শোরাফ উদ্দিন রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১২:৪৮ পি.এম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির উপজেলা আরডিও মো. জাফর।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, ইউসিসি-এর সভাপতি ডা. ফয়েজ আহমদ, সহ-সভাপতি হারুনুর রশিদ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ একটি চিঠি প্রদান করেছেন।
সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠিটি পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘রাষ্ট্রদূত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।’
তবে চিঠির বিষয়ে অধিক তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত প্রেস সচিব সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধারণা দেননি।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের শিকার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর রক্ষায় রবিবার (৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ ময়দুল ইসলাম রনি সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন,
ধরলা নদীর ভাঙনে প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি ও আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন প্রতিরোধে গৃহীত বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা এবল নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন।
রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি উল্লেখ করেন, আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে, এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে যাতে যেমন, চট্টগ্রাম থেকে কাউকে স্বাস্থ্যসেবা নিতে ঢাকায় আসতে না হয়। গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। আমরা সবার সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করলে তিনি সফল হতে পারবেন না। প্রধানমন্ত্রী পলিসি দেবেন এবং আমরা তা বাস্তবায়ন করব। আমরা তাকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যেখানে সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন সেটাকে আরো বিকশিত করতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রতিটি জেলায় একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত রাখা হয়েছে। মশার লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনের স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে। রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন মজুত, মোবাইল হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো রোগী স্যালাইনের সংকটের মুখে না পড়েন এবং গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, আমাদের সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা যেন সবাই সমানভাবে পেতে পারেন, সেজন্য স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। এ লক্ষ্যে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। সে ক্ষেত্রে এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা না যায়, তাহলে ওইসব ইনস্টিটিউট কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে না।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশসবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নানা আয়োজনে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভার শুরুতে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র (ভিডিও ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন এর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. রুস্তম আলী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, সমবায়ী মিজানুর রহমান, মুক্তা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
পরে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ সহায়তার চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ