মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:১৬ পি.এম
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন বাসিন্দা টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়।
পরে স্থানীয়রা ওই বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা দেখতে পান। তাদের দাবি, সেখান থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে পাঁচ দিনের যৌথ নৌমহড়া শেষ করে দক্ষিণ কোরিয়া।
গত মাসে দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিতব্য ‘ফ্রিডম এজ’ নামে পরিচিত এই যৌথ মহড়ার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছিল পিয়ংইয়ং।
উত্তর কোরিয়া একে দেশটির এবং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘পূর্ব উপকূলের ওয়নসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ছোড়া একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ শনাক্ত করেছে।
পূর্ব সাগর নামেও পরিচিত এই জলভাগকে জাপান সাগর বলা হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করা হয়। এগুলো প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ অতিক্রম করে।
জেসিএস জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রাথমিক পর্যায় থেকেই সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ ও তথ্য বিনিময় করে আসছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে জাপানের সঙ্গেও তথ্য আদান-প্রদান করা হয়েছে।’
এর আগে সর্বশেষ ২০ আগস্ট উত্তর কোরিয়া সমুদ্রে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।
তবে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগের কিছু লক্ষণ দেখা যাওয়ায় দুই দেশের শীর্ষ বৈঠক ‘যেকোনো সময়’ হতে পারে বলে মনে হচ্ছে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। একবার তিনি কিমের সঙ্গে তার সম্পর্ককে ‘প্রেমে পড়েছি’ বলেও মন্তব্য করেছিলেন।
ওই উচ্চপর্যায়ের বৈঠকগুলোর লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে একটি চুক্তিতে পৌঁছানো।
তবে শেষ পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের তরুণ এবং শিক্ষার্থীরা সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদরাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদরাসাসহ আড়াই কোটি।
তিনি বলেন, এবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ— আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে দেশটা কীভাবে আমরা গড়ে তুলবো। এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে কারণ এই দেশে আমরা সকলে থাকবো।
সবাই একত্র হয়ে দেশকে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।
সরকারপ্রধান বলেন, আজকে এই যে আমরা এখানে একত্র হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে, সারা দেশের সবগুলো জেলাতে মিলিয়ে লাখ লাখ মানুষ যারা আমরা একত্র হয়েছি, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্র হয়েছি যে, আমরা আমাদের দেশকে পরিষ্কার করবো, আবর্জনা মুক্ত করার চেষ্টা করবো।
বক্তব্যে তরুণদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই যে সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজেই আসেন, আজকে আমরা এখানে একত্র হয়েছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করবো। হয়তো আমরা ১০০ ভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারবো।
তারেক রহমান বলেন, আমি এই যে যেই কথাটা বলেছি— ২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কী করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান— আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া।
মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয় অন্যতম বড় সাফল্য। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে এই জয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ শনিবার থেকে আগামী ৮-১০ দিন দেশের বৃষ্টিপাতের প্রবণতা এবং পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটিএ) জানিয়েছে, দিনে রোদের উপস্থিতি এবং গরমের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
এই সময় দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় হতে পারে এবং সারাদেশে কমবেশি ভ্যাপসা গরমের তীব্রতা বজায় থাকার আশঙ্কা রয়েছে, যা অনেকের কাছে অসহনীয় মনে হতে পারে। সংস্থাটি জানিয়েছে, দিনভেদে সারাদেশে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা এবং কিছু জেলায় সারাদিনই রোদ থাকতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এসব তথ্য প্রকাশ করে।
বিডব্লিউওটি জানায়, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে গরমের তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াপাড়া, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর, নীলফামারী এবং এর আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এ ছাড়া, দু-একটি জেলায় তাপমাত্রা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে।
সংস্থাটি জানায়, এই সময়ে সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা অনেক কমে আসবে, তবে তা একদমই বন্ধ হবে না। মাঝেমধ্যে হঠাৎ করে কিছু জায়গায় বজ্রবৃষ্টির ঝুঁকি থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তুলনায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। ১৩ থেকে ২২ তারিখের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় দিনে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকার পাশাপাশি এই সময়ে গড়ে ২ থেকে ৪ দিন দুপুর, বিকেল বা রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই চার বিভাগের অনেক জেলায় ৪ থেকে ৬ দিন বৃষ্টিবিহীন কাটবে। অন্যদিকে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা আরও কম এবং রোদের তীব্রতা বেশি থাকবে। এসব বিভাগের বেশিরভাগ জেলায় আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে বিরতি দিয়ে দিয়ে গড়ে ৫ থেকে ৭ দিন পুরোপুরি বৃষ্টিবিহীন থাকার সম্ভাবনা রয়েছে। অল্প সময়ের জন্য হঠাৎ বজ্রবৃষ্টি হলেও এর আগে-পরে দিনের বেশিরভাগ সময় রোদ এবং ভ্যাপসা গরম বিদ্যমান থাকবে।
সাধারণ জনগণের জন্য বিডব্লিউওটি পরামর্শ দিয়ে জানায়, চলতি মৌসুমে যারা রোদের ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাজ সারতে চান, তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও আদর্শ সময় হতে যাচ্ছে। বিশেষ করে যেসব কৃষকের ধান কাটার উপযুক্ত হয়ে গেছে, তারা আবহাওয়ার স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে এই সময়ের মধ্যে ধান কাটার কাজ দ্রুত এগিয়ে নিতে পারেন। মাসের শেষদিকে আবারও বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা থাকায় এখনকার তুলনামূলক শুষ্ক সময়টি কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পর্যটকদের জন্য সুসংবাদ এবং পর্যটন কেন্দ্রগুলোর অবস্থা বিষয়ে সংস্থাটি জানায়, দেশের বেশিরভাগ জেলায় আবহাওয়া তুলনামূলক ভালো ও রৌদ্রোজ্জ্বল থাকার কারণে এটি ভ্রমণের জন্য বেশ উপযোগী হতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলসহ বেশ কিছু আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়ানোর জন্য এটি চমৎকার সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাগরের পরিস্থিতি ও নতুন লঘুচাপের শঙ্কার বিষয়ে সতর্কতা জানিয়ে ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, সাগরে বর্তমানে একটি লঘুচাপ রয়েছে, তবে আজ রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আগামী ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে সাগরে আবারও নতুন করে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সাগর নতুন করে উত্তাল হতে পারে। সেই কারণে সাগরে যাওয়ার আগে আবহাওয়ার পরিস্থিতি জেনে যাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ