০১:০১ পি.এম
সার্বিয়ায় পার্লামেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতা আলেকজান্ডার ভুসিসের বিরুদ্ধে ছাত্র আন্দোলন লড়াইয়ে নেমেছে। প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হিসেবে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুসিসকে সরানোর জন্য শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এই আন্দোলন মাঠে নেমেছে। দেশজুড়ে এই আন্দোলন ব্যাপক জনসমর্থন অর্জন করেছে।
গত সেপ্টেম্বরে ভুসিস আগাম নির্বাচনের ঘোষণা দেন। এর আগে প্রায় দুই বছর ধরে দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসন জোরদারের অভিযোগে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ চলছিল। ২০২৪ সালে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর এই আন্দোলন শুরু হয়। ওই দুর্ঘটনার জন্য ব্যাপকভাবে সরকারি দুর্নীতিকে দায়ী করা হয়।
ভুসিসের পরাজিত হলে সার্বিয়ায় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে, যা প্রায় ৬০ লাখ মানুষের বলকান অঞ্চলের দেশটিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরির দীর্ঘদিনের নেতা ভিক্টর অরবানের পরাজয়ের সঙ্গে এই পরিস্থিতির তুলনা করা হচ্ছে।
আরও পড়ুন: চিলি প্রতি বছর ৭ জানুয়ারি ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে
তবে ভুসিস এখনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেক ভোটার মনে করেন, তার নেতৃত্বে সার্বিয়া অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অবস্থান থেকে বেরিয়ে এসেছে এবং দীর্ঘ সময় ধরে আধুনিকায়নের পথে এগিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের জ্যেষ্ঠ ইউরোপ বিশ্লেষক মারিও বিকারস্কি মন্তব্য করেন, ‘ছাত্রদের তালিকা ভুসিসের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ গড়ে তুলেছে। সার্বিয়ার এই নির্বাচন দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে।’
ভুসিস নির্বাচনী প্রচারে পেনশন ও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবায় বিনিয়োগ এবং তরুণ দম্পতিদের ভর্তুকি দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
ভুসিস চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, যা সার্বিয়ার বড় বিনিয়োগকারী। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন, যা দেশটির ঐতিহ্যগত মিত্র ও প্রধান প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার সম্ভাবনাও তিনি খোলা রেখেছেন।
আরও পড়ুন: বুলগেরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট, প্রতিদ্বন্দ্বী ইয়োতোভা ও গিউরভ
তবে ভুসিসের শাসনামলে ইইউর সঙ্গে সার্বিয়ার সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। বিচার বিভাগ, আইনের শাসন ও দুর্নীতি দমনে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় জোটটি ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠেছে।
অন্যদিকে ‘স্টুডেন্ট লিস্ট’ নামে পরিচিত ছাত্র আন্দোলনের নির্বাচনী কর্মসূচির মূল লক্ষ্য দুর্নীতি নির্মূল করা এবং শিক্ষাব্যবস্থার উন্নতি। তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের পরিকল্পনা সম্পর্কে তেমন কিছু বলা হয়নি।
এই আন্দোলনের প্রার্থী তালিকায় ২৫০ জন রয়েছেন। তাদের বেশিরভাগই সাধারণ ভোটারদের কাছে পরিচিত নন। তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অভিনেতা ও কৃষকেরাও রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ইলিয়া স্রদানোভিচ।
জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তি
নির্বাচনে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জনমত জরিপ। বৃহস্পতিবার প্রকাশিত ইপসোসের এক জরিপে ভুসিসের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি ৪৭ শতাংশ ভোট পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের সমর্থিত তালিকার পক্ষে ৪০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তবে অন্যান্য কিছু জরিপে ছাত্র আন্দোলন এগিয়ে রয়েছে।
মানবাধিকার সংগঠন ও আন্দোলনকর্মীদের অভিযোগ, ২০২৪ সালের রেলস্টেশনের ছাউনি ধসে প্রাণহানির ঘটনার পর থেকে সার্বিয়ায় দমন-পীড়ন বেড়েছে। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছিল।
গত বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডের কেন্দ্রে ছাত্র আন্দোলনের প্রায় দেড় লাখ সমর্থক সমাবেশ করেন।
তবে ভুসিস ও তার দল দমন-পীড়ন, দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নজরদারির অভিযোগ বারবার অস্বীকার করেছে। সাবেক প্রেসিডেন্ট ভুসিসের দাবি, ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোর বিদেশি এজেন্টরা ছাত্র আন্দোলনে অর্থায়ন করছেন। শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: সৌদির নিরাপত্তা রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত মিসর
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন