০৬:১৮ এম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক।
বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বি-পক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়া পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।
তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশিদের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগী হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।
এছাড়া বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পাটপণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ নিয়েও বৈঠকে কথা হয়েছে। এক্ষেত্রে তুরস্কের ফার্স্ট লেডি বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১৭৭ বাংলাদেশি সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের যেসব স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরেন।
এ ছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কে তিনি তুরস্কের ফার্স্ট লেডিকে জানান।
এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রফতানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-তুরস্ক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়ার সময় এমিনে এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি তৈরির তদন্তের নির্দেশ
দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেয়া হয়েছে।
এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।
তিনি জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এলক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জন আটক
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
শামা ওবায়েদ আরও বলেন, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এমিনে এরদোয়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন