ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুই নন-লাইফ বিমা কোম্পানির মেরিন কার্গো ব্যবসা তিন মাস স্থগিত


দুই নন-লাইফ বিমা কোম্পানির মেরিন কার্গো ব্যবসা তিন মাস স্থগিত

দেশের দুটি নন-লাইফ বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানি দুটি হলো গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। এই স্থগিতাদেশ গত ৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট দুটি বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রমে সহযোগিতা না করার জন্য দেশের সব ব্যাংককে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দেশ-বিদেশে ব্যাংক কার্ডের ব্যবহার বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের ৯ নভেম্বর ২০২৬ তারিখের চিঠির প্রেক্ষিতে ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, বিমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সার্কুলারের বিধান অনুযায়ী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রম ৩ নভেম্বর থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দুটি বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রম স্থগিতের বিষয়টি দেশের সব ব্যাংককে অবহিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির পেলেন সেরা সিইও সম্মাননা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য তাদের প্রশংসা করেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি এবং এ খাতে নেওয়া পদক্ষেপগুলোকে প্রশংসিত করেন। তিনি ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপড়ের তৈরি খেলনা ও তাঁবু রপ্তানিতে নগদ সহায়তার নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


কাপড়ের তৈরি খেলনা ও তাঁবু রপ্তানিতে নগদ সহায়তার নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক কাপড়ের তৈরি খেলনা (ইনফ্যান্ট সফট টয়েজ) ও তাঁবু (টেন্টস) রপ্তানির জন্য নগদ সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেছে। সরকারি সিদ্ধান্তের আলোকে, এই দুটি পণ্যের রপ্তানির বিপরীতে নির্ধারিত শর্তে নগদ সহায়তা কার্যকর হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, গত ৫ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৭ এবং ১২ জুলাই জারি করা সার্কুলার নম্বর ১৯-এর প্রতি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বস্ত্রজাত সামগ্রী হিসেবে কাপড়ের তৈরি খেলনা (ইনফ্যান্ট সফট টয়েজ) এবং তাঁবু (টেন্টস) রপ্তানির বিপরীতে ১৭ নম্বর সার্কুলারের সংযুক্ত পরিশিষ্ট-ক-এর ১, ২ ও ৫ নম্বর ক্রমে বর্ণিত নগদ সহায়তা প্রযোজ্য হবে।

তবে, এসব পণ্যের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সার্কুলারগুলোর নির্দেশনা অনুসরণ করা আবশ্যক। বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানের জন্য নগদ সহায়তা পরিশোধের ক্ষেত্রে ২০২১ সালের ১০ নভেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৩৪-এর নির্দেশনাও পালন নিশ্চিত করতে হবে।

এছাড়া, রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসহ সব এফই সার্কুলার ও সার্কুলার পত্রের নির্দেশনা যথারীতি কার্যকর থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান পেলেন সি-স্যুট অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান পেলেন সি-স্যুট অ্যাওয়ার্ড

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে এই পুরস্কার তাকে প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। এই সম্মাননা করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, "ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং কোটি কোটি ক্রেতার আস্থার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।" তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী সহকর্মীদেরও এই স্বীকৃতির অংশীদার বলে উল্লেখ করেন তিনি।

এ সম্মাননার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ক্রেতাদের জন্য উন্নত পণ্য ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে এ স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে।"

এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন।

এ ছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেয়ামতের দিনে লোক দেখানো আমলের পরিণতি কী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


কেয়ামতের দিনে লোক দেখানো আমলের পরিণতি কী?

একটি মসৃণ পাথরের ওপর সামান্য মাটি জমে থাকার চিত্র কল্পনা করুন। বাইরের দৃষ্টিতে মনে হতে পারে সেখানে চারা গজাবে। কিন্তু যখন ভারী বৃষ্টি আসে, তখন মুহূর্তের মধ্যে সব মাটি ধুয়ে যায় এবং পাথর আবার খালি ও মসৃণ হয়ে যায়। লোকদেখানো দানের অবস্থাও তেমনই—বাইরে থেকে বিশাল মনে হলেও আখেরাতে এর কোনো সওয়াব থাকে না। আল্লাহ তাআলা বলেন—

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِكُمۡ بِالۡمَنِّ وَ الۡاَذٰی ۙ كَالَّذِیۡ یُنۡفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَ لَا یُؤۡمِنُ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلۡدًا ؕ لَا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّمَّا كَسَبُوۡا ؕ وَ اللّٰهُ لَا یَهۡدِی الۡقَوۡمَ الۡكٰفِرِیۡنَ

‘হে মুমিনরা! তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান-সদকাকে নষ্ট কর না। ওই ব্যক্তির মতো হয়ো না, যে লোক দেখানোর জন্য নিজের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না। তার দৃষ্টান্ত হলো এমন একটি মসৃণ পাথরের মতো, যার ওপর কিছু মাটি ছিল। পরে প্রবল বৃষ্টিপাত সেটিকে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিল। তারা যা উপার্জন করেছে, তার কিছুই তাদের হাতে থাকবে না।’ (সুরা বাকারা: আয়াত ২৬৪)

লোকদেখানো ছাড়া, রাসুলুল্লাহ (স.) লোককে শুনিয়ে বা জাহির করে আমল করার বিষয়েও সতর্ক করেছেন—

مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ‘

যে ব্যক্তি লোক-শোনানো ইবাদত করে, আল্লাহ তার লোক-শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তি লোক-দেখানো ইবাদত করবে, আল্লাহ তার লোক দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন।’ (বুখারি ৬৪৯৯)

রাসুলুল্লাহ (স.) রিয়া কতটা ভয়ংকর তা বোঝাতে এটিকে ‘ছোট শিরক’ বলেছেন—

إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ

‘আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি, তা হলো ছোট শিরক।’ সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন, الرِّيَاءُ — ‘রিয়া।’ (মুসনাদে আহমাদ ২৩৬৩০)

কেয়ামতের দিন কী হবে লোকদেখানো আমলের?

মুসলিম শরিফের একটি দীর্ঘ ও মর্মস্পর্শী হাদিসে কেয়ামতের দিনের প্রথম বিচারের দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেদিন যাদের বিচার দিয়ে শুরু হবে, তাদের মধ্যে থাকবেন—একজন শহীদ, একজন আলিম, একজন কুরআনের পাঠক এবং একজন দানশীল ব্যক্তি। প্রত্যেকে নিজেদের ত্যাগ, জ্ঞানচর্চা ও দানের কথা তুলে ধরবেন। কিন্তু আল্লাহ বলবেন, তোমরা এসব মানুষের প্রশংসা কুড়ানোর জন্য করেছিলে—‘বীর’, ‘জ্ঞানী’ বা ‘দানবীর’ উপাধি পাওয়ার আশায়। দুনিয়ায় মানুষ তোমাদের সেই প্রশংসা দিয়েছে। এরপর তাদের উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। (মুসলিম ১৯০৫)

এটি একটি বড় সতর্কবার্তা! বাইরের দৃষ্টিতে পাহাড়সম আমল দেখা গেলেও, নিয়তের খাঁটিত্ব না থাকলে আখেরাতে তা শূন্য হয়ে যেতে পারে।

অনলাইনে ‘ভালো মানুষ’ এবং বাস্তব জীবনের পার্থক্য

ডিজিটাল দুনিয়ায় নিজের একটি সুন্দর ও পবিত্র ভাবমূর্তি তৈরি করা খুব সহজ। কেউ হয়তো ফেসবুকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছবি দিচ্ছেন, অথচ ঘরের ভেতর মা-বাবা, স্ত্রী-সন্তান বা প্রতিবেশীর সঙ্গে রুক্ষ আচরণ করেন। কেউ হয়তো প্রতিদিন দারুণ দারুণ দ্বীনি কথা শেয়ার করছেন, অথচ কারও হক বা অধিকার নষ্ট করতে দ্বিধা করেন না। এভাবে পর্দার ওপারের পরিচয় এবং বাস্তব চরিত্রের মধ্যে গভীর খাদ তৈরি হয়।

মিথ্যা বা ভান করে নিজের এমন গুণ জাহির করা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি যা পায়নি বা তার কাছে নেই, তা পেয়েছে বা আছে বলে দাবি করে, সে যেন প্রতারণার জন্য দুপ্রস্থ মিথ্যার পোশাক পরেছে। (বুখারি ৫২১৯)

আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন নিজেকে বড় বা পবিত্র দাবি করতে—

فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ

‘অতএব তোমরা আত্মপ্রশংসা কর না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে।’ (সুরা নাজম: আয়াত ৩২)

ভালো কাজ কি তবে গোপনেই রাখতে হবে?

সব ভালো কাজ যে লুকিয়ে করতে হবে, বিষয়টি তা নয়। অনেক সময় প্রকাশ্যে ভালো কাজ করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। কুরআনে বলা হয়েছে—

إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ

‘যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা ভালো। আর যদি তা গোপন রাখো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো।’ (সুরা বাকারা: আয়াত ২৭১)

এখানে দুটি পথই খোলা রাখা হয়েছে, তবে গোপন দানকে বেশি উত্তম বলা হয়েছে— কারণ গোপনীয়তায় লোকদেখানোর প্রলোভন কম থাকে।

আবার ধরুন, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করলেন, আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রশংসা করল। এতে কোনো দোষ নেই। হজরত আবু জার (রা.) এ বিষয়ে জানতে চাইলে রাসুলুল্লাহ (স.) বলেন: ‘এটি মুমিনের নগদ সুসংবাদ।’ (মুসলিম ২৬৪২)

অর্থাৎ প্রশংসা যদি কাজের ফল হিসেবে আপনাআপনি আসে, তবে তা রিয়া নয়; রিয়া তখনই হয়, যখন প্রশংসার লোভই কাজটির পেছনের চালিকাশক্তি হয়।

আমল নষ্ট হওয়ার আশঙ্কা কখন তৈরি হয়?

আলেমদের মতে, লোকদেখানোর প্রবণতা থেকে আমলের সওয়াব ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি ধাপ রয়েছে—

ফেসবুকে কোনো ভালো কাজ বা ধর্মীয় কথা প্রকাশ করার আগে নিজেকে কয়েকটি সহজ প্রশ্ন করে দেখতে পারেন—

নিজেকে এই প্রশ্নগুলো করলে মনের আয়নায় নিজের নিয়তটা পরিষ্কার হয়ে উঠবে। আর সবচেয়ে সুন্দর অভ্যাস হলো— কিছু আমল একদম গোপন রাখা। এমন কিছু দান, দোয়া বা সৎকাজ থাকা উচিত, যার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না।

কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মানুষ আশ্রয় পাবেন, তাঁদের একজন হলেন সেই ব্যক্তি—

وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ

‘যিনি এত গোপনে দান করেন যে তার ডান হাত কী ব্যয় করেছে, বাম হাত তা জানতে পারে না।’ (বুখারি ১৪২৩)

টাইমলাইনের চেয়ে অন্তরের খবরই আসল

ফেসবুকের ওয়ালে হাজারো প্রশংসার ঝড় ওঠা খুব আনন্দের হতে পারে, কিন্তু সেই প্রশংসার আয়ু বড় ক্ষণস্থায়ী। আসল সার্থকতা হলো বাস্তব জীবনে একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হয়ে ওঠা এবং আল্লাহর দরবারে আমল কবুল হওয়া। পর্দার সামনে মানুষ কী দেখছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো— নিভৃতে আল্লাহ আপনার অন্তরের কোন গোপন কোণে কী দেখছেন। তাই প্রশংসার পেছনে না ছুটে, কাজের ভেতর লুকিয়ে রাখুন নির্ভেজাল ইখলাস— যাতে দুনিয়া ও আখেরাত, দুই জায়গাতেই আপনার আমল থাকে অটুট ও প্রাণবন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%