১২:০৩ পি.এম
ঢাকা, ১১ জুন, ২০২৬ : অগ্রাধिकार ভিত্তিতে গঠন করা হয়েছে একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ, যা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত আপিল শুনানি করবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গতকাল ১০ জুন এ বেঞ্চ গঠন করা হয়। ২০২৬ সালের ১৪৩ নম্বর বেঞ্চ গঠনবিধি অনুযায়ী, আগামী ১৪ জুন রোববার সকালে সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এ বেঞ্চ গঠন করা হয়েছে। বেঞ্চ গঠনবিধি অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত এ ডিভিশন বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স, একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিলের শুনানি করবেন। এছাড়া, একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরীর আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা ও ফৌজদারি রিভিশন এবং এ বিষয়ে জারি করা রুলেরও শুনানি করবে বেঞ্চটি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর, ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য গত রোববার আপিল বিভাগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন এবং আগামী রোববার থেকে ওই বেঞ্চের বিচারকীয় কার্যক্রম শুরু হবে বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে, শিশু রামিসা হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের একটি প্যানেলও গঠন করা হয়েছে, এ কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন