ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবনে ট্রলারসহ আটক ৩ জেলে


সুন্দরবনে ট্রলারসহ আটক ৩ জেলে

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ের মধ্যে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার বিকালে সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার। তাদের আদালতের মাধ্যমে বাগেরহাটে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা শনিবার বিকালে টহল দিচ্ছিলেন। টহলের সময় তারা সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে একটি ফিশিং ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখতে পান। এরপর বনরক্ষীরা এগিয়ে গিয়ে ট্রলারসহ তিন জেলেকে হাতেনাতে গ্রেফতার করেন। ট্রলারের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

শরিফুল ইসলাম আরও জানান, ওই জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বাগেরহাটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে এক মা এবং তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন করেছে।

রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্রসমাজের ব্যানারে উপজেলা থানার সামনে এই মানববন্ধন করানো হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরান সহ আরো অনেকে।

বক্তাগণ বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি।

এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক গৌরবময় অনুষ্ঠানে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনাজপুরের গোর-এ- শহীদ বড় ময়দানে তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

এছাড়া, বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিলে তাঁর এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়, সেইসাথে দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা এই উপলক্ষ্যে বলেন, "হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক শ্রেণি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিত প্রাণ।" তৎকালীন সময়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি ছিলেন অতি সাধারণ ও সাদা মনের মানুষ। তাঁর জীবন ছিল ত্যাগ, সততা ও দেশপ্রেমের আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিজিএস অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক এবং কবি সুফিয়া কামাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ জুন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। এই মহান নেতার নামানুসারে ১৯৮৮ সালের ১১ নভেম্বর স্নাতক পর্যায়ে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজে রূপান্তর করা হয়। পরবর্তীতে ২০০২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাবিপ্রবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে বাধ্য হলে, ইরানের ‘অস্তিত্ব আর থাকবে না’ এমন হুঁশियारি দিয়েছেন। তিনি শনিবার তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন।

শনিবারের ঘটনার প্রেক্ষাপটে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হামলার পাল্টাপাল্টি ঘটনার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ‘একাধিক’ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে, এ সময় ট্রাম্প এ হুমকিটি দেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে!’

তিনি আরও লেখেন, ‘এই আঘাত এমন এক সময় আসতে পারে, যখন আমাদের আর সংযত থাকার সুযোগ থাকবে না। তখন আমরা যে অভিযান অত্যন্ত সফলভাবে শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। আর যদি তাই হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর অস্তিত্ব থাকবে না।’

সাম্প্রতিক এ সংঘর্ষ ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের উপসংহার ঘটাতে চলমান আলোচনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন পথগুলোর একটির নিরাপত্তা নিয়েও নতুন রকম উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শনিবারের হামলা ছিল পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘কিকু’-তে ইরানের ড্রোন হামলার জবাব। ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

মার্কিন সেনাবাহিনী জানায়, সর্বশেষ এ হামলায় নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন পেতে রাখতে সক্ষম— এমন বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবারও যুক্তরাষ্ট্র হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ‘এভার লাভলি’ নামের একটি জাহাজে ইরানের আরেকটি হামলার জবাব হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। ইরান জানিয়েছে, এর পাল্টা জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

বাহারাইন জানায়, শনিবার ভোরে দেশটিকে লক্ষ্য করে ইরান কয়েকটি ড্রোন পাঠিয়েছে। তারা তেহরানের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা নস্যাৎ করার অভিযোগ তুলেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ‘হামলার পুনরাবৃত্তি হলে, আমাদের জবাব আরও ব্যাপক হবে।’

এদিকে ইসরাইল লেবাননে হামলা চালিয়েছে। একই সময়ে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ওই সংঘাতের অবসান ঘটাতে প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরান এ ‘নৃশংস হামলাকে’ অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।

সাম্প্রতিক সহিংসতা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। ইরান প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে জাহাজগুলোকে সতর্ক করলেও, আলোচনা বন্ধ হয়নি। এর মধ্যে কয়েকটি জাহাজ তেহরানের অনুমোদনহীন পথও ব্যবহার করেছে।

লন্ডনভিত্তিক থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এইচ এ হেলিয়ার বলেন, ‘আন্তর্জাতিক নৌপরিবহনের ওপর স্থায়ী চাপ সৃষ্টি করতে, ইরান সম্ভবত হরমুজ প্রণালী ও এর আশপাশে সীমিত মাত্রার পরিকল্পিত চাপ প্রয়োগ অব্যাহত রাখবে, তবে তা বৃহত্তর সংঘাত এড়িয়ে।’

তিনি আরও যোগ করেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রাখায় ওয়াশিংটনের জন্য দ্রুত সমঝোতায় পৌঁছানোর প্রণোদনা রয়েছে। অন্যদিকে ইরানের জন্য প্রণালীতে নিয়ন্ত্রিত চাপ বজায় রেখে দীর্ঘায়িত আলোচনা সুবিধাজনক হতে পারে।

সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে— এমন আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সাধারণ সময়ে, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় পাঁচ ভাগের এক ভাগ এ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

ইরানের অর্থনীতিতে এর প্রভাব এখনো স্পষ্ট নয়। তবে শনিবার দেশটির পরিসংখ্যান সংস্থা জানায়, দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৮৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৬৮ শতাংশ।

মার্চের শুরুতে, ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবাননও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে ইসরাইল লেবাননে অভিযান চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে, ইসরাইল ও লেবানন শুক্রবার দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু একদিন পর হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম চুক্তিটি প্রত্যাখ্যান করেন। তিনি এটিকে ‘অপমানজনক, লজ্জাজনক ও সার্বভৌমত্ব বিসর্জন’ বলে মন্তব্য করেন।

হিজবুল্লাহ বারবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও, ওয়াশিংটনের চুক্তিতে সে ধরনের কোনও ব্যবস্থা রাখা হয়নি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের দখলকৃত তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনারা অবস্থান করবে। এ সময় সাধারণ মানুষকে সেখানে ফিরতে দেওয়া হবে না।

শনিবার নেতানিয়াহু চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ এবং ‘ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা’ বলে মন্তব্য করেন। তবে তার কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির চুক্তিটিকে ‘বড় ভুল’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, কেবল ইসরাইলি বাহিনীর পক্ষেই হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, শনিবার তারা দক্ষিণ লেবাননে সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন দুই দেশের মধ্যে চুক্তির ঘোষণা দেওয়ার পর এটিই প্রথম এ ধরণের হামলা।

এরপর শনিবার সন্ধ্যার শুরুতে, লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরাইল দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী স্টার্টআপ শোকেসিং ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল দুপুরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


প্রধানমন্ত্রী স্টার্টআপ শোকেসিং ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল দুপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানী থেকে দেশের দু’টি বড় জাতীয় কর্মসূচির শুভ উদ্বোধন করতে চলেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ বাসস-কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার দুপুর ২টায় প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন এবং মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।’

আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত আদেশে অনুষ্ঠানটির সূচি পরিবর্তনের তথ্য জানানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এদিন দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ উদ্ভাবকদের স্টলসমূহ পরিদর্শন, চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং একই মঞ্চ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন বা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর এই উপস্থিতি অনুষ্ঠানটিকে দেশের ‘ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লবের’ একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের মাধ্যমে কর্মসূচি দুটি বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।’

মাউশি মহাপরিচালক জানান, এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটাতে চাই। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়াগুলো থেকে স্থানীয় বহু সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে স্টার্টআপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তা সৃষ্টির পথ উন্মোচিত হবে।

আদেশে বলা হয়েছে, বিশেষ কারণে অনুষ্ঠানটির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল সোমবার শেরেবাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ জাতীয় পর্যায়ের এই মূল অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

এদিকে আজ দুপুর থেকেই চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর স্টলসমূহ সবার পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশব্যাপী উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা ১০০টি দলের অনন্য ও সৃজনশীল প্রজেক্টসমূহ এই স্টলগুলোতে স্থান পেয়েছে।

আয়োজনটি সফল করতে আজ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভ্যেনু ও প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে গঠনমূলক সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যুক্তিবিজ্ঞানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে (প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক) গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলায় সফলভাবে এই শোকেসিং সম্পন্ন হয়েছে, যেখানে ৮ হাজার ২৯টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক অংশ নিয়েছেন।

পরবর্তীতে গত ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকার বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত দেশের সেরা ১০০টি দল আগামীকাল মূল অনুষ্ঠানে তাদের সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করবেন। এর মধ্য থেকে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়া শিক্ষকদের জন্য ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ হিসেবে ৩০ হাজার টাকা ও সনদ এবং শিক্ষার্থীদের জন্য ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ হিসেবে ২০ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে প্রধানমন্ত্রী দ্বারা।

শিক্ষাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা:

একই ভ্যেনু থেকে প্রধানমন্ত্রী দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামীকাল দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবছর ৫ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকালের এই উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের অনন্য সুযোগ পাবেন। এ উপলক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন স্থাপন ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%