প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও আদালত প্রদান করেছে।
রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই নির্দেশ দেয়া হয়েছে।
রুলে আদালত জানতে চেয়েছে, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একইসঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং কার্যকর নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এই রিট আবেদনটি দাখিল করেন। তিনি উল্লেখ করেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
রিটে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণার তথ্যও উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়।
২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এতে শিশুদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় ৪ দশমিক ৬ ঘণ্টা পাওয়া গেছে। গবেষণার ফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন