ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

উপসচিব পদে শিক্ষা ক্যাডারের ৩৫৫ জনের আবেদন


উপসচিব পদে শিক্ষা ক্যাডারের ৩৫৫ জনের আবেদন

শিক্ষা ক্যাডারের ৩৫৫ জন কর্মকর্তা শিক্ষকতা পেশা ত্যাগ করে প্রশাসন ক্যাডারে উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। এর পেছনের কারণ হিসেবে উল্লেখযোগ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনের পর এই আবেদনগুলো জমা পড়তে শুরু করে।

আবেদনকারীদের মধ্যে দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা এবং শিক্ষা-সংশ্লিষ্ট প্রকল্পে দায়িত্বরত কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা ক্যাডারের নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রশাসন ক্যাডারে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে, যা বেশ কিছু কর্মকর্তার মধ্যে আগ্রহ জাগিয়েছে।

মোট ৩৫৫ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের তালিকায় একদিকে বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের নাম রয়েছে, অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তারাও আছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এছাড়া শিক্ষা খাতের উন্নয়ন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের একটি অংশও এই পদোন্নতির দৌড়ে যুক্ত হয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি অংশ দীর্ঘ সময় ধরে প্রশাসনিক দায়িত্বে কাজ করছেন, যদিও তাদের পদোন্নতি ও পদায়ন কাঠামো নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। নতুন এই সুযোগকে অনেকে ক্যারিয়ার অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছেন। একইসঙ্গে শিক্ষা ক্যাডার থেকে অনেক কর্মকর্তার প্রশাসন ক্যাডারে যাওয়ার আগ্রহ দেখানোর কারণে শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা খাতের জনবল ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে।

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। তখন চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।

ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে।

একই সঙ্গে প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ ও শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভ জন্মদিন মেসি; অতৃপ্তি থেকে অমরত্বে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


শুভ জন্মদিন মেসি; অতৃপ্তি থেকে অমরত্বে

২০১৬ সালে ভাঙা হৃদয়ে জাতীয় দলকে বিদায় বলেছিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার একটি ফাইনাল হার, সমালোচনা এবং অপূর্ণতার যন্ত্রণার কারণে মনে হয়েছিল, আর্জেন্টিনার জার্সিতে তাঁর গল্প এখানেই শেষ।

কিন্তু ফুটবল যেন তাঁর জন্য অন্য এক চিত্রনাট্যই লিখে রেখেছিল। ঠিক এক দশক পর, ৩৯তম জন্মদিনে সেই মেসিই সংগ্রহ করেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব। অবসর থেকে ফিরে এসে তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং বদলে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসও।

২০১৬ সালের সেই রাতে, চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি বলেছিলেন, 'আমার জন্য জাতীয় দল শেষ। আমি সবকিছু দিয়েছি। চ্যাম্পিয়ন হতে না পারার কষ্টটা খুব বেশি।' সেই সময় হয়তো তিনি কল্পনা করতেও পারেননি যে, একদিন তাঁর জাতীয় দলের ক্যারিয়ার এমন উচ্চতায় পৌঁছাবে। অবসরের সিদ্ধান্ত পাল্টানোর পর আর্জেন্টিনা ও মেসির স্বর্ণযুগ শুরু হয়।

টানা দুটি কোপা আমেরিকা শিরোপার পর ২০২২ সালে বিশ্বকাপ জয় এবং আরেকটি বিশ্বকাপে নতুন রেকর্ড তৈরির ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। গত পরশু অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ের ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। যদিও ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে হতাশায় মুখ লুকাতে হয়েছিল তাঁকে। তবে মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি সকলের সেরা।

তাঁর গল্প যে শেষ হওয়ার নয়, সেটিই আবারও দেখালেন তিনি। মহাতারকারা যে হতাশার পরে মহাদর্পে ফিরে আসে, তারই প্রমাণ রেখেছেন দুই অর্ধে দুটি গোল করে। এর ফলে, জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে ১৮ গোল নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক হয়েই এখন সবার উপরে। ম্যাচের শেষ মিনিটে মেসি যখন অস্ট্রিয়ার জালে নতুন করে বল পাঠালেন, তখন বিবিসির ধারাভাষ্যকার স্টিভ বাওয়া বলছিলেন, 'মেসির আরেক অমর মুহূর্ত।'

ম্যাচ শেষে মেসির কণ্ঠে ছিল তৃপ্তি এবং প্রশান্তির সুর, 'আমি খেলাটা উপভোগ করছি, মাঠে আনন্দ করছি। মানুষকে এভাবে খুশি করতে পারাটা আমাদের জন্য আনন্দের।' বিশ্বকাপে বর্তমানে ২৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৮টি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জর্দানের বিপক্ষে, এরপর নক আউট পর্বটি অপেক্ষা করছে। সুতরাং, গোলের এই সংখ্যা কোথায় গিয়ে থামে, সেটাই এখন ফুটবলবিশ্বের অন্যতম কৌতূহলের বিষয়। ষষ্ঠ বিশ্বকাপে খেলা মেসি তাঁর ১৮ গোলের মধ্যে ১৩টি করেছিলেন ২০১৬ সালে অবসর ভেঙে ফেরার পর। আর ১২টি গোল করেছেন ৩৫ বছর বয়স পার হওয়ার পর। যা অত্যন্ত অবিশ্বাস্য। এই বয়সেও মেসি ছাপিয়ে গেছেন তরুণ ও সেরা সময়ে থাকা খেলোয়াড়দের। যে বয়সে বেশিরভাগ ফুটবলার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে যান, সেই বয়সেই মেসি নতুন নতুন মহাকাব্য রচনা করছেন। গোল করছেন। রেকর্ড ভাঙছেন। ইতিহাস বদলে দিচ্ছেন। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুয়েম বালাগে তাই বলেছেন, 'মেসিকে নিয়ে বিশ্লেষণ অথবা তাঁর জন্য মূর্তি বানানোর সময়ই নেই। তিনি এত দ্রুত নতুন ইতিহাস গড়ছেন যে, তাঁর সঙ্গে তাল মেলানো কঠিন।'

বালাগের মতে, বয়স তো মেসিকে থামায়নি বরং আরো পরিণত করেছে। তিনি বলেন, 'আগের বিশ্বকাপগুলোতে এমন ম্যাচও দেখেছি, যেখানে ৯০ মিনিট খেলতে তাঁর কষ্ট হতো। কিন্তু এখন ম্যাচের শেষ মুহূর্তে তিনি অন্যদের মতো দৌড়াচ্ছেন। নিজের শরীরকে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো বোঝেন। মেসির গতির প্রয়োজন নেই, তিনি বুদ্ধিমত্তা দিয়েই ডিফেন্ডারদের হারিয়ে দেন।'

এক দশক আগে যে মানুষটি হতাশায় নিমজ্জিত হয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন, সেই তিনিই এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফুটবলে প্রত্যাবর্তনের মতো অনেক গল্প আছে। কিন্তু অবসর থেকে ফিরে এসে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার গল্প সম্ভবত একটিই। এবং সেই গল্পের নাম লিওনেল মেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন ১১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন ১১৯ জন

যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সাথে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে টিএমএসএস-রেইজ প্রকল্পের আওতায় বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সদরের ঠেঙ্গামারাস্থ টিএমএসএস বিনোদন জগৎ-এ এই মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ চাকরি মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসংস্থানের নতুন সুযোগের সন্ধানে আগত অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

মেলায় ১৮টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চাকরিপ্রার্থীদের জন্য ছিল অন-স্পট ইন্টারভিউ, লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ এবং চাকরির বাজার সম্পর্কিত তথ্যসেবা।

ফলে অংশগ্রহণকারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা উপস্থাপনের পাশাপাশি কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপ-मহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, রেইজ প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন মোঃ ফারুক হোসেন, টিএমএসএস পরিচালক আতিকুর রহমান প্রমুখ।

গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।

এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, টিএমএসএস উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের মূলধারায় যুক্ত করতে টিএমএসএস-রেইজ প্রকল্প বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদ্যোগ, চাকুরী মেলা যা চাকরিপ্রত্যাশী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।

উল্লেখ্য, মেলায় সাতশত এর অধিক সিভি জমা পড়ে এবং একশত উনিশ চাকরিপ্রত্যাশীকে অন-স্পট ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রদান করা হয়।

বাকি প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে পরবর্তী সময়ে চাকরির সুযোগ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

শিল্পকারখানার দূষিত বর্জ্যে পানি ও কৃষিজমি দূষণ বন্ধ করার লক্ষ্যে, কারখানা এলাকার একটি মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহারের নিশ্চয়তা প্রদান করতে হবে। এবং নতুন করে কোনো কারখানার দূষিত বর্জ্য যেন কৃষিজমি, খাল, নদী বা জলাশয়ে না যায়, সেই বিষয়ে কঠোর নজরদারি করা হবে।

বুধবার দুপুরে, ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ‘পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ও উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এর আগে, প্রতিমন্ত্রী উপজেলার ভরাডোবা ইউনিয়নের শিল্পকারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ভালুকার শিল্পাঞ্চলসংলগ্ন এলাকার প্রাণ-প্রকৃতি ও জলজ পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারি ফ্যাশন ও মুলতাজিম কারখানার বর্জ্যে প্রায় সাড়ে তিনশ একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে, যা প্রায় এক হাজার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব কারখানার লাগাম এখনই টেনে ধরতে হবে। দূষিত বর্জ্য নির্গমনের নালাগুলো দ্রুত সিলগালা করতে হবে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে, কারখানা বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত বর্জ্য খাল, নদী, বিল কিংবা অন্য কোনো জলাশয়ে ফেলা যাবে না। পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। যদি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে, প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এর পাশাপাশি, বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার।

এ সময়, এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা অ্যাডভোকেট এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%