ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী


সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের পল্লী হবে আরো আধুনিক, উৎপাদনশীল ও সমৃদ্ধ। আর সেই সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে একটি উন্নত, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।

আগামীকাল ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাম ও পল্লীকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সেই লক্ষ্যকে আরো সুদৃঢ় করার প্রত্যয়ে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন একটি সময়োপযোগী উদ্যোগ।’

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শন, জনগণের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যৎ অভিযাত্রার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের পল্লী। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কুটির শিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই পল্লী উন্নয়ন কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়; বরং একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়নকে আরো গতিশীল ও স্থায়ী করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে জাতীয় উন্নয়নের একটি সুদূর প্রসারী রূপরেখা প্রণয়ন করেন। এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, যুবসমাজকে সুসংগঠিত করা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

পাশাপাশি কৃষক সংগঠন গঠন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, খাল খনন, সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং তৃণমূল জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রবর্তিত ‘গ্রাম সরকার ব্যবস্থা’ দেশের স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদান করে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত বিস্তৃত উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দেওয়া হয়। তাঁর সময়কালে গ্রামীণ সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উপকরণ সহজলভ্য করা, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষি ঋণ মওকুফ এবং ক্ষুদ্র ঋণ ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তার মাধ্যমে পল্লী অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তারেক রহমান বলেন, একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যয়ে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বর্তমান নির্বাচিত সরকারের মাধ্যমে। সরকার ইতোমধ্যে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার-২০২৬) বাস্তবায়নের অংশ হিসেবে পল্লীর দরিদ্র ও প্রান্তিক জনগণের উন্নয়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, কৃষি ঋণ মওকুফ, পল্লী অবকাঠামো উন্নয়ন এবং নারী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিপ্রাপ্তি সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

একটি সমৃদ্ধ, স্বনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পল্লী গড়ে তুলতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থা এবং পল্লী উন্নয়নে নিয়োজিত সকল অংশীজনের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দিবস পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।’

এ উপলক্ষ্যে তিনি পল্লীবাসী সকল জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


সিলেটে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জ থানায় দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে। ২৪ ঘণ্টা হটলাইনে সেবা পাওয়া যাবে।

প্রবাসী অধ্যুষিত সিলেটে এই বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায়, প্রবাসীদের আইনি সহায়তা এবং সেবাদানকে আরও সহজ এবং গতিশীল করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

উদ্বোধন শেষে তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

সংশ্লিষ্টরা জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে সক্ষম হবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার ০১৩২০১১৭৮৯৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ক্লিনিকে চিকিৎসা অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


গাইবান্ধায় ক্লিনিকে চিকিৎসা অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে সমিরন বেগম (নাম) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকায় অবস্থিত সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

নিহত সমিরন বেগম জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। মৃতের স্বজনদের অভিযোগ অনুযায়ী, সমিরন বেগম দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এর আগে আট মাসের গর্ভের সন্তান নষ্ট হওয়ার পরও তিনি একই ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। শনিবার সকালে গর্ভকালীন জটিলতা নিয়ে তাকে সততা ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার উদ্দেশ্যে রোগীকে ছাড়পত্র (রিলিজ) দিতে ক্লিনিক কর্তৃপক্ষকে অনুরোধ করেন স্বজনরা। কিন্তু সময়মতো ছাড়পত্র না দেওয়ায় তাদের সঙ্গে ক্লিনিকের স্টাফদের বাকবিতণ্ডা হয়।

পরে রোগীর অবস্থা আবারও সংকটাপন্ন হলে বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। পরবর্তীতে স্বজনরা ক্লিনিকে ফিরে এসে দেখেন, ঘটনার পর ক্লিনিকের মালিক, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কেউ সেখানে উপস্থিত নেই।

নিহতের স্বজনরা দাবি করেছেন, রোগীর শরীরে রক্ত দেওয়া হচ্ছিল, কিন্তু রক্ত সঞ্চালন না হওয়ায় দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার অনুরোধ করা হলেও ক্লিনিক কর্তৃপক্ষ সেই রকম সাহায্য করতে অস্বীকার করেছে। তাদের অভিযোগ, ওই সময় দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীকে বাঁচানো সম্ভব হতে পারত। তারা আরও দাবি করেছেন, ক্লিনিকে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং মালিকের পরামর্শে আয়া, নার্স ও অন্যান্য কর্মচারীরাই চিকিৎসাসংক্রান্ত কাজ পরিচালনা করছিলেন।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত, সততা ক্লিনিকের লাইসেন্স বাতিল এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

তবে ক্লিনিকের মালিক রেশমী বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী গর্ভবতী ছিলেন না; তার গর্ভপাত ঘটেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ক্লিনিকে আনা হয়েছিল রক্ত দেওয়ার জন্য। তবে কোন চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়া হচ্ছিল—এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি

কুড়িগ্রামে গত তিনদিন ধরে মৃদু তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহের কারণে দিনভর সূর্যের প্রখর রোদ ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতেও প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এর সাথে বিদ্যুতের লোড শেডিং সমস্যাও যুক্ত হয়েছে। ফলে গরমে শিশু, বৃদ্ধসহ মানুষজন পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো প্রচন্ড রোদ ও গরমে কাজে যেতে সাহস পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এসব পরিবারে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

প্রতিদিন গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকসহ অন্যান্য নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। গত দুদিন ধরে প্রখর রোদে রাস্তা ঘাট ফাঁকা ও খাঁ-খাঁ করছে। ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না অনেকেই।

কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার রিক্সা চালক নেছার উদ্দিন জানান, হামরা গরিম মানুষ। কোনরকম অন্যের এসকা হাওলাত করি চালাই। যে গরম পড়চে বাচার বুদ্ধি নাই। এত গরম হইলেও প্যাটের দায়ে চালায় নাগে। অপরদিকে, ধরলা নদী পাড়ের কৃষক মইনুল ইসলাম জানান, এত গরম ও রোদে কাজ করতে মন না চাইলেও যেতে হয়। এখন আমন বীজতলা ঠিক করতে হচ্ছে। কদিন বাদে আমন লাগাতে হবে। অসহ্য গরমে বাইরে কষ্ট হলেও কাজ করতে হয়।

এদিকে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিনই গরমের কারণে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, জ্বর, হিটস্ট্রোক, আমাশয়সহ অনেক রোগে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে আসছেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নুরে নেয়াজ জানান, এখন অতিরিক্ত গরমের প্রভাব কুড়িগ্রামে পড়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত তিনদিন ধরে জেলায় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়েছে। গত শনিবার এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা আজ সামান্য কমেছে। তবে আরো দুএকদিন তাপমাত্রা এরকম বাড়তি থাকতে পারে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় কিশোরকে বলৎকারের অভিযোগে মামলা, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


দীঘিনালায় কিশোরকে বলৎকারের অভিযোগে মামলা, তদন্তে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট মেরুং এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক রবিবার (৫ জুলাই) দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ছোট মেরুং এলাকার ৪৫ বছর বয়সী মো. লিটনকে অভিযুক্ত করা হয়েছে।


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, কিশোরের বাবার থানায় এসে ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মামলা করেন। ভুক্তভোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাটির প্রতিটি দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%