প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বসতঘরের টিন কেটে বিশেষ কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাতের কোনো একসময় রাজৈর উপজেলার ইউসুবপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী নূর আলম ফকির (৩৮) ওই গ্রামের মৃত আব্দুল মান্নান ফকিরের ছেলে। তিনি দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নূর আলম ফকির, তাঁর স্ত্রী রোমেচা আক্তার, শ্যালিকা শাহিদা বেগম, শ্যালিকার দুই সন্তান ও তাঁদের নিজেদের এক সন্তানসহ মোট ছয়জন ছিলেন। রাতের কোনো একসময় চোরেরা ঘরের দরজার পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিশেষ কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে আলমারি থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা, ২০০ সিঙ্গাপুর ডলার ও ৩২৩ মালয়েশিয়ান রিঙ্গিত। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্যদের ধারণা, চোরেরা ঘরে প্রবেশের আগে টিন কেটে একটি লোহার পাইপের মাধ্যমে কোনো ধরনের স্প্রে করে তাঁদের অচেতন করে থাকতে পারে। কারণ, ঘটনার রাতে পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। চুরির পরদিন তাঁদের প্রত্যেকের শরীরে অসুস্থতা ও অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা দেয়। তবে অচেতন করার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, “ছেলের জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে এসেছিলাম। এ সময় আত্মীয়স্বজনও বাড়িতে ছিলেন। ঘটনার রাতে হঠাৎ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের মনে হয়েছে, কেউ হয়তো চেতনানাশক কিছু ব্যবহার করেছে। দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় পরিশ্রম করে যা কিছু সঞ্চয় করেছি, তা এভাবে হারিয়ে আমরা দিশেহারা। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।”
নূর আলমের স্ত্রী রোমেচা আক্তার বলেন, “ঘটনার রাতে আমরা ছয়জন ঘরে ছিলাম। কিন্তু কেউ কোনো শব্দ বা নড়াচড়া টের পাইনি। সকালে উঠে চুরির বিষয়টি বুঝতে পারি। আমরা চাই, পুলিশ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।”
এ ছাড়া নূর আলমের শ্যালিকা শাহিদা বেগম ও বড় ভাই সাইদুল ফকিরও এ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরচক্রকে শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রবাসীর পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের শনাক্তের বিষয়ে তাঁরা এখনো আশানুরূপ অগ্রগতি পাননি। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন