০৬:৪৪ এম
পেঁপে একটি ফল, যা পাকা ও কাঁচা উভয় অবস্থাতেই পুষ্টিগুণে ভরপুর। সারা বছর সহজলভ্য এই ফলে ফাইবার, ভিটামিন এ, সি ও ই, ভিটামিন বি৯, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খেলে হজমশক্তি উন্নত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরকে সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অম্বলের সমস্যাগুলো কমাতে সাহায্য করে। পেঁপেতে থাকা ‘প্যাপেইন’ এনজাইম খাবার দ্রুত হজমে সহায়ক। তাই প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পুষ্টিবিদদের পক্ষ থেকে।
এই ফলের ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কাজ করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণসমৃদ্ধ পেঁপে শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগ ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
আরও পড়ুন: বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা
ত্বকের যত্নেও পেঁপে কার্যকর। এতে থাকা ভিটামিন এ, সি ও ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এবং অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও পেঁপের পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য পেঁপে উপকারী। এতে ক্যালোরি কম থাকায় এবং ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে। এছাড়া পেঁপেতে থাকা পটাশিয়াম ও আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষায়ও উপকারী।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে পেঁপে খেতে পারেন, কারণ এতে শর্করার পরিমাণ তুলনামূলক কম থাকে।
তবে পেঁপে সবার জন্য সমান উপযোগী নয়। যাদের পেঁপেতে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এটি এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে থাকা ল্যাটেক্স গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়, নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পুষ্টিবিদদের পরামর্শ হল, অতিরিক্ত নয়, বরং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া সবচেয়ে উপকারী। বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে নিয়মিত পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন