ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের ভিসার নামে কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে নাবিল ইউসুফ


শিক্ষার্থীদের ভিসার নামে কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে নাবিল ইউসুফ

শিক্ষার্থী ভিসায় বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার আসামি নাবিল ইউসুফ রাফির জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে আসামি নাবিল ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

পুলিশ আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করে, আসামি নাবিল ইউসুফ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের নির্দিষ্ট কৌশল, জড়িত অন্যান্য আসামিদের পরিচয় এবং আত্মসাৎ করা অর্থের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়া ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘ভিসাগাইড’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদী যারীন তাসনীমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। অভিযুক্ত ব্যক্তিরা বাদীসহ মোট ৩৬ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। বিনিময়ে তাদের চেক ও রসিদ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।

পরবর্তীতে গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তাদের না জানিয়ে কার্যালয়টি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। পূর্বাভাসে তারা আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পর্যালোচনা করে বলেছেন- মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় আবারও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। একই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে, এ সময়ের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসের শেষ দিন, রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। একই সময় সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাকারদের নতুন ফাঁদে এক ক্লিকেই সর্বনাশ, সতর্ক করল মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


হ্যাকারদের নতুন ফাঁদে এক ক্লিকেই সর্বনাশ, সতর্ক করল মাইক্রোসফট

 

আপনি যদি ভ্রমণের সময় হোটেলের বিনামূল্যের ওয়াই-ফাই ব্যবহার করে থাকেন, তবে এক ক্লিকের ভুলে আপনার ব্যক্তিগত তথ্য হারানোর আশঙ্কা রয়েছে, এমনকি আপনার স্মার্টফোন বা ল্যাপটপও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। খবরের সূত্র ম্যাশেবল।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট নতুন ধরণের একটি সাইবার হামলা সম্পর্কে সতর্কতার সঙ্গে ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, এই সাইবার অভিযানের নাম ‘ক্যাপটিভক্রাঞ্চ’। এর মাধ্যমে হ্যাকাররা হোটেল ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করছে। প্রতিষ্ঠানটির ধারণা, এ হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। চলতি বছরের মে মাস থেকে তারা এই কার্যক্রম নজরদারিতে রেখেছে।

মাইক্রোসফট জানাচ্ছে, ব্যবহারকারীরা যখন হোটেলের ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত হন, তখন অনেক সময় ভুয়া পপ-আপ বার্তার সম্মুখীন হন।

এসব বার্তাগুলো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের আপডেট হিসেবে উপস্থাপিত হলেও, প্রকৃতপক্ষে সেগুলো ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডের ফাঁদ।

যদি সেই সফটওয়্যারটি ডিভাইসে ইনস্টল হয়ে যায়, তাহলে হ্যাকাররা ব্যবহারকারীর পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি এবং দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণের মতো বিপজ্জনক কাজগুলো করতে পারে। এর ফলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

এই কারণে, হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করার সময় এতটুকু অপ্রত্যাশিত পপ-আপ বার্তা দেখা দিলে তাতে ক্লিক না করার জন্য মাইক্রোসফট পরামর্শ দিয়েছে।

বিশেষ করে, ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই যদি আপডেট বা সফটওয়্যার ইনস্টল করার অনুরোধ আসে, সেক্ষেত্রে সেটিকে সন্দেহজনক হিসেবে দেখা উচিত। সাইবার ঝুঁকি এড়াতে, ভ্রমণের সময় সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে নিজের মোবাইল হটস্পট বা নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের জন্যও মাইক্রোসফট পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে নড়াইলে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


নানা আয়োজনে নড়াইলে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নড়াইলে নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নাজমুল হুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া, এই দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না: রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না: রুমিন ফারহানা

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, 'কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।' এদিকে, তিনি এভাবে বক্তব্য প্রচার বন্ধের বিষয়টিও প্রশ্ন তুলে বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 'প্রত্যেকের হাতে গণমাধ্যম আছে, তারা চাইলে হাসিনার বক্তব্য শুনতে পারবে।'

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা আরও বলেন, 'গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতে গণমাধ্যম আছে। যারা শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?'

তিনি বলেন, 'উনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। উনার পরিবার এবং উনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। উনার পরিবারকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সব কিছু বিবেচনায় উনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, উনার দলের অবস্থা কী দাঁড়াবে বা উনার এত দিনের যে রাজনৈতিক ইতিহাস—সেটারই বা কী হবে। সব কিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে উনি ফিরে আসবেন।'

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, 'এটা দেশের আইন-শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি—সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।'

এদিকে, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়।

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে স্থানীয় বিএনপি। এরপর রুমিন ফারহানা সরাইলের পর আশুগঞ্জের অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে তিনি জুলাই আন্দোলনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%