প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ধরনকে কিছুটা গা-ছাড়া বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই লিগে প্রমোশন এবং রেলিগেশন পদ্ধতি অনুপস্থিত থাকায় খেলোয়াড়দের মধ্যে একটি নির্লিপ্ত ভাব দেখা যায়।
এমএলএসের সঙ্গে প্রিমিয়ার লিগ বা ইউরোপের অন্যান্য লিগের তুলনা করতে বললে মুলার এই মন্তব্য করেন। জার্মানির সাবেক ফুটবলার, যিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের ক্যারিয়ার শেষ করে ২০২৫ সালের আগস্টে এমএলএসের ভ্যাঙ্কুভার দলে যোগ দেন, সম্প্রতি আগামী বছর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে তিনি বলেন, "ব্যবস্থাগত পার্থক্যের কারণে তুলনা করাটা কঠিন। এখানে কোনো রেলিগেশন নেই। বড় কোনো চাপও নেই।"
মুলার মনে করেন, চাপের অভাবের কারণে খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার তাগিদ কম থাকে। তিনি উল্লেখ করেন, "ইউরোপে যখন কোনো দল রেলিগেশনের ঝুঁকিতে থাকে, তখন পরের বছরের জন্য খেলোয়াড়দের চুক্তি পাওয়ার নিশ্চয়তা থাকে না। ফলে খেলার ধরন বদলে যায়। ইউরোপে লিগের তলানির কোনো দলের বিপক্ষে খেলতে গেলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এমএলএসের ব্যবস্থার কারণে আমার মাঝে মাঝে মনে হয়, এখানকার খেলার ধরন কিছুটা বেশি আশাবাদী, অথবা গা-ছাড়া।"
তিনি আরও যোগ করেন, "ফরাসিরা যেটাকে বলে ‘লেসে ফেয়ার’ অর্থাৎ অনেকটা স্বাধীনভাবে চলতে দেওয়া বা ঢিলেঢালা মনোভাব, এখানে ব্যাপারটা কিছুটা তেমন। এর একটা ভালো দিক হলো, ম্যাচ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন বেশ কিছু দারুণ আক্রমণাত্মক খেলা দেখা যায়। তুলনা করতে গেলে আমি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার অসাধারণ কিছু ঝলক দেখতে পাই।"
মুলার বলেন, "তবে মাঝে মাঝে যে বিষয়টি আমার চোখে পড়ে, তা হলো ধারাবাহিকতার অভাব। ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধানটা অনেক বেশি। বিষয়টিকে গলফের সঙ্গে তুলনা করা যায়। ধরুন, ১০ হ্যান্ডিক্যাপের একজন গলফারও কখনও কখনও এমন শট খেলতে পারেন, যা একজন পেশাদার গলফারও এর চেয়ে ভালো করতে পারবেন না। যেমন ফ্রি-কিক থেকে একেবারে ওপরের কর্নারে বল পাঠানো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন