ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ভুখা মিছিল


বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ভুখা মিছিল

বরিশালে একটি কারখানার শ্রমিক-কর্মচারীরা বকেয়া মজুরি, ভাতা পরিশোধের দাবিতে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।

মঙ্গলবার সকালে এই ভুখা মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে রূপাতলী গোলচত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধের পাশাপাশি কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের চাকরি ও স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

আরও পড়ুন: মেহেরপুরে বিএনপি’র উদ্যোগে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

বক্তারা সমাবেশে বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা না পেয়ে অনেক শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ ও তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

সমাবেশের সভাপতিত্ব করেন কারখানাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত প্রমুখ।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ৭৮৬ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ার অজেয় দেয়ালের সামনে মেসি: আজই কি ভেঙে পড়বে আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:৫৯ এম


আলজেরিয়ার অজেয় দেয়ালের সামনে মেসি: আজই কি ভেঙে পড়বে আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন?

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে যাচ্ছে আজ। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ জে এর প্রথম ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হচ্ছে আলজেরিয়ার সঙ্গে। কাগজে কলমে এগিয়ে থাকলেও আলবিসেলেস্তেদের জন্য প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

কারণ সাম্প্রতিক সময়ে আলজেরিয়া দুর্দান্ত ছন্দে রয়েছে। তারা নিজেদের শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছে, সঙ্গে তারা ১২ গোল করেছে এবং একটি গোলও হজম করেনি। এই পরিসংখ্যানই পরিষ্কারভাবে প্রতিফলিত করছে কেন দলটিকে বলা হচ্ছে নিশ্চিদ্র দেয়াল।

শেষ চার ম্যাচে আলজেরিয়ার ফলাফলও বিশেষভাবে নজরকাড়া। গুয়াতেমালাকে তারা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে, উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে হারিয়েছে এবং বলিভিয়াকে ৪-০ গোলে পরাজিত করার মাধ্যমে তারা আক্রমণ ও রক্ষা দুই দিকেই শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। ভ্লাদিমির পেটকোভিচের অধীনে তাদের দল এখন বেশ সংগঠিত ও আত্মবিশ্বাসী।

এদিকে, আর্জেন্টিনা তাদের সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসিকে সামনে রেখেই মাঠে নামবে। ৩৮ বছর বয়সে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। লিওনেল স্কালোনির অধীনে আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের নিয়ে গড়া দলটি এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড।

তবে, আর্জেন্টিনা শুরুতেই ধাক্কার স্মৃতি ভুলে যায়নি। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হার তাদের যথেষ্ট সতর্ক করে রেখেছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখতে পাওয়া গেছে বড় দলগুলো হোঁচট খাচ্ছে, তাই তারা আজকের ম্যাচে বাড়তি গুরুত্ব দিয়ে মাঠে নামবে।

আজকের ম্যাচে আলজেরিয়া শক্তির সঙ্গে রক্ষণ সাজাতে চাইবে এবং কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ নিতে চেষ্টা করবে। অন্যদিকে, আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষের রক্ষা ভাঙার চেষ্টা করবে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—আলজেরিয়ার টানা চার ম্যাচের ক্লিন শিট কি ভাঙতে পারবেন মেসি, আলভারেজরা, নাকি বিশ্বকাপের শুরুতেই চমক দেখাবে ডেজার্ট ফক্সেসরা?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে তরুণদের পারফরম্যান্সে কে এগিয়ে, কে পিছিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:০০ এম


বিশ্বকাপে তরুণদের পারফরম্যান্সে কে এগিয়ে, কে পিছিয়ে?

২০২৬ বিশ্বকাপের শুরুতে তরুণ ফুটবলাররা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ট্রান্সফারমার্কেটে যাদের উচ্চমূল্যের কারণে আগেই বাড়তি প্রত্যাশা ছিল, তাদের পারফরম্যান্স এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফুটবল বিশ্বে স্পেনের লামিন ইয়ামাল, তুরস্কের আরদা গুলের, কেনান ইলদিজ—এই তরুণদের নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। তবে তাঁদের প্রথম ম্যাচের পারফরম্যান্স বলছে, প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে এখনও বিশাল ব্যবধান রয়ে গেছে।

২০০ মিলিয়ন ইউরো বজারমূল্যের লামিন ইয়ামাল ইনজুরি কাটিয়ে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। তবে তিনি ম্যাচে কোনো বড় প্রভাব ফেলতে পারেননি। স্পেনও গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। আগামী ২১ জুন সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে তাঁকে শুরু থেকেই মাঠে নামানো হতে পারে।

তুরস্কের আরদা গুলের প্রথম ম্যাচেই পুরো ৯০ মিনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন। ৯৩ শতাংশ পাসিং অ্যাকুরেসিতে মাঝমাঠে নিজেদের নিয়ন্ত্রণ রাখলেও, তিনি দলকে হার থেকে রক্ষা করতে পারেননি। দ্বাদশ ০ ব্যবধানে ম্যাচটি হেরে যায় তুরস্ক।

একই ম্যাচে আক্রমণভাগে খেলছেন কেনান ইলদিজ। তবে অস্ট্রেলিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে তিনি ব্যর্থ হন। ফলে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।

তবে বিশ্বকাপের শুরুটা তরুণদের জন্য সহজ হয়নি। বাজারমূল্য যতই বড় হোক, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা সবচেয়ে কঠিন—প্রথম ম্যাচগুলো সেটিই আবারও টের করিয়েছে।

তবুও টুর্নামেন্ট এখন শুরুর পর্যায়ে রয়েছে। সামনে আরও ম্যাচ বাকি থাকায় এই তরুণদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে ইয়ামাল ও গুলের মত ফুটবলারদের কাছ থেকে এখনও বড় কিছু প্রত্যাশা করছে তাঁদের দল ও সমর্থকরা।

এই বিশ্বকাপ যে নতুন প্রজন্মের তারকা তৈরির মঞ্চ, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখতে হবে, কে এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিচয় পরবর্তী সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেল মালিকের হাতুড়ির আঘাতে কর্মচারী নিহত, আটক অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:০২ এম


হোটেল মালিকের হাতুড়ির আঘাতে কর্মচারী নিহত, আটক অভিযুক্ত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হাতুড়ি দ্বারা পিটিয়ে শাওন (২৫) নামের এক কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় হঠাৎ করে মিজানুর রহমান মনু হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে শাওনের ওপর হামলা করেন। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েকটি আঘাত করেন।

এতে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই শাওন মাটিতে লুটিয়ে পড়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, আমরা হঠাৎ চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে দেখি শাওনকে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। পরে সে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে পাঠায়, কিন্তু চিকিৎসক জানান, সে মারা গেছে।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তবে অভিযুক্তের পরিবারের দাবি, মিজানুর রহমান মনু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাদের দাবি, এই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি প্রকৃতপক্ষে মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, খবর পাওয়ার পরপরই অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ, কর্মস্থল সংক্রান্ত দ্বন্দ্ব অথবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে বিস্তারিত তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বাধা পেরিয়ে নগর উন্নয়নে এগিয়ে যাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:০৮ এম


সব বাধা পেরিয়ে নগর উন্নয়নে এগিয়ে যাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে যত বাধা-বিপত্তি এবং ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান রাখা হবে।

রাজধানীর মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত ‘শিশু সুরক্ষায় শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ‘৪১ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য বাধা-বিপত্তি অতিক্রম করে আজকের অবস্থানে এসেছি। ভালো কাজের পথে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু থেমে থাকলে চলবে না; সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, একসময় অবশ্যই সফল হব।’

তিনি নগর উন্নয়নে শিশু, অভিভাবক এবং নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বাসা-বাড়ি, ছাদ, ছাদবাগান এবং আশপাশের স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

তিনি বলেন, 'ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা' বাস্তবায়ন করতে হলে আগে নগরকে পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে।

শিশু সুরক্ষা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করে শফিকুল ইসলাম খান বলেন, লেগুনা, রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীলতা এবং বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক এবং উন্নয়নমূলক সংবাদ প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি ডিএনসিসির জনসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%