারের মুখপাত্র জানান, কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলারের তহবিল এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। ওই অর্থ ছাড়ের বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে, অর্থাৎ কূটনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতি হলেই অর্থ ছাড়ের পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন