ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, গ্রেপ্তার ৪ জন


ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, গ্রেপ্তার ৪ জন

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে পড়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, ওই যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়েছে একটি সংঘবদ্ধ মলম পার্টির দ্বারা। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আব্দুলপুর জংসনে এই ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. মোনারুল ইসলাম, যিনি পাবনা জেলার টেবুনিয়া ঘরনাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নওশের।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মোছা. লিজা খাতুন, আব্দুর রহিম, মো. মরশেদ আলী এবং মো. হৃদয়। তাদের বাড়ি যথাক্রমে কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলায় অবস্থিত।

আরও পড়ুন: দুদকের মামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি লতিফের বিরুদ্ধে

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সময় কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় মোনারুল ইসলাম সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় চক্রের সদস্যরা তার কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এ ঘটনায় গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে।

এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অভিযুক্ত চারজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি ফয়সাল বিন আহসান কালের কণ্ঠকে জানান, ‘প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার হুমকি হাসনাতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে তামাক চাষে সাধারণ ফসলের সার ব্যবহার, কৃষকরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ঝিনাইদহে তামাক চাষে সাধারণ ফসলের সার ব্যবহার, কৃষকরা বিপাকে

ঝিনাইদহ জেলার উর্বর কৃষি জমিতে ভরা মৌসুমে খাদ্যশস্য ও রবি ফসলের পরিবর্তে ক্ষতিকর তামাক চাষের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। সরকারিভাবে তামাক চাষের জন্য কোনো সার বরাদ্দ না থাকলেও অসাধু ডিলারদের সহযোগিতায় সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার তামাক চাষিদের কাছে চলে যাচ্ছে।

এতে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে মৌসুমি ফসলের প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম বিপাকে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিআইসির সার ডিলারদের একটি অসাধু চক্র প্রকৃত চাষিদের বঞ্চিত করে রাতের আঁধারে চড়া দামে তামাক চাষিদের কাছে সার বিক্রি করছে। অভিযোগ রয়েছে, তামাক কোম্পানিগুলোর গোপন সুবিধা ও নগদ অর্থের প্রলোভনে মাঠপর্যায়ের কিছু কৃষি কর্মকর্তাও বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় তামাক চাষের পরিমাণ কমার পরিবর্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছিল, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে ২৫১ হেক্টরে দাঁড়ায়। এরপর ২০২৩-২৪ অর্থবছরে ১৯৩ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২৪ হেক্টর (অন্য সূত্রে ২২৯ হেক্টর) জমিতে তামাক চাষ হয়েছে। মহেশপুর উপজেলাতেই সর্বোচ্চ ৮৪ হেক্টর জমিতে তামাক আবাদ হয়েছে।

কৃষি বিভাগের আশঙ্কা, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এই আবাদ ৩০০ হেক্টরের কাছাকাছি পৌঁছাতে পারে। সরেজমিনে দেখা গেছে, মাঠে তামাকের চারা রোপণের কাজ শুরু হওয়ার আগেই মহেশপুর, ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে আগাম ইউরিয়া ও টিএসপি সার মজুত করা হচ্ছে। সদর উপজেলার উদয়পুর, পোড়াহাটি ও দৌগাছী, শৈলকুপার আবাইপুর, হাটফাজিলপুর, কৃপালপুর, বকশিপুর, ফলিয়া ও ফুলহরি এবং হরিণাকুণ্ডুর শ্রীফলতলা, বিন্নী, মান্দারবাড়িয়া, দুর্লভপুর, বাসুদেবপুর, চাঁদপুর, কন্যাদহ ও বড়ভাদড়া এলাকায় ব্যাপক হারে সার মজুতের খবর পাওয়া গেছে।

পবহাটি গ্রামের আলমসাধুচালক আলমগীর মোল্লা জানান, ডিলার পয়েন্ট থেকে বস্তাভর্তি সার নিয়ে তিনি নিয়মিত তামাক চাষিদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। পোড়াহাটি ইউনিয়নের কৃষক বশির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলারদের কারসাজিতে রাতের আঁধারে বেশি দামে সার তামাক চাষিদের হাতে চলে যাচ্ছে। ফলে সাধারণ ফসল ফলানোর জন্য সার পাচ্ছি না।

তবে দোগাছী ইউনিয়নের সার ডিলার উজ্জ্বল হোসেনের দাবি, কৃষকরা ভুট্টা বা অন্য ফসলের কথা বলে সার নিয়ে গেলে তা যাচাই-বাছাই করার সুযোগ থাকে না। অন্যদিকে, কেন তামাক চাষে ঝুঁকছেন—এমন প্রশ্নের জবাবে উদয়পুরের তামাক চাষি সাইফুল হোসেন ও শৈলকুপার বরকত আলী জানান, অন্য ফসলে ন্যায্য দাম পাওয়া যায় না। কিন্তু তামাক কোম্পানিগুলো চাষের শুরুতেই নগদ অর্থ দেয় এবং বিক্রির নিশ্চয়তা দেয়। তাই বাধ্য হয়ে তারা তামাক চাষ করছেন।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে ঝিনাইদহে মোট ৩ হাজার ২৪৪ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে ঝিনাইদহ সদরে ৬১০, কালীগঞ্জে ৬০০, কোটচাঁদপুরে ২৪০, মহেশপুরে ৬৮৪, শৈলকুপায় ৭০৫ ও হরিণাকুণ্ডু উপজেলায় ৪০৫ মেট্রিক টন। এছাড়া টিএসপি ২ হাজার ৮১০, ডিএপি ৬ হাজার ৩৯০ এবং এমওপি ২ হাজার ৮৯৬ মেট্রিক টন বরাদ্দ রয়েছে।

এদিকে আইনি দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। চলতি বছরের ১৯ জানুয়ারি তিন বা ততোধিক ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ করে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। কিন্তু ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া আইনে আগের সেই নিষেধাজ্ঞা শিথিল করায় তামাক কোম্পানিগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা, মাটি পরীক্ষা এবং কম সারে অধিক ফলনের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি তামাকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাবান্ধায় এলসি করা পাথরের লোডিং কার্যক্রম ৪ দিন ধরে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বাংলাবান্ধায় এলসি করা পাথরের লোডিং কার্যক্রম ৪ দিন ধরে বন্ধ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও, দুই শ্রমিক সংগঠনের মধ্যে লোড-আনলোড কার্যক্রম নিয়ে বিরোধের কারণে গত ৪ দিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে এলসি করা পাথরের লোডিং কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে একই পরিস্থিতি অব্যাহত রয়েছে।

এদিকে, সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও, এলসি পাথর নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সরবরাহকারীরা। লোডিং কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া, পাথর ক্রয় করতে আসা বিভিন্ন জেলার ট্রাকগুলো আটকা পড়ে আছে।

অন্যদিকে, আমদানিকারকরা দাবি করছেন, পাথর লোডিং বন্ধ হয়ে গেলে আমদানি-রফতানির সময়সীমায় প্রভাব পড়বে।

শ্রমিক সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম সময় সংবাদকে জানান, "আমরা বন্দরের লোড আনলোড কার্যক্রমের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে আমাদের শ্রমিকেরা এ কার্যক্রম করে আসছে। কিন্তু গত তিন-চার দিন আগে লেবার অফিসের লোকজন গাড়ি আটকিয়ে দিচ্ছে। যার কারণে কার্যক্রম বন্ধ হয়ে আছে। অনেক গাড়ি আটকা পড়েছে এবং শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।" তিনি আরও বলেন, "বন্দর কর্তৃপক্ষ যেভাবে আমাদের কাজ করাচ্ছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। মূলত তারা বন্দরের কার্যক্রম নেয়ার জন্য ওই সংগঠনের একটি চক্র বিভেদ তৈরি করছে। আমাদের দাবি যেহেতু আমরা বন্দরে কাজ করছি, আগামীতেও করে যাব।"

বাংলাবান্ধা ইউনিয়নের লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন সময় সংবাদকে বলেন, "দ্বন্দ্বের কিছু নেই। আমরা দীর্ঘদিন ধরে এখানে লোড আনলোডের কাজ করে আসছি। সম্প্রতি ব্যবসায়ীরা আমাদের চাপ দিয়েছে পেলুডা গাড়ি দিয়ে লোডের কার্যক্রম করতে হবে। সে হিসেবে আমরা কাজ করছিলাম। হঠাৎ এই কুলি শ্রমিকরা আমাদের বাধা দিতে শুরু করে। মূলত কুলির কাজ এটা। তাদের কাজ পুরোপুরি আলাদা। এর মাঝে তারা পেলুডা গাড়ি দিয়ে লোড কার্যক্রম করে। আমরাও বাধা দিলে তারা গ্যাঞ্জাম সৃষ্টি করে। এখন তারা ভিন্ন দাবি করছে। তাদের এই আচরণে আমাদের অসংখ্য সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।"

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকারক আব্দুল আল মামুন সময় সংবাদকে জানান, "বন্দরটি দিয়ে আমরা ভারত ও ভুটান থেকে বোর্ড এবং পাথর এলসির মাধ্যমে আমদানি করে থাকি। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও, দুই শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ক্রাসিং করা পাথর লোডিং হচ্ছে না। এতে আমরা বিপাকে পড়েছি। পাথর আটকা পড়ে গেছে। লোডিং কার্যক্রম না হওয়ায় পাথর দেশের অভ্যন্তরে পাঠাতে পারছি না। এমনটা চললে এর প্রভাব বন্দরের আমদানি কার্যক্রমে পড়বে।"

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সময় সংবাদকে জানান, "বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেহেতু শ্রমিক অসন্তুষ্টি চলছে, সেটি বন্দর এলাকার বাইরে। এটির কোনো প্রভাব বন্দরে এখন পর্যন্ত পড়েনি। যদি আমদানি করা এলসি পাথর বিক্রি না হয়, সে ক্ষেত্রে হয়তো ব্যবসায়িক কার্যক্রমে খানিকটা প্রভাব পড়তে পারে। তবে উভয় শ্রমিক সংগঠন এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রথম হকি বিশ্বকাপে খেলার জন্য পরিকল্পনা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


বাংলাদেশের প্রথম হকি বিশ্বকাপে খেলার জন্য পরিকল্পনা ঘোষণা

॥ সাঈদ মোহাম্মদ পিতু ॥

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের হকি ফেডারেশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে।

এই স্বপ্নের বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশ ২৮তম স্থানে অবস্থান করছে। ২০৩০ সালের হকি বিশ্বকাপে অংশগ্রহণ করবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪ দল।

চার বছরের সময় হাতে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে হকি ফেডারেশন একটি রূপরেখা তৈরি করেছে। তারা আশা করছে, এই পরিকল্পনার মাধ্যমে দলটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই পথটি সহজ হবে না। বর্তমান র‌্যাঙ্কিং ধরে রাখা কঠিন হবে এবং বিশ্বকাপে জায়গা করে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ।

তবে পরিকল্পনা বাস্তবায়নের কাজ নীরবে এগিয়ে চলছে। ইউরোপের লিগে খেলার সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় দলকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে ফেডারেশন।

দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে আগামী তিন বছরে অন্তত ৫০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে পাঠানোর পরিকল্পনা করেছে ফেডারেশন। এর মাধ্যমে তারা দেশের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে চায়।

হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বাসসকে জানান, “প্রাথমিক পরিকল্পনা হলো পুরুষ জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠানো। ইতোমধ্যে ১৩ জন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। বাকি সাতজনকে বাছাইয়ের চেষ্টা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো নারী দলের ছয়জন খেলোয়াড়কে ইউরোপীয়ান দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে প্রস্তাবিত চুক্তি এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য খেলোয়াড়দের উচ্চমানের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক হকিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া।

পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে তিন মাস খেলতে পারেন। এ সময়ে পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের দলের বিপক্ষে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।

প্রিন্স বলেন, “আমরা দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে চাই। আমাদের খেলোয়াড়েরা যদি নিয়মিত ইউরোপের লিগে খেলতে পারে এবং বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, তাহলে তাদের পারফরম্যান্স ও বিশ্ব র‌্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।”

তিনি জানান, বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে শীর্ষ ২৪-এ উঠতে চায়।

ফেডারেশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুর দিকে চিলি অথবা কানাডায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইপর্বের মাধ্যমে ২০২৮ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য।

ফেডারেশন মনে করে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় দলকে শক্তিশালী করতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠতে পারে।

বাংলাদেশের এই কৌশলের আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হচ্ছে। প্রিন্সের মতে, দক্ষিণ আফ্রিকার প্রায় ৩৯ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। এর ফলে দেশটি বিশ্বসেরা ১৫ দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

বাংলাদেশেরও সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে এমন কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরুল ও আশরাফুল। প্রিন্স জানান, আমিরুল ইতোমধ্যে ভারতের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন।

তিনি মনে করেন, বর্তমান দলে ছয় থেকে সাতজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। উদীয়মান প্রতিভাদের সঙ্গে তাঁদের সমন্বয়ে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জাতীয় দল গড়ে তোলা সম্ভব।

তবে এই উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রিন্স।

ফেডারেশন সরকারি তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা করার জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা।

প্রস্তাবিত ১০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। সেখান থেকে মাসে প্রায় ৭০ লাখ টাকা সুদ আয় হবে বলে আশা করছে ফেডারেশন। এই অর্থ প্রশিক্ষণ ক্যাম্প ও জাতীয় দলের অন্যান্য ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

সরকার ফেডারেশনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি করপোরেট পৃষ্ঠপোষক আকৃষ্ট করতে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রিন্স বলেন, “ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য আমরা এক বছরের একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনাও তৈরি করছি।”

প্রায় সাড়ে তিন বছর বিরতির পর ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করাও ফেডারেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

তিনি বলেন, “গত ৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

“মে মাসে খেলোয়াড় দলবদলের পর জুনে প্রিমিয়ার বিভাগ লিগ আয়োজনের প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছে।”

তবে শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা শুরুর আগে নেশন্স কাপ ও দক্ষিণ এশীয় গেমসে জাতীয় দলের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

টেকসই খেলোয়াড় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়নেও নজর দিচ্ছে ফেডারেশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল কায়রোতে বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের মূল ভিত্তি হবে অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল।

স্কুল পর্যায়ে হকি না থাকা এবং ঢাকার বাইরে সীমিত প্রতিযোগিতার কারণে প্রতিভা খুঁজে বের করার কাজ বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর হকি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে। এই কর্মসূচিকে কাজে লাগিয়ে তরুণ প্রতিভা খুঁজে বের করার আশা করছে ফেডারেশন।

বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে তারা। গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা মালয়েশীয় কোচ গোপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রিমিয়ার বিভাগ প্রতিযোগিতার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালুর পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং খেলোয়াড়দের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোই লক্ষ্য।

অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে জাতীয় হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ পরিবর্তনের ওপর। টার্ফটির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি আর উপযুক্ত নয়।

ফেডারেশন আশা করছে, শিগগিরই নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় সংস্কারের কথা জানানো হয়েছে।

ঘরোয়া হকিতে বছরের পর বছর স্থবিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী ফেডারেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎‘মিথ্যা অভিযোগে’ হয়রানি, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চাইলেন সাইমুন

আন্তর্জাতিক ডেস্ক

‎রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


‎‘মিথ্যা অভিযোগে’ হয়রানি, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চাইলেন সাইমুন

রাঙামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন নিয়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম। একই ঘটনায় পরবর্তীতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাইমুন।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাইমুন ইসলাম এসব অভিযোগ করেন।
‎
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে তাঁর নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত সমস্যার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নজরে আনার উদ্দেশ্যেই তিনি ভিডিও ধারণ করছিলেন বলে জানান।
‎
‎এ সময় প্রতিবেশী হিরা আক্তার ও তাঁর মা ভিডিও ধারণে বাধা দেন বলে অভিযোগ করেন সাইমুন। একপর্যায়ে হিরা আক্তার তাঁর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎সাইমুনের দাবি, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে নিরাপত্তা ও আইনগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নেন।
‎
‎সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ঘটনাসংশ্লিষ্ট একটি মেডিকেল স্লিপ সংগ্রহ করা হয় এবং তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাঁর দাবি, ওই অভিযোগে ঘটনার প্রকৃত তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
‎
‎সাইমুন বলেন, তাঁদের পরিবারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিষয়ে অভিযোগ ও অপপ্রচার করা হয়েছে। এসব ঘটনায় তাঁর পরিবার উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
‎
‎তিনি জানান, প্রতিবেশী পরিবারের সদস্যরা সড়ক ও জনপথ অধিদপ্তরের আবাসিক এলাকায় বসবাস করেন এবং তাঁদের একজন সদস্য সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত। তবে এ পরিচয়ের কারণে কোনো বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সাইমুন। এর মধ্যে রয়েছে—ঘটনার নিরপেক্ষ তদন্ত, মোবাইল ফোন নিয়ে নেওয়া ও হুমকির অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান।
‎
‎তিনি বলেন, “আমরা কোনো সংঘাত বা প্রতিশোধ চাই না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%