ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যায় ৪ আসামি গ্রেফতার


যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যায় ৪ আসামি গ্রেফতার

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ইজিবাইক চালক মো. মুন্না হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিজান খান (২৯), মো. হারুন মিয়া (৪৪), মো. জুয়েল (৩৯) এবং মো. সোহেল রানা (৩৮)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আরও পড়ুন: ঢাকার বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগের সদস্য বাসের আলম আটক

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম মো. মুন্না পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। তিনি ১৭ নভেম্বর রাতে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। পরে ১৯ নভেম্বর দুপুরে যাত্রাবাড়ীর মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী গলি রাস্তার মাঝ বরাবর ওয়াসা পানির খালের ভেতর থেকে তার গলা, মুখ ও মাথায় কাটা জখমযুক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তের প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে প্রথমে আসামি মিজান খানকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে, মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর রাতে অপর তিন আসামি হারুন মিয়া, জুয়েল ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থান বিদেশিদের জানানো হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করল বাংলাদেশ দূতাবাসের স্টল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


পর্তুগালের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করল বাংলাদেশ দূতাবাসের স্টল

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’-এ বাংলাদেশ দূতাবাসের স্টল পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরোর দৃষ্টি আকর্ষণ করেছে। লিসবনের ‘সেন্ত্রো দে কংগ্রেসোস দে লিসবোয়া’-তে আয়োজিত দুই দিনব্যাপী এই মেলায় ৬৩টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবার প্রদর্শিত হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ দূতাবাসের স্টলটি দেখেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সামগ্রী ও সংস্কৃতির প্রশংসা করেন। এ সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও উপস্থিত ছিলেন।

এএফডিপি নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টলটি দেশীয় কারুপণ্য, ঐতিহ্যবাহী উপকরণ ও মুখরোচক বাঙালি খাবারে সাজানো হয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও পর্তুগিজ নাগরিক ও বিভিন্ন দেশের দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে বাংলাদেশের স্টল পরিদর্শন করছেন এবং দেশীয় খাবারের স্বাদ গ্রহণ করছেন।

আয়োজক সূত্র জানায়, ২০ ও ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দাতব্য এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ পর্তুগালে মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।

দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা সম্ভব হচ্ছে এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে ৩ হাজার ৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


সাদুল্লাপুরে ৩ হাজার ৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে এবং সহকারী কৃষি কর্মকর্তা এনামুল কবির তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, যিনি বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মণ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম মিয়া এবং উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা আব্দুর রব সরকার।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপকৃত হচ্ছেন। কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৫ জন কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ডালের বীজ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ১ কেজি বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার ১৬ বছরে সর্বোচ্চ, ২০২৬ সালে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার ১৬ বছরে সর্বোচ্চ, ২০২৬ সালে ২৩ জনের মৃত্যু

২০২৬ সালের মধ্যে, ইসরাইলি সেনাবাহিনীর ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এ বছরই ১৬ বছরের মধ্যে সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা সর্বাধিক ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে, যা ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে আত্মহত্যা করা ২৩ জন সেনা ও কর্মকর্তা মৃত্যুর সময় কর্মরত ছিলেন। এছাড়া, গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালনকারী আরও ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। একই সময়ে, ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যার শিকার হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর আগের দশকে, ইসরাইলি সেনাবাহিনীতে প্রতি বছরে গড়ে প্রায় ১২ জন আত্মহত্যা করতেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাতজন সেনা আত্মহত্যা করেছেন। ২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২।

হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে চাকরি ছাড়ার পর আত্মহত্যা করা সেনাদের অন্তর্ভুক্ত করা হয় না। ফলে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করা ১৭ জনের মধ্যে ১০ জনের মৃত্যুর সাথে সামরিক দায়িত্বের জোরালো যোগসূত্র থাকতে পারে। আরও একটি ঘটনা পর্যালোচনাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর নতুন করে চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর নতুন করে চালু হচ্ছে

পলিয়ার ওয়াহিদ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকেল গড়িয়ে দুপুরের আলো। জাতীয় জাদুঘরের ছায়া শাহবাগের বুকে দীর্ঘ হয়ে নেমে এসেছে। সেই ছায়া ভেঙে জাদুঘরের সামনে দাঁড়িয়ে পড়ি। তৃতীয় তলায় পৌঁছানোর পর দেখা যায় ৩৭ নং গ্যালারি, যার নাম ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ ।

গ্যালারির ডানপাশের দেয়ালে তারুণ্যের রবীন্দ্রনাথ এবং যৌবনের বিদ্রোহী কবির দুটি সাদাকালো ছবি রয়েছে। রবীন্দ্রনাথের ছবির পাশে বাংলা ১৩০২ সনে লেখা ‘বঙ্গমাতা’ এবং কাজী নজরুলের ছবির পাশে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা। নজরুলের সামনে থাকা ডেস্কটি খালি, কিন্তু রবীন্দ্রনাথের ডেস্কে একটি আবক্ষ মূর্তি রয়েছে। আরও সামনে এগিয়ে ২৯ নং গ্যালারিতে দেখা যায় বিশাল তানপুরা বাজিয়ে জলসা জমিয়ে ফেলেছেন গায়ক নজরুল। যে তানপুরা এতদিন ছবিতে দেখা গেছে, সেটি সরাসরি দেখা হলো।

এছাড়া জাদুঘরের বিশ্রামাগারের একটি তাকেও রাখা হয়েছে নজরুলের কয়েকটি বই।

এসব স্মৃতিচিহ্ন দেখার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরের স্বতন্ত্র কর্নারটি কোথায়? যেটি ‘নজরুল কর্নার’ নামে পরিচিত। অনুসন্ধান করে জানা যায়, সেটি ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। এটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। বিগত ১৫ বছর ধরে জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল। নজরুলের অমূল্য স্মৃতিচিহ্নগুলো এখন স্টোররুমে রয়েছে। তবে আশার কথা, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে কর্নারটি আবার চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

কেন এত বছর ধরে ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল? কেন কর্নারের অধিকাংশ স্মৃতিচিহ্ন জাদুঘরের স্টোরে ছিল? এসব প্রসঙ্গ জানতে প্রথমে কথা হয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হকের সঙ্গে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেন ১৫ বছর জাতীয় জাদুঘরের নজরুল কর্নার বন্ধ করে রেখেছিল, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় ২০১১ সালে তৎকালীন সরকার ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন মুনতাসীর মামুন, আবু দেলওয়ার, ফিরোজ মাহমুদ (বর্তমানে বাকপ্রতিবন্ধী) ও পিডি জাহাঙ্গীর হোসেন। ফলে সেই কমিটির সিদ্ধান্তে নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়।’

কোথায় সরিয়ে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নজরুল-রোকেয়ার সামান্য কিছু স্মৃতি রেখে সব ব্যবহার্য জিনিসপত্র স্টোরে রাখা হয়। জায়গা না থাকার কারণে কর্নার আর রাখা সম্ভব হয় না।’

জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। কিন্তু ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর, গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ৭৫ সালের সময়কালের ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মারকগুলোর বিন্যাস আরও নিখুঁত ও আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রকাশ চন্দ্র দাশ।

উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে ফোন করলে তিনি বলেন, ‘আমার শরীর ভালো না, কানেও শুনি না। অনেক আগের কথা এখন কিছু বলতে পারব না।’

ওই কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর আগের ঘটনা। যতটুকু মনে পড়ে ঐ গ্যালারিগুলো ছিল ইতিহাস বিভাগের। আর গ্যালারিগুলো খালি করে আমাকে কমিটির মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপনার জন্য। আমরা ১৭৫৭ সাল থেকে ধারাবাহিকভাবে ইতিহাস উপস্থাপন করেছি। এই ধারণার সাথে কোনো কর্নার কনসেপ্ট যায় না।’

উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ১৫ বছর আগের কথা ঠিক মনে করতে পারছি না। তবে জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলাম। সেই কমিটির কোনো মিটিংও হয়েছিল কি না সন্দেহ।’

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা বলেন, ‘জাতীয় কবির নামে কর্নার হওয়া ছিল খুবই আনন্দের। কিন্তু একটা মহল নিশ্চয়ই নজরুলকে অবহেলা করেছে। নজরুল যতটা বড় ঠিক সেই বড়ত্ব ধারণ করা হয়নি। সেটা আমাদের পাঠ্য ও বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস দেখলেই বোঝা যায়। নজরুলকে মেনে নিতে কিছু কিছু মহলের আপত্তির কারণে হয়তো নজরুল কর্নার বন্ধ করা হয়েছিল।’

জাতীয় কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘যখন এটা উদ্বোধন করা হয় তখন আমি উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জাতীয় কবির নামের এ কর্নার বন্ধ হয়ে যাওয়া তো ভালো লক্ষণ না। নজরুল কর্নার কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানি না।’

কবি, প্রাবন্ধিক, নজরুল গবেষক ও নজরুলের জীবনীভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ এর লেখক কবি মজিদ মাহমুদ বলেন, ‘জাতীয় জাদুঘরে নজরুল কর্নার করার পরে সরিয়ে নেয়া মোটও ভালো লক্ষণ নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা রয়েছে। তবে যে কারণেই কর্নারটি সরানো হয়ে থাকুক, দ্রুত তা পুনঃস্থাপন করা প্রয়োজন। কোন সিদ্ধান্তে এটি সরানো হয়েছিল, কারা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একজন নজরুল গবেষক ও লেখক হিসেবে আমি মনে করি, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রদর্শনব্যবস্থা থাকা অপরিহার্য।’

জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘নজরুল কর্নার ছিল এটা মনে পড়ে না। ২০১৮ সাল পর্যন্ত কোন কর্নার ছিল না।’

এদিকে জাতীয় কবির স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আবারও ‘নজরুল কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা কিছু করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা না হলে নজরুলের ব্যবহার্য অমূল্য সামগ্রী স্টোরে পড়ে থাকবে কেন?

তিনি বলেন, সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করতে পারব।

দীর্ঘদিন পর নজরুল কর্নার পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে শুধু একটি কর্নার চালু করাই যথেষ্ট নয়, কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারকের যথাযথ সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ নিশ্চিত করাও জরুরি। জাতীয় জাদুঘরে নজরুলের জন্য একটি স্থায়ী ও সমৃদ্ধ প্রদর্শনব্যবস্থা গড়ে উঠুক এমন প্রত্যাশা সকল নজরুল প্রেমীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%