ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী: পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ


রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী: পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ
 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। টেকসই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে। তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কোনো রাজনৈতিক পর্যায় থেকে পুলিশের নিয়োগ, বদলি কিংবা অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করায় বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার পুলিশকে একটি পেশাদার, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে।

তিনি জানান, পুলিশে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘পুরস্কার ও শাস্তি’ ব্যবস্থা চালু করা হয়েছে। সততা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের পদক, সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি এসব অর্জন পদোন্নতির ক্ষেত্রেও বিবেচনায় আনা হবে।

পুলিশ বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি মেট্রোপলিটন এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিটি জেলায় সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। ডার্ক ওয়েবভিত্তিক অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে কেস ডকেট পুলিশের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সরকার পরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, কিশোর অপরাধ দমনে বিদ্যমান আইনের সংজ্ঞা ও বয়সসীমা পুনর্মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। এছাড়া ‘মব কালচার’ বা গণপিটুনির মতো অপরাধ কঠোরভাবে দমনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

পুলিশ সদস্যদের কল্যাণে নারী সদস্যদের জন্য বিভাগীয় হাসপাতালগুলোতে গাইনোকোলজি ইউনিট স্থাপন এবং আবাসন সংকট নিরসনে ১০০টির বেশি মডেল থানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জনবল সংকট দূর করতে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে ৮ ঘণ্টার শিফটভিত্তিক ডিউটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন ও খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনওর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা, আটক মোয়াজ্জেম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ইউএনওর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা, আটক মোয়াজ্জেম

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতি করে উত্তোলনের চেষ্টা করার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করার মাধ্যমে ব্যাংকে চেক জমা দেওয়ার এই ঘটনার কারণে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, মডেল মসজিদ পরিচালনার জন্য নির্দিষ্ট একটি ব্যাংক হিসাব রয়েছে। নিয়ম অনুসারে, মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তার যৌথ স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়।

কিন্তু ৩০ জুলাই (বৃহস্পতিবার) মোয়াজ্জেম মাহফুজ রহমান, কোনো প্রকার একান্ত অনুমোদন বা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই, ইউএনও’র স্বাক্ষর জাল করে একটি চেকে অর্থ উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে জমা দেন।

ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের সন্দেহ হয় যখন তারা চেকে থাকা স্বাক্ষরের সঙ্গে ইউএনও’র মূল স্বাক্ষরের অমিল দেখতে পান। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করার পর ব্যাংক কর্তৃপক্ষ জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে। এ কারণে টাকা প্রদান তৎক্ষণাৎ স্থগিত করে পুরো ঘটনা উপজেলা প্রশাসনকে জানানো হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসদাচরণের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের বদলগাছী শাখা ব্যবস্থাপক নুরে আলম জানান, চেকে প্রদান করা স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় অর্থ প্রদান স্থগিত করা হয়েছে। এ বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সাথে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, সরকারি অর্থে জালিয়াতির ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্ত পরিচালনা করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিনা রুশদীর লুনা এমপি'র সা‌থে "দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল" ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ মি‌নিময়

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


তাহসিনা রুশদীর লুনা এমপি

বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

২ আগস্ট ২০২৬, রবিবার সাক্ষাৎকালে ট্রাস্টিবৃন্দ বিশ্বনাথ উপজেলায় নির্মাণাধীন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণকাজ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক হিসাব-নিকাশ, দাতাদের অবদান এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় সংসদ সদস্যকে বিস্তারিতভাবে অবহিত করেন।

তারা জানান, এই হাসপাতালটি সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার মূল লক্ষ্য হল বিশ্বনাথ সহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

মাননীয় সংসদ সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা অত্যন্ত মনোযোগ দিয়ে ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা শুনলেন এবং এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগে নির্মিত এ হাসপাতাল ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাসপাতালটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টি ও সেক্রেটারি জেনারেল মো. আয়াছ মিয়া, ট্রাস্টি আবুল হাশিম বিএসসি, ট্রাস্টি মৌলানা সিরাজুল ইসলাম সাদ, ট্রাস্টি আশিক আলী এবং ট্রাস্টি শাহ সোহেল আমিন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জনগণের জন্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন। ট্রাস্টিবৃন্দ মাননীয় সংসদ সদস্যের আন্তরিকতা, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতায় ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ বিশ্বনাথ অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপতথ্য মোকাবিলায় বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা জরুরি: সাংবাদিক নেতৃবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


অপতথ্য মোকাবিলায় বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা জরুরি: সাংবাদিক নেতৃবৃন্দ

 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল এবং অপতথ্যের বিস্তারের এই সময়ে দেশর শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

তারা এসময় বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য-উৎস বারবার যাচাই করা, পেশাগত নীতি-নৈতিকতা অনুসরণ করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই।

গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার অনুষ্ঠিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালায় বক্তাগণ এসব বিষয় উল্লেখ করেন।

কর্মশালায় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিকতা তার নিজেই একটি বন্ধুর পথ এবং নীতি-নৈতিকতার মধ্যে দিয়ে কাজ করা সমানভাবে কঠিন। রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থের কাছে নতি স্বীকার না করে গণমাধ্যমকে সবসময় জনস্বার্থ ও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে।

তিনি শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সংবেদনশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং উল্লেখ করেন, শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে গণমাধ্যমকে এবারেও বেশি সোচ্চার হতে হবে। তিনি শত প্রতিকূলতার মধ্যেও সত্য ও নীতি বজায় রেখে সংবাদ পরিবেশন করার আহ্বান করেন।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল ও অপতথ্যের যুগে সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা।

তিনে বলেন, ‘এই এআই-এর যুগে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচারিত হচ্ছে। এর মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা এবং কোনটা অপতথ্য, সেটি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই সাংবাদিকদের যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য-উৎস বারবার যাচাই-বাছাই করতে হবে।’

তিনি আরও বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সমাজের প্রতি সাংবাদিকদের বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে। ‘ফাইভ ডব্লিউ, ওয়ান এইচ’ (কী, কেন, কোথায়, কখন, কে এবং কীভাবে)-এর মৌলিক নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রস্তুত ও সম্পাদনার আহ্বান জানিয়ে বলেন, তথ্যের সঠিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই পেশাদার সাংবাদিকতার মূল শক্তি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দায়িত্বশীল পেশা। ভবিষ্যতে তথ্য কমিশনের নতুন রূপরেখা ও আইনগত কঠোরতা আসতে পারে, তাই সাংবাদিকদের আইন এবং নীতি-নৈতিকতার বিষয়ে আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ফেক নিউজ এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ তথ্য যাচাই অথবা ফ্যাক্ট-চেক ছাড়াই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি উপদেশ দেন অভিযুক্ত ব্যক্তির বক্তব্য না নিয়ে কিংবা একতরফা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি না করার।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির আওতায় আনা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতা একটি মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য প্রয়োজন সৎ, সত্যনিষ্ঠ এবং পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। কিন্তু বাস্তবতা হলো, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গা ক্রমেই স্বার্থনির্ভর সাংবাদিকতা দখল করে নিচ্ছে।’

দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং তথ্যসন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো দলে, গোষ্ঠী, সরকার, বিদেশি রাষ্ট্র অথবা এজেন্সির কাছে দায়বদ্ধ নয়; তাদের দায়বদ্ধতা কেবল জনগণের কাছে। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, এবং জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম জানান, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের অবশ্যই রাজনৈতিক এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায় সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

এই কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাবে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই প্রস্তাব দেন। দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে এবং এই চাহিদা মেটাতে মিয়ানমার থেকে গ্যাস আমদানির জন্য বাংলাদেশ আগ্রহী।

মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন। পাশাপাশি, তিনি এলএনজি সরবরাহের সম্ভাব্যতা সম্পর্কেও আলোচনা করেন। জ্বালানিমন্ত্রীও এ প্রস্তাবের ব্যাপারে সাড়া দেন। সাক্ষাতকালে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইনের অতীত প্রস্তাব পুনরায় আলোচনার জন্য গুরুত্ব দেন। এই দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নিতে উভয় দেশের মন্ত্রীদের বৈঠক আয়োজনের প্রস্তাব দেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশে সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। প্রয়োজন হলে তিনি নিজেও মিয়ানমার সফর করতে চান। ইকবাল হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর গঠনের প্রস্তাব ছিল। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে পাইপলাইন স্থাপিত হলে তা ব্যাবসায়িক যোগাযোগ উন্নয়নের সহায়ক হতে পারে।

অন্যদিকে, মিয়ানমারের রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা করা যেতে পারে। সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%