০৮:২৫ পি.এম
রেলের সম্পত্তি নতুন করে আর লিজ দেওয়া হবে না, জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেওয়া হবে না। যেসব লিজ বর্তমানে রয়েছে, সেগুলোকে পর্যবেক্ষণ করা হবে। যেসময় আইনি বাধা থাকবে না, তখন লিজ বাতিল করে জমিগুলো পুনর্গঠন করা হবে। রেলের অনেক জায়গায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামে রেলের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেসব স্থাপনাগুলো ভাড়া দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি একটি বক্তব্য দেন। বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এটি একটি গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। তাই যেকোনো অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।
রেলের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রশিদ জানান, বর্তমান ব্যবস্থায় দলীয়করণের সুযোগ নেই। কিন্তু এরপরও যদি কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তিনি উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়াতে সরকার কাজ করছে। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং ভ্রমণ সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কমে আসবে। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এসময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন