০২:৫০ এম
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি জুয়েলারি দোকান থেকে চুরির অভিযোগ উঠেছে। ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি গেছে বলে জানা যায়। এ ঘটনায় মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত থেকে রোববার (২৬ জুলাই) ভোরের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দারুস সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স থেকে ২০০ ভরি স্বর্ণালংকার এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
আরও পড়ুন: ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। এই চুরির ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মার্কেটের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী রাতে দায়িত্বে ছিলেন। তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে। এর পরেই দুর্বৃত্তরা দুটি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে যায়।
আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন জানান, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৭ বছরের কিশোর নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন