ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জনসহ আটক ১৮১


কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জনসহ আটক ১৮১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মীসহ মোট ১৮১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন: ‎‘মিথ্যা অভিযোগে’ হয়রানি, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চাইলেন সাইমুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মন্তব্য করেছেন, কিশোর গ্যাং, মাদক এবং ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি বিপথগামী কিশোরদের সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও পুলিশ কাজ করছে। অভিযান চলাকালে নিরীহ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

আরও পড়ুন: রোটারি ক্লাব অফ সিলেটের আয়োজনে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ সেমিনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইব্রাহিম রেলকে বিনামূল্যে টিকিটিং অ্যাপ দিতে চান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


ইব্রাহিম রেলকে বিনামূল্যে টিকিটিং অ্যাপ দিতে চান

বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই, যেমন টিকিট কাটতে গিয়ে ভোগান্তি, অনলাইনে টিকিট না পাওয়া, কালোবাজারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ। এসব সমস্যার সমাধানের লক্ষ্যে একটি অ্যাপ তৈরি করেছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা। তিনি ছয় মাসের পরিশ্রমে তৈরি অ্যাপটি সরকারকে বিনামূল্যে উপহার দিতে চান।

মো. ইব্রাহিম মোল্লা রাজশাহীতে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে তিনি ভোগান্তিতে পড়েন। অনলাইনে টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সব আসন শেষ হয়ে যায়। কাউন্টারেও টিকিট নেই। অথচ স্টেশনের বাইরে একজন ব্যক্তি ৫০০ টাকা বেশি দিয়ে টিকিট দেওয়ার প্রস্তাব দেন। একজন সাধারণ যাত্রীর এই অভিজ্ঞতা তার চিন্তা বদলে দেয়। টিকিট না পাওয়ার সমস্যার পেছনে কী ঘটছে, তা খুঁজতে গিয়ে তার মনে প্রশ্ন জাগে, পুরো ব্যবস্থাটিই যদি সরকারের নিজস্ব নিয়ন্ত্রণে আনা যায়! সেই ভাবনা থেকেই তার উদ্যোগ শুরু হয়।

প্রায় ছয় মাসের একক প্রচেষ্টায় তিনি বাংলাদেশ রেলওয়ের জন্য একটি পূর্ণাঙ্গ অনলাইন টিকিটিং অ্যাপ তৈরি করেন। তার ইচ্ছা, কোনো অর্থ ছাড়াই অ্যাপটি সরকারের হাতে তুলে দেবেন।

টিকিটের টাকার ভাগ যায় কোথায়

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থা ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে পরিচালনা করছে সহজ-সিনেসিস-ভিনসেন যৌথ উদ্যোগ। পাঁচ বছর মেয়াদি চুক্তির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। বর্তমানে অনলাইনে প্রতিটি টিকিটের বিপরীতে যাত্রীকে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। এর মধ্যে বেসরকারি অপারেটরের কমিশন ৬ টাকা ৫০ পয়সা। ব্যাংক ও পেমেন্ট মাধ্যম পায় ৬ টাকা ৫০ পয়সা, ভ্যাট বাবদ যায় ৩ টাকা এবং রেলওয়ে কল্যাণ তহবিলে জমা হয় ৪ টাকা। রেলওয়েতে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ টিকিট বিক্রি হয়। এর অর্ধেক অনলাইনে বিক্রি হলে শুধু অনলাইন টিকিটের কমিশন বাবদ বছরে প্রায় ২৪ কোটি টাকা যায় বেসরকারি অপারেটরের কাছে। ইব্রাহিমের প্রশ্ন, রেলের নিজস্ব সক্ষমতা থাকলে এই অর্থ কেন অন্য প্রতিষ্ঠানের কাছে যাবে?

তার মতে, বিষয়টি শুধু অর্থের নয়; যাত্রীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও ভ্রমণের তথ্যও তৃতীয় পক্ষের ব্যবস্থাপনায় থাকছে। ফলে তথ্যের নিরাপত্তা এবং সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন থেকে যায়।

কালোবাজারি ঠেকাতে যাত্রীর ছবির প্রস্তাব

ইব্রাহিম মনে করেন, রেলের টিকিট কালোবাজারির সমস্যা দুটি স্তরে কাজ করে। একদিকে সিস্টেমের ভেতরের অনিয়ম, অন্যদিকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট সংগ্রহ ও বেশি দামে বিক্রি।

চলতি বছরের অক্টোবরে রেলওয়ের এক অডিটে বট ব্যবহার করে টিকিট আটকে রাখা এবং প্রায় ১৬৯টি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের অস্তিত্বের বিষয়টি উঠে এসেছে। বিক্রি শুরুর আগেই এসব অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট আটকে রাখার সুযোগ ছিল বলে অডিটে উল্লেখ করা হয়। এছাড়া ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা অনাদায়ি জরিমানার বিষয়টিও সামনে আসে। প্রায় ১০ হাজার সন্দেহভাজন মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে রেলওয়ে।

এ ধরনের অনিয়ম ঠেকাতে ইব্রাহিমের প্রস্তাব, টিকিটের সঙ্গে যাত্রীর ছবি যুক্ত করা। টিকিট কাটার সময় ছবি দিলে ট্রেনের টিকিট পরীক্ষক সেই ছবি ও যাত্রীর চেহারা মিলিয়ে দেখতে পারবেন। এতে অন্যের টিকিট ব্যবহার এবং একাধিক অ্যাকাউন্ট থেকে টিকিট কিনে বেশি দামে বিক্রির সুযোগ কমবে বলে তার ধারণা।

বিশ্বের অনেক দেশেই টিকিটিং সরকারের হাতে

ইব্রাহিমের প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক উদাহরণও। ভারতে রেল মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা আইআরসিটিসি অনলাইনে টিকিট বিক্রি করে। চীনে রাষ্ট্রীয় রেলওয়ে পরিচালনা করে ১২৩০৬ প্ল্যাটফর্ম। ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশেও রাষ্ট্রীয় রেল সংস্থাগুলো নিজেদের টিকিটিং ব্যবস্থা পরিচালনা করে।

অর্থাৎ রেলওয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে থাকলেও টিকিটিং ব্যবস্থা পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা অপরিহার্য নয়। ইব্রাহিমের মতে, বাংলাদেশের ক্ষেত্রেও এ পরিবর্তন সম্ভব।

সরকারের পরিকল্পনার সঙ্গে মিল

রেলওয়ের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ২০২৬ সালের ২৬ অক্টোবর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানায়, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন টেন্ডার আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তি নবায়নের পরিকল্পনা নেই। নিজস্ব আইটি সক্ষমতা গড়ে তুলতে ৪৯টি পদের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ইব্রাহিমের বক্তব্য, শুধু প্রতিষ্ঠান বা ভেন্ডর পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। তার ভাষায়, ‘ভেন্ডর বদলেছে, সমস্যা বদলায়নি। কারণ সমস্যা ভেন্ডরে নয়, কাঠামোতে।’ তার মতে, সিস্টেম, তথ্য ও নিয়ন্ত্রণ সরকারের হাতে না আসা পর্যন্ত একই ধরনের অভিযোগ ফিরে আসবে।

টিকিটিং থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থাপনা

ইব্রাহিমের পরিকল্পনা শুধু অনলাইন টিকিট বিক্রিতে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে যাত্রীদের অভিযোগ গ্রহণ, অভিযোগের ভিত্তিতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা এবং ট্রেন চলাচলের তথ্যও একই প্ল্যাটফর্মে যুক্ত করতে চান তিনি। তবে এই টিকিটিং অ্যাপ দিয়ে ট্রেনের সিগন্যাল নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা নেই। এতে শুধু ট্রেন চলাচলের তথ্য পর্যবেক্ষণ করা যাবে।

প্রাথমিকভাবে রেলওয়ের নিজস্ব আইটি সেলের মাধ্যমে অ্যাপটি পরিচালনার প্রস্তাব দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি গঠন করে পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে সেবার আয় সরকারের কোষাগারে জমা হবে এবং ভবিষ্যতে যাত্রীদের সার্ভিস চার্জ কমানোর সুযোগ তৈরি হবে।

অপেক্ষায় সরকারের সিদ্ধান্ত

ইব্রাহিম জানিয়েছেন, রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে অ্যাপটি বিনামূল্যে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। তবে এখনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সাড়া পাননি।

তার দাবি, অ্যাপটি তৈরি হলেও সরকারের চাহিদা অনুযায়ী এতে পরিবর্তন আনতে তিনি প্রস্তুত। টেন্ডারের মতোই স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপটির কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা যাচাই করা যেতে পারে। সরকার অ্যাপটি গ্রহণ করলে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণেও পাশে থাকতে চান তিনি।

একজন শিক্ষার্থীর তৈরি একটি অ্যাপ রেলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবে কি না, তা নির্ভর করবে এর কারিগরি সক্ষমতা, নিরাপত্তা যাচাই ও বাস্তবায়নের ওপর। তবে ইব্রাহিমের উদ্যোগ অন্তত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—জনগণের অর্থে পরিচালিত রেলওয়ের টিকিটিং ব্যবস্থা এবং যাত্রীদের তথ্যের নিয়ন্ত্রণ কেন পুরোপুরি সরকারের হাতে থাকবে না?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ইসি: ইউপি নির্বাচনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ইসি: ইউপি নির্বাচনের প্রস্তুতি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে ইসির পক্ষ থেকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গে এই তিন দিনের আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি একা যথেষ্ট নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—এই চার পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজন এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করে।

এদিকে, নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা হয়।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশন পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা নিশ্চিত করতে চায় ইসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারী সিদ্দিকী নেই ৯ বছর, স্মৃতিতে রয়ে গেছে তার মায়াবী সুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


বারী সিদ্দিকী নেই ৯ বছর, স্মৃতিতে রয়ে গেছে তার মায়াবী সুর

কিছু কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে, সময়ের সীমানা পেরিয়ে। কিছু সুর মানুষের আবেগ, স্মৃতি এবং ভালোবাসায় মিশে যায়। বারী সিদ্দিকী ছিলেন এমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। আজ তার প্রয়াণের নয় বছর পূর্ণ হলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ এবং ‘শুয়া চান পাখি’—এমন অসংখ্য হৃদয়স্পর্শী গান উপহার দিয়ে বাংলা গানের জগতে বারী সিদ্দিকী স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। জলছলছল হাওর এবং লিলুয়া বাতাসের সেই সুর আজও শ্রোতাদের আবেগে নাড়া দেয়।

শৈশব থেকেই সংগীতের প্রতি ভালোবাসা

বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি জেলা সদরের কারলিতে ‘বাউল বাড়ি’ প্রতিষ্ঠা করেন। তার বাবা মহরম আলী এবং মা প্রয়াত জহুর-উন-নিসা। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

শৈশব থেকেই সংগীতের প্রতি বারীর ভালোবাসা শুরু হয়। যখন তার বয়স তিন-চার বছর, তখন মায়ের কণ্ঠে প্রথম শোনা ‘শাশুড়িরেও কইয়ো গিয়া’ গানটি তার মনে গভীরভাবে দাগ কাটে। যদিও পরিবারে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতচর্চার পরিবেশ ছিল না, তবে সৌখিনভাবে গানবাজনার চর্চা চলত। পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিতে গিয়ে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ জন্মায় তার।

বড় ভাইদের অনুকরণ করে ছোটবেলায় বাঁশি বাজানোর চেষ্টা করতেন বারী। বাঁশি ও গান শেখার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মা। নেত্রকোনায় বাঁশি শেখার তেমন সুযোগ ছিল না। তবে সাত-আট বছর বয়সে মায়ের কাছেই গান শেখা শুরু করেন তিনি।

মায়ের কাছ থেকে শেখা একটি গানের সুর পরবর্তী সময়ে তার সংগীতজীবনে বিশেষ স্থান করে নেয়। সেই সুরটি ব্যবহার করেছিলেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে। শ্যাম বিচ্ছেদের সেই সুরের কথাগুলো ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।

হাইস্কুলে পড়ার সময় থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম নিতে শুরু করেন বারী সিদ্দিকী। তার ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ এবং হযরত আলীর কাছ থেকেও সংগীতে সহযোগিতা পেয়েছেন। সেই সময় থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

বাঁশির সুরে দেশ-বিদেশে পরিচিতি

১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের একটি অনুষ্ঠানে ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে পরিচয় ঘটে। পেশায় পাইলট আমিনুর রহমান ছিলেন ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য। তার বাড়িতে থেকেই দিনের পর দিন বাঁশির তালিম নেন বারী। সেখানে তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী এবং ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সান্নিধ্য লাভ করেন।

বাঁশি শেখার জন্য ভারতের পুনেতেও গিয়েছিলেন তিনি। সেখানে পণ্ডিত বিজি কারনাডের কাছে তালিম নেন। সংগীতচর্চার ধারাবাহিকতায় একসময় শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ সম্মিলিত একটি যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর সরকারি সহযোগিতায় দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে বাঁশি বাজানোর সুযোগ পান।

ধীরে ধীরে বংশীবাদক হিসেবে পরিচিতি বাড়তে থাকে বারী সিদ্দিকীর। উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আয়োজনে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এটি ছিল একটি উল্লেখযোগ্য অর্জন।

পেশাগতভাবে ১৯৮০ সালে বাঁশি বাজানো শুরু করেন বারী। ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার আগে প্রায় দুই দশক বংশীবাদক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ায় দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে আসে। তখন কণ্ঠশিল্পী হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন।

হুমায়ূন আহমেদের হাত ধরে গায়ক হিসেবে বারী সিদ্দিকীর উত্থান ঘটে। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর তার জীবনের মোড় ঘুরে যায়। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় বাঁশি বাজাতে গিয়েছিলেন বারী। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও পরিবেশন করেন। হুমায়ূন আহমেদ তার গান শুনে মুগ্ধ হন এবং আরও গান গাইতে উৎসাহ দেন।

১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এর পরপরই হুমায়ূন আহমেদ তাকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই চলচ্চিত্রের গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি।

চলচ্চিত্রের গানে সাফল্যের পর বাজারে আসে তার দুটি একক অ্যালবাম—‘দুঃখ রইলো মনে’ এবং ‘অপরাধী হইলেও আমি তোর’। দুটি অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশেষ করে উকিল মুন্সীর লেখা গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে বারী দারুণ উচ্ছ্বসিত ছিলেন।

এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘হুমায়ূন স্যার আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।’

গায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেলেও বারী সিদ্দিকী বরাবরই বংশীবাদক পরিচয়টিকে প্রাধান্য দিতেন। বাঁশির প্রতি তার ভালোবাসা ছিল আমৃত্যু।

অভিনয়েও দেখা গেছে তাকে

সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে বারী সিদ্দিকীকে। ‘মাটির পিঞ্জিরা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকেও অভিনয় করেন। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেননি। মূলত অনুরোধে এবং শখের বশেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শিল্পী।

সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়। কিন্তু কিছু কণ্ঠ, কিছু সুর চিরকাল থেকে যায়। বারী সিদ্দিকী তেমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে তিনি যে ভালোবাসার জায়গা তৈরি করে গেছেন, নয় বছর পরও তা অমলিন। তার নশ্বর দেহ না থাকলেও গানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক সোহেল নাদীম শিমুকে (৪০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল নড়াইল শহরের মহিষখোলা এলাকার বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় স্কুলশিক্ষক শিমুর দেহ ও বসতঘর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ২৫ এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে দুই প্যাকেটে ৫০ পিসসহ মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নাদীম শিমু জানিয়েছেন, তিনি নড়াইল সদর উপজেলার বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারী নির্যাতন মামলায় গত ৫ মে থেকে চাকরিতে সাময়িক বরখাস্ত আছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%