ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি হলেন পুলিশের দুই কর্মকর্তা


গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি হলেন পুলিশের দুই কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আরও পড়ুন: আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ চাকমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধের পর স্বাভাবিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে যে, গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিজিবি জানায়, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করার চেষ্টা চলছে।

রবিবার (২১ নভেম্বর) বিজিবি জানায়, প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এই অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরো বেশি ধংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য, স্পষ্টত প্রমাণিত হচ্ছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে। জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ যদি কোনো নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই, মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের জন্য নীতিমালা প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের জন্য নীতিমালা প্রণয়ন

দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও আদালত প্রদান করেছে।

রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই নির্দেশ দেয়া হয়েছে।

রুলে আদালত জানতে চেয়েছে, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একইসঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং কার্যকর নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এই রিট আবেদনটি দাখিল করেন। তিনি উল্লেখ করেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

রিটে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণার তথ্যও উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়।

২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এতে শিশুদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় ৪ দশমিক ৬ ঘণ্টা পাওয়া গেছে। গবেষণার ফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ এম


ইরান নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করেছে

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি দেশের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এই নতুন ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে।

নতুন উৎক্ষেপণব্যবস্থাটি পূর্বে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো।

তরল জ্বালানি অধিক কার্যকর হিসেবে বিবেচিত। এ ধরনের জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পাওয়া যায় পরিচালনাকারীদের।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যভেদে নির্ভুলতা এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভরতা ছাড়াই পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা বেড়েছে।

গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্বৃত্তদের আগুনে সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা বাস পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ এম


দুর্বৃত্তদের আগুনে সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা বাস পুড়ে গেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিকাণ্ডের ফলে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। বাসমালিকের দাবি অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, মধ্যরাতে একটি অটোরিকশাযোগে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন চলন্ত অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাসটির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দের সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।

বাসমালিক রাসেল বলেন, ‘দিনের কাজ শেষে স্টাফরা বাসটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যাওয়ার পরপর এ নাশকতার ঘটনা ঘটে। চলন্ত অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের ঘটনাটি তার নজরে এসেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন এলাকায় পড়েছে।’

অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, ‘ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতায় রয়েছে এবং খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছেছে। দূর থেকে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত সেটি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলে রয়েছে এবং বাসের মালিকের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%