ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলে তীব্র তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি


ইসরায়েলে তীব্র তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি

ইসরায়েলজুড়ে গড় তাপমাত্রার তুলনায় কয়েক ডিগ্রি বেড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল ও পশ্চিম তীরে চলমান তাপপ্রবাহের দ্বিতীয় দিনে কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার (২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মৃত সাগরের দক্ষিণাঞ্চলের সদোম এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিকেলে সেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জর্ডান ভ্যালি এবং ইলাত থেকে মেতুলা পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এ সতর্কতার আওতায় গ্যালিলি ও গোলান হাইটস-এর কিছু এলাকাও রয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

দেশের বাকি অংশে মাঝারি থেকে হালকা মাত্রার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এ বছর এখন পর্যন্ত এটিই সবচেয়ে উষ্ণ সময়, তবে আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা মৌসুমি গড়ের তুলনায় মাত্র কয়েক ডিগ্রি বেশি। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের অভিযোগে শরীয়তপুরে ২টি ক্লিনিক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


অনিয়মের অভিযোগে শরীয়তপুরে ২টি ক্লিনিক বন্ধ

স্বাস্থ্য বিভাগ শরীয়তপুরের ভেদরগঞ্জে দু’টি ক্লিনিক বন্ধ করে দিয়েছে নানা অনিয়মের অভিযোগে, যার মধ্যে লাইসেন্স হালনাগাদ না থাকা অন্যতম।

যুক্ত ক্লিনিকগুলো হলো ভেদরগঞ্জ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক এবং ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পত্রে জানিয়েছেন, এপ্রিল ২০২৬ তারিখ থেকে ভেদরগঞ্জ উপজেলায় একটি নির্দিষ্ট সোর্স (মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক) থেকে এক্সট্রাপালমোনারি টিবি কেইস অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

মৌলিক বিষয়গুলোর অনুসন্ধানপূর্বক যাচাই ও তদনুসারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে সিভিল সার্জন এক্সট্রাপালমোনারি টিবি রোগের উৎপত্তির কারণ উদঘাটনের উদ্দেশ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত বা অনুসন্ধান কমিটি গঠন করেন।

ওই তদন্ত বা অনুসন্ধান কমিটি ২০ জুন ২০২৬ তারিখে মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক উপস্থিত হয়ে তদন্ত করে। তারা তাদের মতামতে উল্লেখ করেন, ওই ক্লিনিকে ৫৩ জন রোগী ইতোমধ্যে এক্সট্রাপালমোনারি টিবিতে আক্রান্ত হয়েছেন এবং এর উৎস এখনো নিশ্চিত নয়।

উৎস নিশ্চিত না হওয়া পর্যন্ত আগত অন্যান্য রোগীদের মধ্যে সংক্রমণ প্রতিরোধের স্বার্থে উক্ত ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়।

এই সুপারিশের প্রেক্ষিতে এক্সট্রাপালমোনারি টিবি রোগের উৎপত্তির কারণ উদঘাটন ও সংক্রমণ বিস্তার রোধের জন্য মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের সম্পূর্ণ কার্যক্রম পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া, ৫ কর্মকর্তার সমন্বয়ে এক্সট্রাপালমোনারি টিবি রোগের উৎপত্তির কারণ অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়েছে। মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের লাইসেন্স ২০২২-২০২৩ পর্যন্ত ছিল। একইসাথে অনলাইনে ২০২৩-২০২৪ সালের আবেদন ইনেসপেকশন এ রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্লিনিকটি পূর্বেই বন্ধ ছিল। ক্লিনিক ও ডায়াগনস্টিকের লাইসেন্স হালনাগাদ না থাকায় স্বাস্থ্যমন্ত্রীর মৌখিক নির্দেশে ১ আগস্টে ডায়াগনষ্টিকটি সীলগালা করে বন্ধ করা হয়।

এছাড়া, ভেদরগঞ্জ পপুলার ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকের ২০২২-২০২৩ সালের আবেদন নতুন হিসাবে করা কখনো লাইসেন্স পায়নি। তাদের ট্রেড লাইসেন্স, আয়কর এবং বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি আছে, তবে অন্যান্য কাগজপত্র (পরিবেশ/নারকোটিক) ছাড়পত্র নেই এবং শুধু আবেদন করা হয়েছে।

সুতরাং, ক্লিনিক ও ডায়াগনস্টিকের লাইসেন্স না থাকায় স্বাস্থ্যমন্ত্রীর মৌখিক নির্দেশে ১ আগস্ট ২০২৬ তারিখে তাৎক্ষণিকভাবে সীলগালা করে বন্ধ করা হয়। ক্লিনিকে রোগী ভর্তি থাকায় নতুন রোগী ভর্তি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং ভর্তিকৃত রোগীর চিকিৎসা শেষে আগামী ৮ তারিখে ক্লিনিকটি বন্ধ করে সীলগালা করারও নির্দেশনা দেওয়া হয়, চিঠিতে বলা হয়েছে।

এর আগে, ১ আগস্ট দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মান না থাকায় এই দু’টি প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষাক্ত ধাতু ও মাইক্রোপ্লাস্টিকে দূষিত সিলেটের এক নদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


বিষাক্ত ধাতু ও মাইক্রোপ্লাস্টিকে দূষিত সিলেটের এক নদী

সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রাণকেন্দ্র কুশিয়ারা নদীর তলদেশ বর্তমানে বিষাক্ত ভারী ধাতু ও মাইক্রোপ্লাস্টিকের ভাগাড়ে পরিণত হয়েছে। এই নদীর পলিমাটির ১০ থেকে ২০ সেন্টিমিটার গভীরতাতেও প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক এবং ক্যাডমিয়াম-সিসার মতো ভারী ধাতুর উপস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরিবেশবিদরা এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এর প্রভাবে স্থানীয় পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে, যা অত্যন্ত ভয়াবহ।

সম্প্রতি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একটি গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। এসবের জন্য কুশিয়ারা নদীর ৯টি জনবহুল পয়েন্ট থেকে ৩০ সেন্টিমিটার গভীর পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। এসমস্ত স্থানের নমুনা পরীক্ষায় দেখা গেছে, প্রতি কেজি পলি মাটিতে সর্বোচ্চ ৪ হাজার ৩০০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। গড় হিসেবে এই সংখ্যা ২ হাজার ৮০০টি।

গবেষণায় দেখা গেছে, নমুনাগুলির মধ্যে নদীর তলদেশের ১০ থেকে ৩০ সেন্টিমিটার গভীরতায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে সঙ্গে নদীর তলদেশে ক্রোমিয়াম, নিকেল, কপার, সিসা এবং ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর বিষক্রিয়া উচ্চমাত্রায় ধরা পড়েছে। ফলস্বরূপ, মাছ ও অন্যান্য জলজ প্রাণী এসব মাইক্রোপ্লাস্টিককে খাবার হিসেবে গ্রহণ করছে। এর ফলে বিষাক্ত ভারী ধাতুগুলো মানুষের খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে, যা ক্যানসারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে।

জানা গেছে, বিয়ানীবাজারের নদী তীরবর্তী এলাকা থেকে প্রচুর বর্জ্য পড়ছে কুশিয়ারা নদীতে। বিভিন্ন খাল-নালা থেকেও নদীতে মিশছে বর্জ্য। ফলে দিন দিন বিষাক্ত ধাতুতে ভারী হয়ে উঠছে নদীর তলদেশ। পরিবেশগত ঝুঁকি সূচক অনুযায়ী, এই নদীর পলিতে দূষণের মাত্রা ‘অত্যন্ত উচ্চ’ বা ‘ক্লাস ভি’ পর্যায়ের। ক্যাডমিয়াম ও নিকেলের আধিক্য নদীটির জীববৈচিত্র্য ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক বর্জ্য এবং সরাসরি নর্দমার সংযোগ নদীর স্বাস্থ্যকে এমন অবস্থানে নিয়ে গেছে যে, দ্রুত ব্যবস্থা না নিলে এই নদীর স্বাভাবিক বাস্তুসংস্থান পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে।

দুই দশকের বেশি সময় ধরে উপজেলার বৈরাগীবাজার এলাকার মৎস্যজীবী জাবেদ বলেন, ‘দিন দিন নদীর মাছ কমছে। পানি ভালো না। জাল নিয়ে নদীতে আসলে মাছ পেতাম। এখন আর সেই অবস্থা নেই। বেঁচে থাকাই কষ্ট।’

বিয়ানীবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, কুশিয়ারা নদীতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বর্জ্য বাধাহীনভাবে পড়ছে। তিনি পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, নদীর দূষণমুক্ত ও অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। না হলে আমাদের বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী আমির হোসাইন খান জানান, কুশিয়ারা নদীর স্রোতের বেগ হ্রাস পাওয়ার কারণে ক্ষয়সাধন ও পরিবহন ক্ষমতাও হ্রাস পেয়েছে। এর ফলে গভীরতাও কমেছে। নদীর আবর্জনা সরিয়ে ফেলতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আর সবচেয়ে বেশী দরকার নদী তীরবর্তী মানুষের সচেতনতা। তিনি বলেন, এখন থেকে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মৃত্যু, এক মাস পর দেশে ফিরল অনিকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মৃত্যু, এক মাস পর দেশে ফিরল অনিকের মরদেহ

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে একজন শিক্ষার্থী, খালেকুজ্জামান অনিক (২৮), বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুরে তার মরদেহ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের স্যাওড়াতলা এলাকায় তার নিজ বাড়িতে পৌঁছায়।

অনিক কৃষক মানোয়ার হোসেনের ছেলে ছিলেন, এবং তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুন, অনিক নিজের বিশ্ববিদ্যালয়ের ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যান। তবে তার মৃত্যুর কারণ হিসেবে এটি হত্যা ছিল কিনা, নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অনিকের মৃত্যুর সংবাদ দেশে এসে পৌঁছানোর পর পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার এক মাস পর, আজ অনিকের মরদেহ গ্রামবাসীর বাড়িতে পৌঁছায়। এ সময় তার পরিবার ও আত্মীয়-স্বজনরা শোকাহত হয়ে পড়েন। স্থানীয় মসজিদে জানাজা শেষে, দুপুরের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত অনিকের চাচা আলী হোসেন বলেন, অনিক ছোট থেকে মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে দুই বছর আগে বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য রাশিয়ায় গিয়েছিলেন, যা তার পরিবার এবং এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। চলতি বছরের ২১ জুন খবর আসে যে, বিশ্ববিদ্যলয়ের পাঁচতলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু, সে কীভাবে পড়েছিল, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা কোনো রাজনৈতিক পর্যায় থেকে পুলিশের নিয়োগ, বদলি বা অন্য কোনো প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করার ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার পুলিশকে একটি পেশাদার, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে।

তিনি জানান, পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব ও সততার মূল্যায়নে ‘পুরস্কার ও শাস্তি’ ব্যবস্থা চালু করা হয়েছে। যারা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের পদক, সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্ব পাবে।

পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি মেট্রোপলিটন এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন এবং প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী সাইবার ল্যাব স্থাপন করা হবে। ডার্ক ওয়েব ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও দক্ষ করে তোলা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট কেস ডকেট পুলিশের কাছেই সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে সরকার পরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ নথিপত্র সুরক্ষিত থাকে এবং বিচার কার্যক্রম ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আরও শক্তিশালী করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে আইনের সংজ্ঞা ও বয়সসীমা পুনর্মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। একই সঙ্গে ‘মব কালচার’ বা গণপিটুনির মতো অপরাধগুলো কঠোরভাবে দমন করে এ ধরনের ঘটনার সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

নারী পুলিশ সদস্যদের কল্যাণে বিভাগীয় হাসপাতালগুলোতে গাইনোকোলজি ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আবাসন সংকট নিরসনে ১০০টির বেশি মডেল থানা নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জনবল সংকট কাটিয়ে উঠতে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার সাব-ইন্সপেক্টর (সরাসরি ও পদোন্নতির মাধ্যমে) নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে ৮ ঘণ্টার শিফটভিত্তিক ডিউটি ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, হারানো গৌরব পুনরুদ্ধার এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন ও খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%