ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ধারাবাহিকে ফিরছেন তটিনী


ধারাবাহিকে ফিরছেন তটিনী

দীর্ঘ পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

তিনি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

নাটকটিতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তটিনীর প্রথম লুক। সেই প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘ফিরে আসার গল্প’-এ তটিনীর সঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক তারকা।

এই নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে। পরে সম্প্রচারের তারিখ ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

 

এর আগে রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন তটিনী। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন তিনি।

অন্যদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে মুক্তির মাত্র আট দিনের মধ্যেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

এদিকে আজ প্রকাশ পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিলেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দেওয়া এই অভিযোগ গ্রহণ করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানি শেষে, এই মামলার পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে অন্য মামলায় গ্রেফতার থাকা ছয়জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী ২৫ অগাস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে সাংবাদিকদের কাছে মামলার বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, 'আমরা ১৯ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দিয়েছি। ইনভেস্টিগেশন এজেন্সি প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি নিজে বাদী হয়ে আজ ফরমাল চার্জ দাখিল করলাম।'

আন্দোলন চলাকালে ইয়ামিন হত্যার সেই মর্মান্তিক দৃশ্যের কথা স্মরণ করে তিনি বলেন, 'জুলাই আন্দোলনের সময় অত্যন্ত হৃদয়বিদারক যে ঘটনাটি ঘটেছিল— আসহাবুল ইয়ামিন, আপনারা সকলেই তার নাম জানেন। যাকে একটা এপিসিতে গুলি করে ওপর থেকে টেনেহিঁচড়ে রাস্তার ওই পাড়ে ফেলে দেওয়া হয়। পরে লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মৃত্যুবরণ করে।'

ওই ঘটনা সারা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছিল মন্তব্য করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'তার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে এবং দলমত নির্বিশেষে ছাত্র-জনতার সঙ্গে তারা সকলেই শরিক হয়েছিলেন।'

আদালতের পরিবেশের বর্ণনা দিয়ে তিনি বলেন, 'ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তারা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। আমাদের আবেদন অনুযায়ী যারা গ্রেফতার আছে, তাদের এই মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ করেছেন এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আগামী ২৫ অগাস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।'

এই মামলায় ১৯ আসামির মধ্যে অন্য মামলায় গ্রেফতার রয়েছেন ছয়জন। বাকি ১৩ জন পলাতক।

আসামিদের মধ্যে রয়েছেন— ঢাকা-১৬ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি শাহজামান ও আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ।

এছাড়া, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুলকেও আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্য সঠিক নয়, যা জানাল শিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্য সঠিক নয়, যা জানাল শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড ফেসবুকে ছড়ানো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বিভিন্ন পেজ ও গ্রুপে তথ্য ছড়িয়ে পড়লেও, জানানো হয়েছে যে আগামী ৩০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন, এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য।

ফল প্রকাশের বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রকাশের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। ২০ জুলাই ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, বর্তমানে ফলাফল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কারের হার ছিল কম।

এ বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সে হিসেবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষা বোর্ড এবার ফল প্রকাশে ব্যর্থ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে আসার জন্য জন্য উদগ্রীব হয়ে আছি: মধুমিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বাংলাদেশে আসার জন্য জন্য উদগ্রীব হয়ে আছি: মধুমিতা

অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। বাংলাদেশে তার কাজ করার গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি।

তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। 'গুলশানের চামেলি'র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে 'পাখি'খ্যাত এই অভিনেত্রীকে।

জানা গেছে, 'ডেডবডি', 'কিল হিম' ও 'রিভেঞ্জ'খ্যাত পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

কলকাতা থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে মধুমিতা সরকার বলেন, 'আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।'

অভিনেত্রী জানান, কিছুদিন আগে তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প এবং চরিত্র সম্পর্কে জানার পর কাজটির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।

মধুমিতা বলেন, 'গল্পটি খুবই দারুণ এবং চরিত্রটি আমার অনেক পছন্দ হয়েছে। কলকাতায় অনেক ধরণের কাজ করলেও এরকম চরিত্রে আমার কখনো কাজ করা হয়নি। চরিত্রটিতে অনেকগুলো লেয়ার রয়েছে, আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য।'

জানা গেছে, 'গুলশানের চামেলি' নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটির বিশেষত্ব হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে। একই চরিত্রকে কখনো নায়িকা, আবার পরিস্থিতির কারণে ভিন্ন এক রূপে দেখা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তবে মধুমিতার বিপরীতে আর কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, 'মাঝে তিন-চার মাসের একটা টাইমলাইন রয়েছে। এর পরেই ছবিটির শুটিং শুরু হতে পারে। তাছাড়া এখানে আর কে কে অভিনয় করছেন, এই বিষয়েও আমি এখনও কিছু জানিনা।'

বাংলাদেশে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত মধুমিতা। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি অনেক আগে থেকেই অনুভব করেন।

তার কথায়, 'কলকাতার বাইরে বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে আমার। আমি বিভিন্ন সময়েই সেটা টের পাই। সেই 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিক থেকে আমি সেটা খেয়াল করেছি। আজকে আমি যা হয়েছি বা যতটুকু ভালোবাসা পাচ্ছি তার বেশিরভাগটুকু জুড়েই রয়েছেন বাংলাদেশি দর্শকেরা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সেখানে এসে তাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি।'

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমাও নিয়মিত দেখেন মধুমিতা। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'পিপড়াবিদ্যা', 'টেলিভিশন' ও 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার', পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিমের 'মনপুরা'।

বাংলাদেশের শিল্পীদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, 'বাংলাদেশের অনেক কাজ দেখা হয় আমার। তাদের গল্প বলার ধরণ, উপস্থাপন এত চমৎকার! কি দারুণভাবে গল্প উপস্থাপন করেন। আমার খুবই ভালো লাগে। পছন্দের শিল্পী অনেকেই আছেন, একজনের নাম বললে দেখা যাবে আরেকজন যদি মাইন্ড করে বসে। মোশাররফ করিম আমার পছন্দের, উনার সঙ্গে আমি কাজও করেছি। এছাড়া চঞ্চল চৌধুরীও আমার ভীষণ প্রিয়। তার সঙ্গে কাজ করতে চাই। এর বাইরে তো শাকিব খান রয়েছেন, যিনি কিনা সেখানকার সবচেয়ে হিট, সুপারস্টার। সুযোগ পেলে তার সঙ্গে কাজ করতে চাই।'

ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় মধুমিতা সরকার। 'বোঝে না সে বোঝে না', 'কেয়ার করি না' ও 'চিনি'সহ একাধিক কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ।

এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত 'মেঘবালিকা' নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে 'গুলশানের চামেলি' হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে তার প্রথম কাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


তিস্তার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও

তিস্তার ভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। ‘তিস্তা নদী পাড়ের এলাকাবাসী’ ব্যানারে রবিবার (২৬ জুলাই) সকালে আয়োজিত এই কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসা দুই শতাধিক ভাঙনকবলিত মানুষ এতে অংশগ্রহণ করেন।

তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে রংপুর জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত স্থায়ী নদী শাসনের দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, বছরের পর বছর ধরে তিস্তার ভয়াবহ ভাঙনে হাজার হাজার হেক্টর কৃষিজমি ও শত শত বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তবুও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে কিছু জিওব্যাগ দেওয়া হলেও সেগুলি দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। তারা জানান, জিও ব্যাগে বালু ভরাটের খরচও তাদেরই বহন করতে হচ্ছে।

ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের জানান, তিস্তার ভাঙনে তার কয়েক বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। বর্তমানে তার বসতভিটাও ভাঙনের মুখে রয়েছে। তিনি বলেন, ‘পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা আর সাময়িক ব্যবস্থা চাই না, দ্রুত স্থায়ী নদী শাসনের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা চাই। তা না হলে আমাদের শেষ সম্বলটুকুও তিস্তা কেড়ে নেবে।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন যে, কোথাও ভাঙন দেখা দিলে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জরুরি ভিত্তিতে কিছু সাপ্লাই বস্তা বা জিওব্যাগ দেওয়া হয়। তিনি বলেন, ‘এটি মূলত ফার্স্ট এইড বা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্বেচ্ছাশ্রমের সহযোগিতায় এসব কাজ পরিচালিত হয়।’

তিনি আরো জানান, স্থায়ী প্রতিরক্ষা কাজের বিষয়ে কাজের গুরুত্ব নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, বরাদ্দ অনুমোদন এবং ঠিকাদার নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। তবে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ভাঙনরোধের ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি, প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে পর্যায়ক্রমে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%