ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজৈরে অভিনব কায়দায় প্রবাসীর বাড়িতে ৭০ লাখ টাকার মালামাল চুরি


রাজৈরে অভিনব কায়দায় প্রবাসীর বাড়িতে ৭০ লাখ টাকার মালামাল চুরি

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বসতঘরের টিন কেটে বিশেষ কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাতের কোনো একসময় রাজৈর উপজেলার ইউসুবপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী নূর আলম ফকির (৩৮) ওই গ্রামের মৃত আব্দুল মান্নান ফকিরের ছেলে। তিনি দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন।

আরও পড়ুন: কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান আরমান মিয়া গ্রেফতার

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নূর আলম ফকির, তাঁর স্ত্রী রোমেচা আক্তার, শ্যালিকা শাহিদা বেগম, শ্যালিকার দুই সন্তান ও তাঁদের নিজেদের এক সন্তানসহ মোট ছয়জন ছিলেন। রাতের কোনো একসময় চোরেরা ঘরের দরজার পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিশেষ কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে আলমারি থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা, ২০০ সিঙ্গাপুর ডলার ও ৩২৩ মালয়েশিয়ান রিঙ্গিত। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যদের ধারণা, চোরেরা ঘরে প্রবেশের আগে টিন কেটে একটি লোহার পাইপের মাধ্যমে কোনো ধরনের স্প্রে করে তাঁদের অচেতন করে থাকতে পারে। কারণ, ঘটনার রাতে পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। চুরির পরদিন তাঁদের প্রত্যেকের শরীরে অসুস্থতা ও অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা দেয়। তবে অচেতন করার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, “ছেলের জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে এসেছিলাম। এ সময় আত্মীয়স্বজনও বাড়িতে ছিলেন। ঘটনার রাতে হঠাৎ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের মনে হয়েছে, কেউ হয়তো চেতনানাশক কিছু ব্যবহার করেছে। দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় পরিশ্রম করে যা কিছু সঞ্চয় করেছি, তা এভাবে হারিয়ে আমরা দিশেহারা। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুন: কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নূর আলমের স্ত্রী রোমেচা আক্তার বলেন, “ঘটনার রাতে আমরা ছয়জন ঘরে ছিলাম। কিন্তু কেউ কোনো শব্দ বা নড়াচড়া টের পাইনি। সকালে উঠে চুরির বিষয়টি বুঝতে পারি। আমরা চাই, পুলিশ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।”

এ ছাড়া নূর আলমের শ্যালিকা শাহিদা বেগম ও বড় ভাই সাইদুল ফকিরও এ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরচক্রকে শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রবাসীর পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের শনাক্তের বিষয়ে তাঁরা এখনো আশানুরূপ অগ্রগতি পাননি। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেষ্টাই মুন্নার সাফল্যের চাবিকাঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


চেষ্টাই মুন্নার সাফল্যের চাবিকাঠি

আমিরুল ইসলাম মুন্না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৮তম বিজেএস ছিল তার জন্য পঞ্চম বিজেএস। শারীরিক অসুস্থতা এবং করোনা মহামারির কারণে একাডেমিক লাইফের কাছাকাছি সময়ের দুটি বিজেএস প্রস্তুতি তিনি বাদ দিয়েছিলেন, তবে প্রিলিমিনারিতে আটকে যান। অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর ১৬তম বিজেএস ছিল তার প্রস্তুতিসহ প্রথম বিজেএস। প্রিলি-রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেননি। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষাকে তিনি বলেছিলেন তার জীবনের সেরা পরীক্ষা; তথাপি ১৭তম জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত হননি। এসব প্রতিকূলতা অতিক্রম করে ১৮তম বিজেএসে তার সফল যাত্রা শুরু হয়।

শুরুর ঘাত-প্রতিঘাত ও আইনে আসা

জীবনের প্রথম লগ্ন থেকেই বাস্তবতার অনেক প্রতিকূলতা তাকে অতিক্রম করতে হয়েছে। স্কুলে পঞ্চম শ্রেণির পড়াশোনা শেষ করে পারিবারিক অসচ্ছলতার কারণে গ্রামের মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে হয়েছিল তাকে। তার ভাষায়, ‘আমি বলব, পড়াশোনা করতে পেরেছি, তাও অনেক।’ মাদরাসা থেকে দাখিল ও আলিম দুটোতেই তিনি জিপিএ ৫ অর্জন করেন। কলেজে পড়া এক পরিচিত বন্ধুর মন্তব্য ছিল, ‘মাদরাসা থেকে জিপিএ ৫ পাওয়া কলেজ থেকে ৩.০০ পাওয়ার সমান।’ কথাটি গ্রহণ করতে না পারলেও তিনি একটি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বাকি পড়াশোনা চালিয়ে যাবেন, না হলে ইন্টারমিডিয়েটের পর দেশের বাইরে চলে যাবেন। কিন্তু তা আর হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার স্বপ্ন ছিল, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ করেননি। প্রয়োজনে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ঢাবিতে পড়বেন—এমন পরিকল্পনা ছিল। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোচিং করলেও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম পূরণ করেননি। সেই স্বপ্ন ভঙ্গ হলো ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষার পর, যখন তৎকালীন ভিসি ঘোষণা দিলেন—‘এখন থেকে আর দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকছে না।’ নিরুপায় হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আইন বিভাগে ভর্তি হন।

আইনকে মানবিক বিভাগের ছাত্রদের জন্য সেরা বিষয় হিসেবে ভাবা হতো। মানবিক বিভাগের ছাত্র হিসেবে ‘পড়লে সেরাটাতেই পড়ব’—এই চিন্তা থেকে তিনি আইন পড়তে আসেন। অনার্সের শেষ একটি পরীক্ষা করোনা মহামারির কারণে অনুষ্ঠিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য তার যাত্রা থমকে ছিল। কিছুটা ভীতু হওয়ায় পড়াশোনা না করলে মহামারির পরে বিপদে পড়বেন—এমন চিন্তা করতে সাহস পাননি। অবশেষে লকডাউন শেষ হলে অনার্সের শেষ পরীক্ষাটি দিয়ে মুক্তি পান।

বিচারক হওয়ার স্বপ্ন ও উদ্দেশ্য

আইন পড়ার কারণে তার ইচ্ছা ছিল, বিচারকের আসনে বসবেন এবং পরে নিজেকে উচ্চ আদালতে বিচারপতি হিসেবে দেখতে চান। অথবা আইন পেশায় নিযুক্ত থেকে ইতিহাসে নাম থাকে এমন আইনজীবী হবেন। সেই লক্ষ্যে তিনি অন্য কোনো চাকরির জন্য আবেদন করেননি। আল্লাহ তার মনের আশা একাংশে পূরণ করেছেন, বাকিটাও পূরণ করবেন বলে তিনি আশা করেন।

প্রিলির প্রস্তুতি

প্রস্তুতির ক্ষেত্রে তিনি আলাদা কোনো বই পড়েননি। প্রিলির জন্য বেয়ার অ্যাক্টকে প্রাধান্য দিয়ে এগিয়েছেন। তার মতে, প্রিলির জন্য খুঁটিনাটি-সহ বেয়ার অ্যাক্ট ভালো করে পড়লে যথেষ্ট। কেবল পারিবারিক আইনে কিছু টার্ম, সাংবিধানিক আইনে কিছু ডকট্রিন ও মামলা-সংক্রান্ত তথ্য, অন্যান্য আইনগুলোর ম্যাক্সিম/ডকট্রিন মাথায় রাখতে হবে। বাকি আইনগুলো মোটামুটি একই ধাঁচে পড়লে প্রিলি পাস করা কঠিন কিছু হবে না। আর জেনারেল সাবজেক্টগুলোতে সাধারণ জ্ঞান ছাড়া তিনি অতটা দক্ষ ছিলেন না, তাই এ বিষয়ে সাজেশন দেওয়া সঠিক মনে করেন না।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার জন্য পূর্ববর্তী বছরগুলোর আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে বেশ কিছু প্যাটার্ন পেয়েছিলেন তিনি। কোন জোন থেকে প্রশ্ন আসে, কোন জোন থেকে বিকল্পভাবে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সাম্প্রতিক সময়গুলোতে প্রশ্নের ধরন বা সিলেকশনে কী পরিবর্তন এসেছে—এই বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। নিয়মিত কোর্ট প্র্যাকটিসে থাকার কারণে পরীক্ষার জন্য বেশি সময় দিতে পারতেন না। প্রতি ১০০ মার্কের জন্য তার বাজেট ছিল চার দিন। বড় সাবজেক্ট হলে ১০০ মার্কের জন্য ছয় দিন। পরীক্ষার দুমাস আগে থেকে কোর্ট বন্ধ রাখতেন। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষা ছিল তার জীবনের সেরা পরীক্ষা; তথাপি ১৭তম জুডিশিয়ারির ভাইভায় সুপারিশপ্রাপ্ত হননি।

ভাইভার প্রস্তুতি

ভাইভার প্রস্তুতির ক্ষেত্রে পড়াশোনার প্রস্তুতি আগের মতোই ছিল। তার পড়ার ধরনে একটি ভিন্ন মাত্রা ছিল। পড়ার সময় প্রিলির প্রশ্ন হয়, এমন টপিক বা ধারাকে ‘P’ দিয়ে, লিখিতের বিষয় হলে ‘W’ দিয়ে, ভাইভার বিষয় হলে ‘V’ দিয়ে চিহ্নিত করে রাখতেন। ফলে প্রতিবার রিভিশন দেওয়ার সময় প্রত্যেকটিকে তার জোনের হিসাবে রিভিশন করা হতো। এতে ভাইভার জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হতো না। পড়াশোনার বাইরেও ভাইভার জন্য নিজ জেলা, বিচারক হওয়ার ইচ্ছা, সিদ্ধান্তে অটল থাকার দৃঢ়তা, প্রভাবিত না হওয়ার বিষয়, প্র্যাকটিক্যাল নলেজ—এসব বিষয়ে কিছু ধারণা রাখতে হয়।

জীবনের টার্নিং পয়েন্ট

তার জীবনে একটি টার্নিং পয়েন্ট ছিল। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত তার রোল নম্বর ৭/৮-এর মধ্যে থাকত। নবম শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুর একটি কথায় তিনি খুব খারাপ লেগেছিলেন। তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে আর ‘রোল ১’-এ থাকতে দেবেন না। এরপর থেকে নিয়মিত পড়াশোনা শুরু করেন, নোট করে এগোতে থাকেন। পরের বছর রোল ১-এ চলে আসেন, একই সঙ্গে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পুরো প্রতিষ্ঠানের সব শ্রেণির সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন। সে বছর নিজের আত্মবিশ্বাস ও ডিসিপ্লিনের ওপর এমন একটি শিক্ষা পান, যা আজও তার আত্মবিশ্বাসের উৎস। তিনি বুঝতে পারেন, কোনো লক্ষ্য নিয়ে গোছানোভাবে এগোলে তা অর্জিত হবেই। এ প্রসঙ্গে শাহরুখ খানের একটি ডায়ালগ প্রায়ই স্বগতোক্তি করেন—‘আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কী কোশিশ মেঁ লাগ জাতি হ্যায়।’

নতুনদের জন্য পরামর্শ

নতুনদের জন্য তার পরামর্শ হলো—একটি জিনিস ছোট হলেও সময় দিয়ে পুরোটা বুঝে পড়া ও গুছিয়ে নোট করা এবং একই বই থেকে সবসময় পড়া উচিত। আইনে থাকা একটি শব্দও যদি অর্থহীন মনে হয়, তবে বুঝতে হবে ওই লাইনটি আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া আইনে সংশোধনী এলে সংশোধনীটি প্রিন্ট করে নিজের বইয়ে রাখতে হবে, নতুন বই নেওয়া যাবে না; নতুন বই নিলে পিক্টোরিয়াল মেমোরি নষ্ট হয়ে যায়। আর পড়ার সময় সংশ্লিষ্ট টপিকে ‘আমি কিছুই জানি না; কিংবা আমি যা জানি, তা তুলনামূলকভাবে খুবই অল্প’—এই চিন্তা নিয়ে পড়া উচিত। তাহলে সহজে মনে রাখা যায় এবং দীর্ঘ সময় মনে রাখা যায়। আরেকটি বিষয়—হতাশ হওয়া যাবে না। আপনার জন্য কী নির্ধারিত আছে, সেটা আপনি জানেন না, সৃষ্টিকর্তা জানেন। তাই হাল ছাড়া যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


পোশাক শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মানতে সরকার আগ্রহী এবং একমত পোষণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ইউএন গ্লোবাল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার ধৈর্য ধরে আছে এবং আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, "ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।" শ্রমিকদের দাবি-দাওয়া মানতে সরকার আগ্রহী এবং একমত পোষণ করেছে।

শামা ওবায়েদ শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের সমর্থন থাকার কথা জানিয়ে বলেন, সরকার তাদের ন্যায্য পাওনা ও দাবি পূরণে প্রস্তুত। তবে তিনি সতর্ক করেন যে, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে পতিত সরকার।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের অর্থ লুট ও পাচার করে বাংলাদেশের অর্থনীতি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে পতিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশ যখন গণতান্ত্রিক পথে এগোচ্ছে, অর্থনীতি সচল হচ্ছে এবং ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা ফিরছে, তখনই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।"

তিনি যোগ করেন, "বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, তখনই অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে।"

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। তিনি বলেন, "আমরা স্থিতিশীল আছি। সব কিছুরই একটা সীমা আছে। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেব অসুস্থ হয়ে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসুস্থ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে গেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

১৬ নভেম্বর সোমবার রাত ১০ টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে যান হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এ সময় দুধরচকী চিকিৎসকদের কাছ থেকে অসুস্থ হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন। এসময় দুধরচকীর সঙ্গে ছিলেন এম এ ওয়াহিদ।

উল্লেখ্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী গত ১১/১১/২০২৬ ইং তারিখে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের সপ্তম তালায় ৭০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধিন আছেন।

হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শুভাকাঙ্ক্ষী আলিম, হাফিজ, আত্মীয় স্বজন সহ অনেক বন্ধু-বান্ধব, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ হাসপাতালে তাকে দেখতে গেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ডাক্তার সহ হাসপাতাল এর সকল কর্মকর্তা -করমচারীদের ধন্যবাদ জ্ঞাপন করে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন হাসপাতালের সেবার মান অনেক ভালো। হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবের সুস্থতার জন্য মুসলিম উম্মাহের কাছে দোয়া চেয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীতে ৩ লাখ ৬৮ হাজার ১৫৪ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "কোনো শিশুই এই টিকা থেকে বাদ যাবে না।" চসিকের স্বাস্থ্যকর্মীরা নিবিড়ভাবে কাজ করে চলেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকার আওতায় আনছেন।

মঙ্গলবার দুপুরে, নগরের এনায়েতবাজারের তুলাতুলিতে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশাসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি অনুসন্ধান করে টিকা প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বাদ পড়া শিশুদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে অতিরিক্ত ও বিশেষ সেশনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, চসিক এলাকায় ৪১টি ওয়ার্ডে ৭টি ইপিআই জোনের মাধ্যমে সুনামের সঙ্গে ইপিআই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়ও টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ‘ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদি কোনো শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে নির্ধারিত হাম-রুবেলা টিকার ডোজ গ্রহণ করে থাকে, তবে যদি সে এই ক্যাম্পেইনের ডোজ থেকে বাদ পড়ে থাকে, তাহলে তাকেও ক্যাম্পেইনের আওতায় অতিরিক্ত এক ডোজ টিকা প্রদান করতে হবে। তবে পূর্ববর্তী ডোজের সঙ্গে ক্যাম্পেইন ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

চসিক সূত্র জানায়, নগর এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার ২১৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বর্তমানে ক্যাচ-আপ ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রায় ৪০ হাজার ১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ক্যাচ-আপ ক্যাম্পেইন মিলে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%