১২:৩০ পি.এম
প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপপুঞ্জে আক্রমণ করেছে চলতি বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। শক্তিশালী ক্যাটাগরি-৫ হারিকেনের এই প্রবল ঝড়টি সোমবার (৬ জুলাই) সকালে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ‘রোটা’ দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইলেরও বেশি, যা এই অঞ্চলে গত এপ্রিলের পর দ্বিতীয় কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত ছাড়িয়ে গেছে।
এদিকে, প্রশান্ত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘গুয়াম’ থেকে মাত্র ৫০ মাইল উত্তরে ঝড়টি অবস্থান করায় সেখানে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে মার্কিন সশস্ত্র বাহিনী। টাইফুন ‘বাভি’র প্রভাবে গুয়াম এবং এর আশপাশের দ্বীপাঞ্চলে ধ্বংসাত্মক বাতাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, দেড় লাখের বেশি জনসংখ্যার এই দ্বীপে অ্যান্ডারসন বিমান ঘাঁটি এবং নৌঘাঁটিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
মার্কিন সামরিক কর্তৃপক্ষ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঘাঁটিতে নিয়োজিত ৭০০০ এরও বেশি সক্রিয় সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, টাইফুনের প্রভাবে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করার পরেও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বিস্তৃত এলাকায় আকস্মিক বন্যা ডেকে আনতে পারে।
এ ছাড়া সাগরে উঠা বিশাল ঢেউ এবং প্রাণঘাতী জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় নিচু এলাকা তীব্র বন্যার ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে।
রোটা দ্বীপের উত্তরের দুই দ্বীপ সাইপান এবং টিনিয়ানের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই অঞ্চলটি এখনো গত এপ্রিল মাসে আঘাত হানা ক্যাটাগরি-৪ ঝড় ‘সুপার টাইফুন সিনলাকু’র ক্ষয়ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। সিনলাকুর ধীর গতির কারণে সেই সময় ২০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত এবং ব্যাপক বন্যা হয়েছিল, যার ফলে সাইপানের একটি অংশ এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেই ক্ষত না শুকাতেই নতুন করে বাভির প্রভাব সেখানে ঘণ্টায় ৭৪ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ টিনিয়ান দ্বীপের ওপর দিয়েও এই ঝড়ের প্রভাব পড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপকারী মার্কিন বি-২৯ বোমারু বিমানগুলো এই দ্বীপ থেকেই উড্ডয়ন শুরু করেছিল। বর্তমানে গুয়ামের বিকল্প বিমানঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য মার্কিন প্রশাসন এই দ্বীপটির সংস্কার কাজ করছে। আবহাওয়া বিজ্ঞানীরা আশা করছেন, সুপার টাইফুন ‘বাভি’ সোমবার বিকেল নাগাদ মারিয়ান দ্বীপপুঞ্জ এলাকা ছেড়ে ঘণ্টায় ১০ থেকে ১৩ মাইল বেগে পশ্চিম দিকে অগ্রসর হবে।
আরও পড়ুন: খিঁচুনির অভিনয় করে সিনেমা কায়দায় পালিয়ে ১৭ বন্দি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন