ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন


২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দ্বারা। ২৭ আগস্ট এই অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার ১১ আগস্ট, জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হবে।

আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৫ জুলাই। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির ডিজিটাল সেবায় নতুন সংযোজন: উদ্বোধন হলো সফটওয়্যার ও অ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বাকৃবির ডিজিটাল সেবায় নতুন সংযোজন: উদ্বোধন হলো সফটওয়্যার ও অ্যাপ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দুইটি সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। এর মাধ্যমে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদন, পিএইচডি ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ই-ডায়েরি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

নতুন চালু হওয়া তিনটি সেবার মধ্যে রয়েছে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার ধারাবাহিকতায় তিনটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হলো। স্নাতক পর্যায়ের বিল অনলাইনে করার পর এবার মাস্টার্স পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিলও অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইআরপি (ERP) সিস্টেমের মাধ্যমে শিক্ষকরা কাগজের পরিবর্তে অনলাইনে সহজেই এ বিল জমা দিতে পারবেন। এতে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং পেপারলেস ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।’

আইওএসভিত্তিক ই-ডায়েরি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ই-ডায়েরি অ্যাপটি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হয়ে আসছিল। শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের চাহিদার পরিপ্রেক্ষিতে এটিকে আইওএসভিত্তিক করা হয়েছে। “মাই-বাউ (MyBAU)” নামে নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। শিগগিরই এটি অ্যাপ স্টোরে আপলোড করা হবে।’

পিএইচডি ভর্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে পিএইচডিতে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন, ভর্তি ফরম পূরণ ও ভর্তি ফি জমাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি চালু করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাকৃবির একাডেমিক ও প্রশাসনিক সেবা আগের চেয়ে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ধীরে ধীরে অনলাইনভিত্তিক করার মাধ্যমে আমরা একটি আধুনিক ও পেপারলেস ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার ড হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আইসিটি সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আশুলিয়ায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। 

এর আগে সোমবার (১০ আগস্ট) রাতে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম মো. শাহিন (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. রাশেদ মিয়াসহ পুলিশের একটি দল আশুলিয়া থানার কবিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় চিহ্নিত মাদক কারবারি শাহিনকে আটক করে তার কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার ইয়াবার ওজন ৩৪০ গ্রাম এবং মূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার শাহিন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ডিবি পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কর্মকর্তা যোগদানের ৩ মাস পরও দায়িত্ব হস্তান্তর হয়নি, এক চেয়ারে দুই কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


নতুন কর্মকর্তা যোগদানের ৩ মাস পরও দায়িত্ব হস্তান্তর হয়নি, এক চেয়ারে দুই কর্মকর্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে একই পদে দুই কর্মকর্তাকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। নতুন কর্মকর্তা যোগদানের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী দায়িত্ব হস্তান্তর করেননি এমন অভিযোগ উঠেছে।

এতে একদিকে যেমন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে, অন্যদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনাও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিশাদ তামান্না চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিনকে নাগেশ্বরী উপজেলার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।

এরপর গত ৬ এপ্রিল নাগেশ্বরী উপজেলার মূল দায়িত্বের পাশাপাশি ভূরুঙ্গামারী উপজেলার অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন সোহেলী পারভিন। তবে যোগদানের পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও তিনি এখনো ভূরুঙ্গামারী কার্যালয়ের দায়িত্ব বুঝে পাননি বলে অভিযোগ করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন বলেন,যোগদানের পর আগের কর্মকর্তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে দায়িত্ব হস্তান্তরের জন্য জানানো হয়েছে। কিন্তু এখনো তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি।

অভিযোগ রয়েছে, ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তী রানী বর্তমানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত থাকায় প্রভাব খাটিয়ে দায়িত্ব হস্তান্তর করছেন না।

তবে অভিযোগের বিষয়ে জয়ন্তী রানীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দীর্ঘদিন ধরে একই পদে দুই কর্মকর্তার অবস্থান এবং দায়িত্ব হস্তান্তর না হওয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত এ জটিলতার নিরসন করে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূর লাশ বিছানায়, গরু-ছাগলসহ উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


গৃহবধূর লাশ বিছানায়, গরু-ছাগলসহ উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

নেত্রকোনার মোহনগঞ্জে মুন্নী আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের দাবি, মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুন্নী আক্তার কয়ড়াপাড়া গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী এবং উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে স্বামীর ঘরে মুন্নীর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে বিছানায় রেখে চলে যান। গভীর রাতে পুলিশ খবর পেয়ে গিয়ে বিছানায় শোয়ানো অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করে।

মুন্নীর চাচাতো ভাই মো. মিঠু জানান, রাত সাড়ে ১০টার দিকে সোহাগের পরিবারের লোকজন ফোন করে মুন্নী ফাঁস নিয়েছেন এবং মারা যেতে পারে বলে জানান। পরে তারা সেখানে গিয়ে একটি কক্ষে বিছানার উপর মুন্নীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা গরু-ছাগল নিয়ে বাড়ি থেকে চলে যান।

মিঠু বলেন, মুন্নীকে হত্যার পর তার মরদেহ ফাঁসিতে ঝোলানো হয় এবং পরে মাথায় পানি ঢেলে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ ঘটনায় সোহাগসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। মরদেহ দাফন শেষে থানায় অভিযোগ করা হবে।

এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে মুন্নীর লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে। লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পরিবারের লোকজন মাথায় পানি ঢেলেছিলেন বলে জানা যায়। তবে প্রকৃতপক্ষে কীভাবে মুন্নীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে জেলা সদরে একটি সভায় রয়েছেন। তিনি থানায় ফেরার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%