মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৩ এম
ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ধরনকে কিছুটা গা-ছাড়া বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই লিগে প্রমোশন এবং রেলিগেশন পদ্ধতি অনুপস্থিত থাকায় খেলোয়াড়দের মধ্যে একটি নির্লিপ্ত ভাব দেখা যায়।
এমএলএসের সঙ্গে প্রিমিয়ার লিগ বা ইউরোপের অন্যান্য লিগের তুলনা করতে বললে মুলার এই মন্তব্য করেন। জার্মানির সাবেক ফুটবলার, যিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের ক্যারিয়ার শেষ করে ২০২৫ সালের আগস্টে এমএলএসের ভ্যাঙ্কুভার দলে যোগ দেন, সম্প্রতি আগামী বছর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে তিনি বলেন, "ব্যবস্থাগত পার্থক্যের কারণে তুলনা করাটা কঠিন। এখানে কোনো রেলিগেশন নেই। বড় কোনো চাপও নেই।"
মুলার মনে করেন, চাপের অভাবের কারণে খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার তাগিদ কম থাকে। তিনি উল্লেখ করেন, "ইউরোপে যখন কোনো দল রেলিগেশনের ঝুঁকিতে থাকে, তখন পরের বছরের জন্য খেলোয়াড়দের চুক্তি পাওয়ার নিশ্চয়তা থাকে না। ফলে খেলার ধরন বদলে যায়। ইউরোপে লিগের তলানির কোনো দলের বিপক্ষে খেলতে গেলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এমএলএসের ব্যবস্থার কারণে আমার মাঝে মাঝে মনে হয়, এখানকার খেলার ধরন কিছুটা বেশি আশাবাদী, অথবা গা-ছাড়া।"
তিনি আরও যোগ করেন, "ফরাসিরা যেটাকে বলে ‘লেসে ফেয়ার’ অর্থাৎ অনেকটা স্বাধীনভাবে চলতে দেওয়া বা ঢিলেঢালা মনোভাব, এখানে ব্যাপারটা কিছুটা তেমন। এর একটা ভালো দিক হলো, ম্যাচ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন বেশ কিছু দারুণ আক্রমণাত্মক খেলা দেখা যায়। তুলনা করতে গেলে আমি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার অসাধারণ কিছু ঝলক দেখতে পাই।"
মুলার বলেন, "তবে মাঝে মাঝে যে বিষয়টি আমার চোখে পড়ে, তা হলো ধারাবাহিকতার অভাব। ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধানটা অনেক বেশি। বিষয়টিকে গলফের সঙ্গে তুলনা করা যায়। ধরুন, ১০ হ্যান্ডিক্যাপের একজন গলফারও কখনও কখনও এমন শট খেলতে পারেন, যা একজন পেশাদার গলফারও এর চেয়ে ভালো করতে পারবেন না। যেমন ফ্রি-কিক থেকে একেবারে ওপরের কর্নারে বল পাঠানো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে যে, বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য বিভিন্ন শ্রেণির খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান চলছে। সংস্থাটি গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গ্যাস বিল পরিশোধের জন্য অনুরোধ করেছে, যাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এড়ানো যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বিল পরিশোধ করতে হবে। তিতাস গ্যাস সকলকে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সতর্ক করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের মধ্যে রয়েছে তেজগাঁও থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ২ জন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ইজিবাইক চালক মো. মুন্না হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিজান খান (২৯), মো. হারুন মিয়া (৪৪), মো. জুয়েল (৩৯) এবং মো. সোহেল রানা (৩৮)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম মো. মুন্না পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। তিনি ১৭ নভেম্বর রাতে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। পরে ১৯ নভেম্বর দুপুরে যাত্রাবাড়ীর মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী গলি রাস্তার মাঝ বরাবর ওয়াসা পানির খালের ভেতর থেকে তার গলা, মুখ ও মাথায় কাটা জখমযুক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তের প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে প্রথমে আসামি মিজান খানকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে, মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর রাতে অপর তিন আসামি হারুন মিয়া, জুয়েল ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’-এ বাংলাদেশ দূতাবাসের স্টল পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরোর দৃষ্টি আকর্ষণ করেছে। লিসবনের ‘সেন্ত্রো দে কংগ্রেসোস দে লিসবোয়া’-তে আয়োজিত দুই দিনব্যাপী এই মেলায় ৬৩টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবার প্রদর্শিত হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ দূতাবাসের স্টলটি দেখেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সামগ্রী ও সংস্কৃতির প্রশংসা করেন। এ সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও উপস্থিত ছিলেন।
এএফডিপি নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টলটি দেশীয় কারুপণ্য, ঐতিহ্যবাহী উপকরণ ও মুখরোচক বাঙালি খাবারে সাজানো হয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও পর্তুগিজ নাগরিক ও বিভিন্ন দেশের দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে বাংলাদেশের স্টল পরিদর্শন করছেন এবং দেশীয় খাবারের স্বাদ গ্রহণ করছেন।
আয়োজক সূত্র জানায়, ২০ ও ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দাতব্য এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ পর্তুগালে মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।
দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা সম্ভব হচ্ছে এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ