ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
সেমিনারে বক্তারা

মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির আহ্বান


মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির আহ্বান

হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য মুসলিম উম্মাহর ঐক্য, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নেতারা।

তারা উল্লেখ করেছেন যে, পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে যেকোনো হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে ‘হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদায় মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই : বাণিজ্যমন্ত্রী

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র দুই মসজিদ শুধু সৌদি আরবের নয়, বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। তাই হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও পবিত্রতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে সচেতনতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

বক্তারা জানান, মক্কা-মদিনাসহ বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তৈলশোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ। সব পক্ষকে আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তারা।

আরও পড়ুন: সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সেমিনারে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও পারস্পরিক অবিশ্বাস দূর করে ঐক্য, ভ্রাতৃত্ব, সংলাপ ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে আবেগনির্ভর প্রতিক্রিয়ার পরিবর্তে তথ্যভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল বক্তব্য, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করতে হবে। মুসলিমদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কোনো সমস্যার সমাধান হতে পারে না।

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্কের বিষয়ে বক্তারা মন্তব্য করেন যে, দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে হবে।

পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা থেকে মানুষকে সতর্ক করার ওপরও গুরুত্ব দেন তারা।

আরও পড়ুন: নাহিদের উদ্দেশে ইশরাকের মাদকবিরোধী কড়া বার্তা

বক্তারা সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক ও কার্যকর ভূমিকা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনার থেকে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সংস্থা, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং বেসামরিক মানুষের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বক্তারা।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মানযুর এ ইলাহী, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মুসলেহুদ্দীন, অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক, ড. শহীদুল্লাহ খান মাদানী, ড. মুহাম্মাদ নুরুল্লাহ, শাইখ জাহিদ হাসান মাদানী, ড. ইব্রাহিম আব্দুল হালীম ও ড. আব্দুল বাছির প্রমুখ।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

বক্তারা আশা প্রকাশ করেন যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সচেতনতা ও দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ পবিত্র হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ ছয়জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার দাবি স্বজনদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ এম


ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ ছয়জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার দাবি স্বজনদের

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ছয়জনের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা একই সঙ্গে সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া পরিচালিত রেস্তোরাঁ ও রিসোর্টের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

নিখোঁজদের একজন স্বজন জানান, একই পরিবারের নয়জন সদস্য তিন দিন আগে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তাঁদের থাকার জন্য যে রেস্তোরাঁটি নির্ধারিত ছিল, সেখানে আগুন লেগে যায়। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার বাসে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। ফেরার প্রস্তুতি চলছিল, কিন্তু ভোরে রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বিমানে ঢাকায় আসেন এবং হাসপাতালে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন।

তিনি আরও জানান, আগুন থেকে বের হতে সক্ষম হওয়া তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁদের আঘাত গুরুতর ছিল এবং উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, বাকি ছয়জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে তাঁকে জানানো হয়েছে। যদিও কয়েকজনের ছবি পাওয়া গেছে, তবে সেগুলোর মাধ্যমে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ওই স্বজন বলেন, ‘এখন প্রশাসন কীভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করবে, সেটিই বড় প্রশ্ন। আমার মনে হয়, এ ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা করাই সবচেয়ে ভালো উপায়। ভুল করে অন্য কারও মরদেহ নিয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। এখানে আরও কয়েকটি পরিবার তাঁদের স্বজনদের জন্য অপেক্ষা করছে। সবার কষ্ট ও উদ্বেগ একই রকম। তাই যথাযথ প্রক্রিয়ায় পরিচয় নিশ্চিত করেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা উচিত।’

তিনি আরও জানান, নিহত বা নিখোঁজদের মধ্যে তাঁরও আত্মীয় রয়েছেন। তিনি তাঁদের ছোট কাকা। পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁদের স্বজন। এ কারণে এ ঘটনা তাঁদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যটন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তাঁর দাবি, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া যেসব রেস্তোরাঁ ও রিসোর্ট পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে।

উল্লেখ্য, শনিবার সকালে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণহানি ও হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ এম


বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর মতো দেশত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দেশটির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই।

শুক্রবার পেশোয়ার হাইকোর্টে (পিএইচসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। খবর দ্য ডন অনলাইনের।

আচাকজাই বলেন, অতীতে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টো যেভাবে সমঝোতার মাধ্যমে স্বেচ্ছানির্বাসনে গিয়েছিলেন, ঠিক তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে ইমরান খানের ক্ষেত্রেও।

তিনি আরও বলেন, “বিশ্বের কোথাও একজন বন্দিকে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করা হয় না।” এ সময় তিনি বিতর্কিত সংশোধনী প্রত্যাহার, পার্লামেন্টকে কার্যকর ক্ষমতা দেওয়া এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানান।

আচাকজাইয়ের মতে, পার্লামেন্টকে ক্ষমতায়ন করা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী ও অন্যান্য আইনপ্রণেতাদের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী কোথায় আছেন, তা প্রকাশের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ তথ্য জানার অধিকার তাদের রয়েছে এবং এটি সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, “আমরা খাইবার পাখতুনখোয়ার জনগণের পাশে আছি। এ প্রদেশের খনিজ সম্পদের ওপর প্রথম অধিকার এখানকার মানুষের। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” দেশ টিকে থাকলে সবাই নিরাপদ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আচাকজাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) নেতারা। এছাড়া বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম) প্রধান সরদার আখতার মেঙ্গল এবং সিনেটে বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাসও উপস্থিত ছিলেন।

আচাকজাই বলেন, তারা সব বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শিগগিরই একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করবেন।

সম্মেলনে সরদার আখতার মেঙ্গল বলেন, যারা নিজেদের সংবিধানের প্রণেতা বলে দাবি করেন, তারাই সংবিধান পদদলিত করছেন। সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জরুরি অবস্থা ও গভর্নরের শাসন বাতিল চেয়ে আদালতে বিরোধীরা

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ঘোষণা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে শুক্রবার পেশোয়ার হাইকোর্টে আবেদন করেছে টিটিএপি। এসব পদক্ষেপকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন জোটের নেতারা।

আবেদনে বলা হয়, গত ১১ অক্টোবর পাকিস্তানের সংবিধানের ২৩২(১) ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় জারি করা জরুরি অবস্থার ঘোষণা অসাংবিধানিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত। এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সংবিধানে নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবিধানপ্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলে আবেদনকারীদের দাবি।

আবেদনকারীরা খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টে স্থানান্তরের উদ্যোগ এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক মন্ত্রিসভাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেকে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ এম


কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেকে ভর্তি

কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয় জনের মৃত্যুর পর, ওই পরিবারের আরও দুই সদস্য স্বামী-স্ত্রী আহত অবস্থায় ঢামেকে ভর্তি হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ইসমাইল রুহুল মাসুদ (৩৫), যিনি সীনহা গ্রুপের মার্চেন্ডাইজার, এবং তার স্ত্রী মেহেরুন্নেসা মিনা (৩০), যিনি প্রিমিয়ার ব্যাংকের চাকরিজীবী।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ার টেক সৈকতে কাঠের টুপটুপ রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসমাইলের চাচাতো ভাই মমিন মিয়া জানিয়েছেন, তাদের পরিবারের ১০ জন সদস্য গত বুধবার কক্সবাজার রিসোর্টে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন গতকাল ফিরে আসেন এবং চার ভাগ্নি, এক ভাগ্নে ও এক নাতিসহ মোট ৬ জন মারা যান। আহত দুজন রিসোর্টের গ্লাস ভেঙে লাফিয়ে পড়ার সময় আহত হন; এতে ইসমাইল কোমরে আঘাত পান এবং তার স্ত্রী মেহেরুন্নেসা হাতে ও পায়ে আঘাত পান।

আহত দুজনকে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে আহত ইসমাইলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে এবং তার স্ত্রী মেহেরুন্নেসার বার্নের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে জানা গেছে, আহতদের মধ্যে কেউ দগ্ধ হননি। আহতদের বাসা উত্তরা দক্ষিণখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ এম


ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেছেন, "ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে।" তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু করতে হবে। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর মিরপুর বাংলা কলেজ, মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে মিরপুরে দখলমুক্ত ফুটপাত, শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, ডাক্তারকে বরখাস্তের নির্দেশ, আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ এবং ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল প্রথম সকালে রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশ আয়তনের তুলনায় অত্যন্ত জনবহুল একটি দেশ।" বিশেষ করে রাজধানী ঢাকায় বিপুলসংখ্যক মানুষের বসবাস। এত মানুষের শহরকে পরিচ্ছন্ন রাখা কঠিন হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা যখন কোনো কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমে পরিচ্ছন্নতার কাজ করো, তখন খুব দ্রুত একটি জায়গা পরিষ্কার হয়ে যায়।" কিন্তু শুধু নির্দিষ্ট কর্মসূচির মধ্যে এই কাজ সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজেদের উদ্যোগেও কাজ করতে হবে। পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্যের নিবিড় সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "একটি পরিবার ও তার আশপাশের পরিবেশ পরিষ্কার থাকলে সেই পরিবারের সদস্যদের সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে।" অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশ নানা রোগব্যাধির ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, "এত বিপুলসংখ্যক মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সবাইকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা করা কঠিন।" তাই আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সুস্থ রাখা। আর মানুষকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন এবং অনেকে প্রাণ হারাচ্ছেন।" ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হচ্ছে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, "নিজের বাসাবাড়ি, স্কুল-কলেজ, কর্মস্থল কিংবা যেকোনো প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে।" বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাস্তা, খাল, নদী ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এসব ময়লা জমে পরিবেশ দূষিত হয় এবং রোগজীবাণু ও মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়।" এ ক্ষেত্রে বিএনসিসি ও স্কাউট সদস্যদের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কেউ রাস্তায় ময়লা ফেললে তাকে বোঝানোর চেষ্টা করবে।" প্রয়োজনে তাকে সহযোগিতা করবে, যাতে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা হয়। মনে রাখতে হবে, "তোমরা শুধু নিজের জন্য নয়, সবার স্বার্থে কাজ করছো।" ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান প্রায়ই ওপরের দিকে থাকে, যা অত্যন্ত বিব্রতকর।" এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশ রক্ষার পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণে নিজের অতীত উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, "তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত একটি সংগঠনের মাধ্যমে ২০০৪-০৫ সালের দিকে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।" শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "এখন তোমাদের আমাকে ছাড়িয়ে যেতে হবে। তোমরা আরও বেশি গাছ লাগাবে। ইনশাআল্লাহ, তোমরা পারবে।" এ সময় সউদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের ইতিহাসও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "একসময় আরাফাতের ময়দান ছিল প্রায় বৃক্ষশূন্য। পরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে নিমগাছের চারা পাঠান।" বাংলাদেশের বিজ্ঞানীদের পরামর্শে সউদি আরবের আবহাওয়ার উপযোগী হিসেবে নিমগাছ নির্বাচন করা হয়েছিল। পরবর্তী সময়ে সেখানে নিমগাছের বিস্তার ঘটে। সেটি এখন ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। পরিচ্ছন্নতার ক্ষেত্রে জাপানের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "জাপানের রাস্তাঘাটে খুব কম ময়লা-আবর্জনা দেখা যায়।" এর পেছনে শুধু পরিষ্কার করার ব্যবস্থা নয়, বরং মানুষের ময়লা না ফেলার অভ্যাসও গুরুত্বপূর্ণ। নদী-নালা, খাল-বিল ও জলাশয় পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "পরিবেশ ও পানির দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।" যেখানে-সেখানে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। বক্তব্যের শেষ পর্যায়ে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।" ভবিষ্যৎ তোমাদের। এই দেশ তোমরাই পরিচালনা করবে।

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, "আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না।" এছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। তিনি রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, "নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।"

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, ডাক্তারকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সহকারী প্রেস সচিব জানান, এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়।" এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?" তিনি বলেন, "তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।" তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের এগিয়ে আসতে হবে। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে।" এর ফলে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তিনি বলেন, "সরকার ইতোমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে।" কিন্তু তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন- দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।"

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। গতকাল রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। তিনি কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। হাসান শিপলু জানান, এ সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%