মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে ইসির পক্ষ থেকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।
আখতার আহমেদ উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গে এই তিন দিনের আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি একা যথেষ্ট নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—এই চার পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজন এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করে।
এদিকে, নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা নিশ্চিত করতে চায় ইসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিছু কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে, সময়ের সীমানা পেরিয়ে। কিছু সুর মানুষের আবেগ, স্মৃতি এবং ভালোবাসায় মিশে যায়। বারী সিদ্দিকী ছিলেন এমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। আজ তার প্রয়াণের নয় বছর পূর্ণ হলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ এবং ‘শুয়া চান পাখি’—এমন অসংখ্য হৃদয়স্পর্শী গান উপহার দিয়ে বাংলা গানের জগতে বারী সিদ্দিকী স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। জলছলছল হাওর এবং লিলুয়া বাতাসের সেই সুর আজও শ্রোতাদের আবেগে নাড়া দেয়।
শৈশব থেকেই সংগীতের প্রতি ভালোবাসা
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি জেলা সদরের কারলিতে ‘বাউল বাড়ি’ প্রতিষ্ঠা করেন। তার বাবা মহরম আলী এবং মা প্রয়াত জহুর-উন-নিসা। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
শৈশব থেকেই সংগীতের প্রতি বারীর ভালোবাসা শুরু হয়। যখন তার বয়স তিন-চার বছর, তখন মায়ের কণ্ঠে প্রথম শোনা ‘শাশুড়িরেও কইয়ো গিয়া’ গানটি তার মনে গভীরভাবে দাগ কাটে। যদিও পরিবারে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতচর্চার পরিবেশ ছিল না, তবে সৌখিনভাবে গানবাজনার চর্চা চলত। পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিতে গিয়ে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ জন্মায় তার।
বড় ভাইদের অনুকরণ করে ছোটবেলায় বাঁশি বাজানোর চেষ্টা করতেন বারী। বাঁশি ও গান শেখার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মা। নেত্রকোনায় বাঁশি শেখার তেমন সুযোগ ছিল না। তবে সাত-আট বছর বয়সে মায়ের কাছেই গান শেখা শুরু করেন তিনি।
মায়ের কাছ থেকে শেখা একটি গানের সুর পরবর্তী সময়ে তার সংগীতজীবনে বিশেষ স্থান করে নেয়। সেই সুরটি ব্যবহার করেছিলেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে। শ্যাম বিচ্ছেদের সেই সুরের কথাগুলো ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।
হাইস্কুলে পড়ার সময় থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম নিতে শুরু করেন বারী সিদ্দিকী। তার ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ এবং হযরত আলীর কাছ থেকেও সংগীতে সহযোগিতা পেয়েছেন। সেই সময় থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
বাঁশির সুরে দেশ-বিদেশে পরিচিতি
১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের একটি অনুষ্ঠানে ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে পরিচয় ঘটে। পেশায় পাইলট আমিনুর রহমান ছিলেন ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য। তার বাড়িতে থেকেই দিনের পর দিন বাঁশির তালিম নেন বারী। সেখানে তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী এবং ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সান্নিধ্য লাভ করেন।
বাঁশি শেখার জন্য ভারতের পুনেতেও গিয়েছিলেন তিনি। সেখানে পণ্ডিত বিজি কারনাডের কাছে তালিম নেন। সংগীতচর্চার ধারাবাহিকতায় একসময় শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ সম্মিলিত একটি যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর সরকারি সহযোগিতায় দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে বাঁশি বাজানোর সুযোগ পান।
ধীরে ধীরে বংশীবাদক হিসেবে পরিচিতি বাড়তে থাকে বারী সিদ্দিকীর। উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আয়োজনে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এটি ছিল একটি উল্লেখযোগ্য অর্জন।
পেশাগতভাবে ১৯৮০ সালে বাঁশি বাজানো শুরু করেন বারী। ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার আগে প্রায় দুই দশক বংশীবাদক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ায় দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে আসে। তখন কণ্ঠশিল্পী হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন।
হুমায়ূন আহমেদের হাত ধরে গায়ক হিসেবে বারী সিদ্দিকীর উত্থান ঘটে। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর তার জীবনের মোড় ঘুরে যায়। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় বাঁশি বাজাতে গিয়েছিলেন বারী। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও পরিবেশন করেন। হুমায়ূন আহমেদ তার গান শুনে মুগ্ধ হন এবং আরও গান গাইতে উৎসাহ দেন।
১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এর পরপরই হুমায়ূন আহমেদ তাকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই চলচ্চিত্রের গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি।
চলচ্চিত্রের গানে সাফল্যের পর বাজারে আসে তার দুটি একক অ্যালবাম—‘দুঃখ রইলো মনে’ এবং ‘অপরাধী হইলেও আমি তোর’। দুটি অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশেষ করে উকিল মুন্সীর লেখা গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে বারী দারুণ উচ্ছ্বসিত ছিলেন।
এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘হুমায়ূন স্যার আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।’
গায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেলেও বারী সিদ্দিকী বরাবরই বংশীবাদক পরিচয়টিকে প্রাধান্য দিতেন। বাঁশির প্রতি তার ভালোবাসা ছিল আমৃত্যু।
অভিনয়েও দেখা গেছে তাকে
সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে বারী সিদ্দিকীকে। ‘মাটির পিঞ্জিরা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকেও অভিনয় করেন। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেননি। মূলত অনুরোধে এবং শখের বশেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শিল্পী।
সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়। কিন্তু কিছু কণ্ঠ, কিছু সুর চিরকাল থেকে যায়। বারী সিদ্দিকী তেমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে তিনি যে ভালোবাসার জায়গা তৈরি করে গেছেন, নয় বছর পরও তা অমলিন। তার নশ্বর দেহ না থাকলেও গানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন এই শিল্পী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ আবারও মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে সতর্ক করেছে। মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী একটি জরুরি বার্তায় উল্লেখ করেছেন, তার সাম্প্রতিক বক্তব্য তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত মতাদর্শ ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে উম্মাহকে সতর্ক করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে, তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কিছু লোক এটিকে পুরো তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি ও বিতর্ক এড়াতে পরবর্তী সময়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম একটি জরুরি বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন।
মুফতি আবুল কাসেম নোমানী দরসে বলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। তিনি উল্লেখ করেন, যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে বের হন, তাদের মনে রাখা উচিত যে মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে কাজে লাগানোর পরামর্শও দেন তিনি।
মুফতি নোমানী দাবি করেন, গত দেড় মাসে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী ৫০ জনের বেশি সাথী দারুল উলুম দেওবন্দে আসে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে এবং সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কে অনুপযুক্ত মন্তব্য করেছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।
৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি ও ফোন আসছে। মুফতি নোমানী জানান, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের যেসব চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেগুলো আবারও তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা এবং বিতর্কিত মতাদর্শের প্রচারে বাইআত নেওয়ার বিষয়টিও অত্যন্ত উদ্বেগজনক। মুফতি নোমানী বার্তায় উল্লেখ করেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না কিংবা মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা ও নসিহত করলেও বিতর্কিত মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে। এ অবস্থায় প্রত্যেক আলেম, মাদরাসার মুহতামিম ও শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এসব বিষয়ে সচেতন করা। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য মাওলানা সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
মুফতি নোমানী জানান, দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্য যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পরই নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত যাবতীয় ঘটনা, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে।
বার্তার শেষাংশে তিনি বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত ও ত্যাগের ফসল। দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং দ্বীনের হেফাজত ও আকাবিরদের নীতিমালা সংরক্ষণের স্বার্থেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শেরপুরের নকলা উপজেলার ইটভাটার মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টিার পানিতে ভিজে উপজেলার ৯টি ইটভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। প্রতিটি ইটভাটায় কাঁচা ইট ও অন্যান্য মিলে ১ কোটি থেকে থেকে দেড় কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে জানান ভাটার মালিকগন।
ভাটার মালিকদের দেওয়া তথ্য মতে, কাঁচা ইট ও অন্যান্য ব্যয় মিলে উপজেলায় মোট প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। বৃষ্টির কারণে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে ইট তৈরি ও পোড়ানো কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ৯টি ইট ভাটার পাঁচ শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানান নারী-পুরুষ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, কাজ না থাকায় তারা আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্ত দিতে পারছেন না। ফলে মানসিকসহ বিভিন্ন চাপে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে ইটভাটার মালিকদের ক্ষতির পরিমাণ বাড়বে, পাশাপাশি আর্থিক সংকটে শ্রমিকদের পরিবারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ