০৪:০১ পি.এম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এখন থেকে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট ও নন-ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা লাভ করবেন। এই লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইমিগ্রেশন ও বিনিয়োগ বিষয়ক অ্যাটর্নি ফার্ম রাজু ল’র সঙ্গে ডিআরইউ একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (৮ জুন) ডিআরইউ’র পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং রাজু ল’র পক্ষে রাজু ল’ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার সমীর বিশ্বাস চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ডিআরইউ সদস্যরা ইবি-১, ইবি-৩, ফ্যামিলি পিটিশনসহ যেকোনো ইমিগ্রান্ট ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে রাজু ল’র সার্ভিস ফি থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া, টুরিস্ট ভিসা বা বি-১/বি-২ ভিসা প্রসেসিং সেবার জন্য ৩০ শতাংশ ছাড় পেতে পারবেন।
আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না
ডিআরইউ সদস্যরা সংগঠনের পরিচয়পত্র অথবা ডিআরইউ’র ওয়েবসাইটে নাম প্রদর্শনের মাধ্যমে এবং নিজেদের গণমাধ্যমের পরিচয়পত্র প্রদর্শন করে রাজু ল’র দেশ-বিদেশের যেকোনো শাখা অফিস থেকে এই সুবিধা নিতে পারবেন।
রাজু ল’র ঢাকার কারওয়ান বাজারে একটি শাখা অফিস রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টাসহ দুবাই এবং পর্তুগালেও প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রাজু মাহাজন, ইএসকিউ-এর নেতৃত্বে ১০ জন অ্যাটর্নি এবং দুই শতাধিক প্যারালিগ্যাল, কেস ম্যানেজার ও ল’ ক্লার্ক কর্মরত রয়েছেন।
চুক্তি স্বাক্ষরের বিষয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, 'সদস্যদের জন্য কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন প্রয়োজনে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে যেতে হয়। রাজু ল’র মাধ্যমে সেই প্রক্রিয়া আরও সহজ হবে বলে আমরা আশা করছি।'
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, 'রাজু ল’ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে বাংলাদেশি হওয়ায় দেশের নাগরিকরা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা এবং অগ্রাধিকার পাবেন, এ বিষয়ে আমরা বিশ্বাস করি।'
আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে
নিউইয়র্ক থেকে রাজু ল’র প্রধান নির্বাহী কর্মকর্তা রোকন উদ্দিন বলেন, 'দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সাংবাদিকদের জন্য ইতিবাচক কিছু করতে পারলে আমি আনন্দিত হই। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বা নন-ইমিগ্রেশন ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য রাজু ল’র সব শাখা সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন