প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই, যেমন টিকিট কাটতে গিয়ে ভোগান্তি, অনলাইনে টিকিট না পাওয়া, কালোবাজারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ। এসব সমস্যার সমাধানের লক্ষ্যে একটি অ্যাপ তৈরি করেছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা। তিনি ছয় মাসের পরিশ্রমে তৈরি অ্যাপটি সরকারকে বিনামূল্যে উপহার দিতে চান।
মো. ইব্রাহিম মোল্লা রাজশাহীতে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে তিনি ভোগান্তিতে পড়েন। অনলাইনে টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সব আসন শেষ হয়ে যায়। কাউন্টারেও টিকিট নেই। অথচ স্টেশনের বাইরে একজন ব্যক্তি ৫০০ টাকা বেশি দিয়ে টিকিট দেওয়ার প্রস্তাব দেন। একজন সাধারণ যাত্রীর এই অভিজ্ঞতা তার চিন্তা বদলে দেয়। টিকিট না পাওয়ার সমস্যার পেছনে কী ঘটছে, তা খুঁজতে গিয়ে তার মনে প্রশ্ন জাগে, পুরো ব্যবস্থাটিই যদি সরকারের নিজস্ব নিয়ন্ত্রণে আনা যায়! সেই ভাবনা থেকেই তার উদ্যোগ শুরু হয়।
প্রায় ছয় মাসের একক প্রচেষ্টায় তিনি বাংলাদেশ রেলওয়ের জন্য একটি পূর্ণাঙ্গ অনলাইন টিকিটিং অ্যাপ তৈরি করেন। তার ইচ্ছা, কোনো অর্থ ছাড়াই অ্যাপটি সরকারের হাতে তুলে দেবেন।
টিকিটের টাকার ভাগ যায় কোথায়
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থা ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে পরিচালনা করছে সহজ-সিনেসিস-ভিনসেন যৌথ উদ্যোগ। পাঁচ বছর মেয়াদি চুক্তির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। বর্তমানে অনলাইনে প্রতিটি টিকিটের বিপরীতে যাত্রীকে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। এর মধ্যে বেসরকারি অপারেটরের কমিশন ৬ টাকা ৫০ পয়সা। ব্যাংক ও পেমেন্ট মাধ্যম পায় ৬ টাকা ৫০ পয়সা, ভ্যাট বাবদ যায় ৩ টাকা এবং রেলওয়ে কল্যাণ তহবিলে জমা হয় ৪ টাকা। রেলওয়েতে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ টিকিট বিক্রি হয়। এর অর্ধেক অনলাইনে বিক্রি হলে শুধু অনলাইন টিকিটের কমিশন বাবদ বছরে প্রায় ২৪ কোটি টাকা যায় বেসরকারি অপারেটরের কাছে। ইব্রাহিমের প্রশ্ন, রেলের নিজস্ব সক্ষমতা থাকলে এই অর্থ কেন অন্য প্রতিষ্ঠানের কাছে যাবে?
তার মতে, বিষয়টি শুধু অর্থের নয়; যাত্রীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও ভ্রমণের তথ্যও তৃতীয় পক্ষের ব্যবস্থাপনায় থাকছে। ফলে তথ্যের নিরাপত্তা এবং সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন থেকে যায়।
কালোবাজারি ঠেকাতে যাত্রীর ছবির প্রস্তাব
ইব্রাহিম মনে করেন, রেলের টিকিট কালোবাজারির সমস্যা দুটি স্তরে কাজ করে। একদিকে সিস্টেমের ভেতরের অনিয়ম, অন্যদিকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট সংগ্রহ ও বেশি দামে বিক্রি।
চলতি বছরের অক্টোবরে রেলওয়ের এক অডিটে বট ব্যবহার করে টিকিট আটকে রাখা এবং প্রায় ১৬৯টি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের অস্তিত্বের বিষয়টি উঠে এসেছে। বিক্রি শুরুর আগেই এসব অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট আটকে রাখার সুযোগ ছিল বলে অডিটে উল্লেখ করা হয়। এছাড়া ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা অনাদায়ি জরিমানার বিষয়টিও সামনে আসে। প্রায় ১০ হাজার সন্দেহভাজন মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে রেলওয়ে।
এ ধরনের অনিয়ম ঠেকাতে ইব্রাহিমের প্রস্তাব, টিকিটের সঙ্গে যাত্রীর ছবি যুক্ত করা। টিকিট কাটার সময় ছবি দিলে ট্রেনের টিকিট পরীক্ষক সেই ছবি ও যাত্রীর চেহারা মিলিয়ে দেখতে পারবেন। এতে অন্যের টিকিট ব্যবহার এবং একাধিক অ্যাকাউন্ট থেকে টিকিট কিনে বেশি দামে বিক্রির সুযোগ কমবে বলে তার ধারণা।
বিশ্বের অনেক দেশেই টিকিটিং সরকারের হাতে
ইব্রাহিমের প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক উদাহরণও। ভারতে রেল মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা আইআরসিটিসি অনলাইনে টিকিট বিক্রি করে। চীনে রাষ্ট্রীয় রেলওয়ে পরিচালনা করে ১২৩০৬ প্ল্যাটফর্ম। ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশেও রাষ্ট্রীয় রেল সংস্থাগুলো নিজেদের টিকিটিং ব্যবস্থা পরিচালনা করে।
অর্থাৎ রেলওয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে থাকলেও টিকিটিং ব্যবস্থা পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা অপরিহার্য নয়। ইব্রাহিমের মতে, বাংলাদেশের ক্ষেত্রেও এ পরিবর্তন সম্ভব।
সরকারের পরিকল্পনার সঙ্গে মিল
রেলওয়ের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ২০২৬ সালের ২৬ অক্টোবর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানায়, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন টেন্ডার আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তি নবায়নের পরিকল্পনা নেই। নিজস্ব আইটি সক্ষমতা গড়ে তুলতে ৪৯টি পদের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ইব্রাহিমের বক্তব্য, শুধু প্রতিষ্ঠান বা ভেন্ডর পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। তার ভাষায়, ‘ভেন্ডর বদলেছে, সমস্যা বদলায়নি। কারণ সমস্যা ভেন্ডরে নয়, কাঠামোতে।’ তার মতে, সিস্টেম, তথ্য ও নিয়ন্ত্রণ সরকারের হাতে না আসা পর্যন্ত একই ধরনের অভিযোগ ফিরে আসবে।
টিকিটিং থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থাপনা
ইব্রাহিমের পরিকল্পনা শুধু অনলাইন টিকিট বিক্রিতে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে যাত্রীদের অভিযোগ গ্রহণ, অভিযোগের ভিত্তিতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা এবং ট্রেন চলাচলের তথ্যও একই প্ল্যাটফর্মে যুক্ত করতে চান তিনি। তবে এই টিকিটিং অ্যাপ দিয়ে ট্রেনের সিগন্যাল নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা নেই। এতে শুধু ট্রেন চলাচলের তথ্য পর্যবেক্ষণ করা যাবে।
প্রাথমিকভাবে রেলওয়ের নিজস্ব আইটি সেলের মাধ্যমে অ্যাপটি পরিচালনার প্রস্তাব দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি গঠন করে পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে সেবার আয় সরকারের কোষাগারে জমা হবে এবং ভবিষ্যতে যাত্রীদের সার্ভিস চার্জ কমানোর সুযোগ তৈরি হবে।
অপেক্ষায় সরকারের সিদ্ধান্ত
ইব্রাহিম জানিয়েছেন, রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে অ্যাপটি বিনামূল্যে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। তবে এখনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সাড়া পাননি।
তার দাবি, অ্যাপটি তৈরি হলেও সরকারের চাহিদা অনুযায়ী এতে পরিবর্তন আনতে তিনি প্রস্তুত। টেন্ডারের মতোই স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপটির কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা যাচাই করা যেতে পারে। সরকার অ্যাপটি গ্রহণ করলে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণেও পাশে থাকতে চান তিনি।
একজন শিক্ষার্থীর তৈরি একটি অ্যাপ রেলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবে কি না, তা নির্ভর করবে এর কারিগরি সক্ষমতা, নিরাপত্তা যাচাই ও বাস্তবায়নের ওপর। তবে ইব্রাহিমের উদ্যোগ অন্তত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—জনগণের অর্থে পরিচালিত রেলওয়ের টিকিটিং ব্যবস্থা এবং যাত্রীদের তথ্যের নিয়ন্ত্রণ কেন পুরোপুরি সরকারের হাতে থাকবে না?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন