০৯:৪৭ পি.এম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশাচালক ও ওই অটোরিকশার এক যাত্রীর। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন শনিবার ভোরে সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তিরা হলেন বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশা ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টির দিকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। যাত্রা পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বালুর স্তূপে সজোরে ধাক্কা দেয় এমনটাই পুলিশ ধারণা করছে। এর ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন এবং যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু ঘটে। তবে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে মৃত্যুর অন্য কোনো কারণও থাকতে পারে।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন