০২:২৭ পি.এম
টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করার কারণে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে। একদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২২ জুন) সকালে স্পটটি পুনরায় চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নেমে এসেছে।
এর আগে, ধলাই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রোববার (২১ জুন) সাময়িকভাবে সাদাপাথর বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। হঠাৎ বন্ধের সিদ্ধান্তের ফলে পর্যটননির্ভর স্থানীয় শতাধিক ব্যবসায়ী চরম লোকসানের মুখে পড়েন।
তবে আজ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে আবারও স্পটটি খুলে দেওয়া হয়েছে। ফলে পুরো এলাকায় আবারও পর্যটকদের কোলাহল ও প্রাণচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘ অপেক্ষার পর সাদাপাথরের শীতল জল এবং পাথরের সৌন্দর্য উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। একযোগে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও নৌকাচালকদের মাঝেও।
আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া সময় সংবাদকে জানিয়েছেন, পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় পর্যটকদের জন্য সাদাপাথর পর্যটনকেন্দ্রটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও লাইফগার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আবার চাঙ্গা হয়ে উঠবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন