মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৫ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগণের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব দিতে হবে। এজন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতাম, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে।’
আরো পড়ুন
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
ড. আবদুল মঈন খান বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
নৌকাবাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী নৌকাবাইচ পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও রাতভর পাল্টাপাল্টি দূরপাল্লার হামলা সংঘটিত হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। এই হামলার ফলে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। একই সময়ে, ইউক্রেন রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনাও রয়েছে। তবে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকছেন না।
যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই জেলেনস্কি মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনের প্রতি দুই দলের সমর্থনের জন্য তিনি সিনেটরদের ধন্যবাদ জানান। রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার একটি বিল পাস করায় তাদের প্রশংসা করেন তিনি। ট্রাম্প এই বিলটিতে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন।
জেলেনস্কি মন্তব্য করেন, "নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি কার্যকর হলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথ আরো সহজ হবে।" সিনেটরদের সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধের উত্তেজনা কমানোর জন্য তার প্রস্তাবগুলোও তুলে ধরেন।
এছাড়া, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইউক্রেনের আরো মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছে কিয়েভ। তিনি ট্রাম্পের কাছে এসব ব্যবস্থা সরবরাহের অনুরোধ জানাবেন।
ইউক্রেনের শস্য ও অন্যান্য কৃষিপণ্য যাতে কৃষ্ণসাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সমর্থনও চাইছেন জেলেনস্কি। রাশিয়ার হামলার কারণে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইউক্রেনের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির অর্থনীতিতে চাপ বাড়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো রক্ষায় ফ্রান্স আরো রাডার সরবরাহ করবে। ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ এবং কৃষ্ণসাগরে হামলা বন্ধে সাময়িক বিরতির সম্ভাবনাও উঠে এসেছে বলে তিনি জানান।
অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ। তার দাবি, শিল্প স্থাপনাগুলো হামলার লক্ষ্য ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ১৪টি রুশ অঞ্চল ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ২৯৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রুশ হামলায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা জানান, দনিপ্রো শহরে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। বিভিন্ন অঞ্চলে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। কিয়েভেও পাঁচজন আহত হওয়ার খবর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দাবি করেছে, ইউক্রেনের চারটি অঞ্চলে ধাতব ও রাসায়নিক শিল্প, জ্বালানি ও বিদ্যুৎ খাত, সামরিক শিল্প এবং পোর্ট অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। কিয়েভের একটি ফায়ার পয়েন্ট কারখানা এবং পোলতাভা অঞ্চলের একটি তামাক কারখানাও হামলার লক্ষ্য ছিল বলে মস্কো দাবি করেছে।
সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে যে, যুদ্ধের সম্মুখসারিতে বড় পরিবর্তন না এলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে, জেলেনস্কি আন্তর্জাতিক সমর্থন অর্জন এবং যুদ্ধের উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন, তবে বৈঠক বা এর সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
মঙ্গলবার এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করার জন্য উন্মুক্ত রয়েছে। তবে বৈঠকটি আয়োজনের বিষয়টি তখনই গুরুত্ব পাবে যখন এমন আলোচনা ইতিবাচক ফলাফল নিয়ে আসার সম্ভাবনা থাকবে।
এই ধরনের আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। রুবিও আরও বলেন, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
বিশ্বনেতারা বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সমবেত হচ্ছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা সামনে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হয়েছে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য আরও বেশি সেবা নিশ্চিত করবে, এমনটি জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি উল্লেখ করেছেন, এনডিএর মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কাজ করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমাদের সরকার আসার পরে রাজউকের যে একটি বড় সীমানা ছিল, সেই তুলনায় এত জনবল ছিল না। যার জন্য নতুন করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। যেন স্থানীয়রা আরও বেশি সেবা পেতে পারে। মানুষকে সেবা দিতে গেলে জনবল লাগবে।’
রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে জাকারিয়া তাহের সুমন বলেন, ‘এই সরকার আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। রাজউকে আগে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর করতে মেইন ক্লিয়ারেন্স লাগত। এখন সেটি লাগে না। একবার যদি আপনার নামে মিউটেশন হয়ে যায়, তাহলে আর যেতে হবে না।’
তিনি জানান, সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল করা হচ্ছে। ‘আমরা প্রচুর পরিমাণে ডিজিটালে যাচ্ছি। চেষ্টা করছি যেন যেকোনো পরিকল্পনা ২৪ দিনের মধ্যে পাস হয়। আমরা আপনাদের এতটুকু আশা দিতে পারি, আগের রাজউকের থেকে আগামী রাজউক অনেক পরিবর্তনশীল হবে।’
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএর আইন পাস হয়েছে এবং কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তিনি বলেন, ‘এনডিএ যে কর্তৃপক্ষ তৈরি হলো, এটি গণপূর্ত থেকেই হলো এবং এটি নারায়ণগঞ্জবাসীর জন্যই করা হয়েছে। যেন নারায়ণগঞ্জবাসী আরও বেশি সেবা পায়। একই সঙ্গে যেন একটি পরিকল্পিত নগর তৈরি করতে পারি।’
মন্ত্রী জানান, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ আলাদা বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে। সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে।
এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে। মন্ত্রী বলেন, কর্তৃপক্ষের একটি সীমানা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে কি না, তা দেখা হচ্ছে। ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোও এ ক্ষেত্রে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, ‘সরকার এসবকিছু চিন্তাভাবনা করেই করেছে। এই সিদ্ধান্ত গত সরকারের আমলে হয়েছে। যেকোনো প্রকল্প হতে সময় লাগে। এটি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল। এনডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, দেখছি কী করা যায়।’ মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সহজ ও বেশি সেবা নিশ্চিত করাই এনডিএ গঠনের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান আবারও প্রতিষ্ঠালগ্নের নাম ফিরে পেতে যাচ্ছে। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে নতুনভাবে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন করা হয়েছে।
এ তথ্যটি সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীন ঢাকা জেলার রমনা থানাধীন ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’, ৫২, সিদ্ধেশ্বরী, ঢাকা এর নাম বাতিলপূর্বক প্রতিষ্ঠালগ্নের নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নামে নামকরণের বিষয়ে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’
এছাড়া, অফিস আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২০২৩ সালে স্কুলটির নাম পরিবর্তন করে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মায়ের নামে নামকরণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ