০৭:০৯ এম
রাজনৈতিক নেতারা দেব-দেবী নন, এবং রাজনীতির কোনো প্রতীকও ঐশ্বরিক বিষয় নয় উল্লেখ করে রাজনৈতিক মতামত বা বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির যে কোনো চক্রান্ত রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যার ধর্মীয় বিশ্বাস ও আচার কঠোরভাবে পালন করব এবং এজন্য অন্য সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করব। তবে, যখনই কেউ ধর্মচর্চাকে কেন্দ্র করে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক পকেট বা মেরুকরণ তৈরির চক্রান্ত করবে, তখনই সেই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করা প্রয়োজন।’
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তার ভাষায়, ‘পাহাড়ি ও সমতল জনগোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ বা ধর্ম কোন কিছুর ভিত্তিতেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ চক্রান্ত বাস্তবায়ন হওয়া যাবে না। কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে কিংবা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রকে গ্রাস করার চেষ্টা করেছে, তা মানে হচ্ছে, সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল ভাবধারার বিরোধিতা করছে।’
রাজনীতিতে জনগণের অধিকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির দর্শন বা চিন্তা কোনো ধর্মীয় আদর্শ দ্বারা নির্ধারিত হয় না; বরং রাজনীতির সব চিন্তা ও আদর্শ নির্ধারণ করা হয় কেবলই জনগণের কল্যাণকে কেন্দ্র করে।’
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব দত্ত।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং গুণীজন হিসেবে পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি রাখাল চন্দ্র দে ও বিশিষ্ট শিক্ষানুরাগী বিজয় কৃষ্ণ দে-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন: একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেমের জেরে ব্যবসায়ী হত্যা
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।
সম্মেলনের দ্বিতীয় সেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা পরবর্তী মেয়াদের জন্য পুনরায় মানিক মুখার্জী কুডুকে সভাপতি এবং সঞ্জয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন