মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৬ এম
নরসিংদী, ১২ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার দুই হাতবিহীন শিক্ষক দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করা শিক্ষক দুখু মিয়াকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হলে তিনি দুখু মিয়া এবং তার বিদ্যালয় সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক আরও জানান, সরকারের পক্ষ থেকে বিদ্যালয়টির নিবন্ধনসহ অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখোঁজ নেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) মিফতাহুলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দুখু মিয়া বলেন, ‘আমার বিদ্যালয় সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন, এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমার স্বপ্ন হলো প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা। সরকার ও প্রশাসনের সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’
আলতাফ হোসেন দুখু মিয়া জন্ম থেকেই দুই হাতহীন। শৈশবে তার বাবা পাতিলের ভূসোকালিতে পানি মিশিয়ে কালি তৈরি করে এবং কঞ্চিকে কলম বানিয়ে কলাপাতায় পা দিয়ে লিখতে শেখান। এভাবেই তিনি প্রাথমিক থেকে শুরু করে শিক্ষাজীবনের দীর্ঘ সিঁড়ি পার হয়ে ডিগ্রি পাসের অসাধারণ কৃতিত্ব দেখান। এরপর চাকরির আশায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেছেন, ঘুরেছেন নানা দপ্তরে। কিন্তু চাকরি পাননি।
অবশেষে আত্মকর্মসংস্থানের উদ্যোগী হন দুখু মিয়া। তার সেই মহতী উদ্যোগে অনেক শিশুর জন্য শিক্ষার সুযোগ তৈরি হয়।
বাবার দেওয়া জমি বিক্রির টাকা এবং নিজের জমানো অর্থ দিয়ে ২০০৭ সালে পৈতৃক জমিতে 'প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৫ জন শিশু পড়ালেখা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিরুদ্ধে গোল করে আল নাসরকে জয়ী করেছেন পর্তুগিজ মহাতারকা। গোল করার পর তার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৮১-এ পৌঁছেছে। এখন হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ১৯টি গোল।
কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৩-১ গোলে জয়লাভ করেছে। ৩০ মিনিটে অ্যাঞ্জেলোর গোলের মাধ্যমে সৌদি আরবের ক্লাবটি এগিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে আইমান ইয়াহিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলের মাধ্যমে ফারগোনা ব্যবধান কমায়। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলের ফলে আল নাসরের জয় নিশ্চিত হয়।
প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে পরাজয়ের পর এই জয় আল নাসরের জন্য স্বস্তির।
এদিকে, জাতীয় দলের ক্যাম্প মাঝপথে ছাড়ার কারণে বিতর্কে জড়িয়েছেন রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষিদ্ধ করেছে। তবে ৪১ বছর বয়সী এই তারকা ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে মাঠের পারফরম্যান্সে মনোযোগ ধরে রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে লক্ষ্য করে ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তেহরান অস্বীকার করেছে। ইরান ব্রিটিশ সরকারের কাছে এ বিষয়ে প্রমাণ প্রদানের আহ্বান জানিয়েছে, যাতে তাদের ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দাবি করেছেন যে, ষড়যন্ত্রের পরিকল্পনা ইরানে তৈরি হতে পারে এবং এটি সম্ভবত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় পরিচালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাজ্যের পার্লামেন্টে বার্নহ্যাম বলেন, ব্রিটিশ ভূখণ্ডে এ ধরনের হুমকি সরকার সহ্য করবে না। তিনি আরও জানান, ইরানের অপরাধী নেটওয়ার্কগুলোর কার্যক্রম এবং তাদের অর্থায়নের উৎস বন্ধ করতে সরকার সব ধরনের ক্ষমতা প্রয়োগ করবে।
এদিকে, এ ঘটনায় শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিটেন দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। বার্নহ্যাম এ প্রসঙ্গে বলেন, ইরান এবং আইআরজিসির ব্রিটেনের ক্ষতি করার সক্ষমতা সীমিত করতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তেহরান দাবি করেছে যে, লন্ডন কোনো সমর্থনযোগ্য প্রমাণ ছাড়াই গুরুতর অভিযোগ তুলছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে ব্রিটেনের সম্পৃক্ততা থেকে দৃষ্টি সরাতেই এ অভিযোগ আনা হচ্ছে বলে মনে করছে।
গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ ইংল্যান্ডের ফেয়ারফোর্ড শহরের বিমানঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে ২০ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ভ্যানে পেট্রল মজুত পাওয়া গেছে, তবে কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। পরে কঠোর শর্তে পুলিশি জামিনে তাদের ছেড়ে দেয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির নতুন তথ্যের জন্য অপেক্ষা করছেন। এই তথ্যগুলো থেকে ফেডারেল রিজার্ভের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মঙ্গলবার (১৩ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬৪ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
আগের সেশনে মার্কিন ডলার ১৮ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ বিভিন্ন ধাতু কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
বিনিয়োগকারীদের নজর বর্তমানে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের দিকে রয়েছে। বুধবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রড্ডা মন্তব্য করেন, ‘স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সিপিআইয়ের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হয়, বিশেষ করে মূল মুদ্রাস্ফীতির সূচকে, এবং অক্টোবরে সুদের হার বাড়ানোর প্রত্যাশা সামান্যও বাড়ে, তাহলে স্বর্ণের দাম আবারও কমতে পারে।
সাধারণভাবে, সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝোঁকেন। কারণ, স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ২১ শতাংশ বলে মনে করছেন ট্রেডাররা। তবে ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ার সম্ভাবনা ৮৮ শতাংশ ট্রেডার দেখছেন।
ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক মনে করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের তুলনামূলকভাবে দ্রুত আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করা উচিত। তাঁর মতে, মুদ্রাস্ফীতি ব্যাপক আকার ধারণ করেছে এবং এর প্রভাব প্রতিষ্ঠানগুলোর মূল্য নির্ধারণের পরিকল্পনায় পড়তে শুরু করেছে।
এদিকে, ভূরাজনৈতিক পরিস্থিতিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। সৌদি আরব জানিয়েছে, দেশটি নতুন করে হামলার শিকার হয়েছে এবং রিয়াদ বিমানবন্দর আপাতত বন্ধ থাকবে। এর কয়েক দিন আগে, শনিবার, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী একটি প্রস্থান টার্মিনালে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ০১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৬৮২ দশমিক ৪৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৩৭ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই দাম অনুযায়ীই দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরতের মেঘমুক্ত আকাশের নিচে আবারও হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছে। কখনো শুভ্র সাদা রঙে, আবার কখনো সূর্যের আলোতে সোনালি আভায় এই বরফে ঢাকা পর্বতশৃঙ্গের রূপ পরিবর্তিত হচ্ছে। সময়ের সাথে সাথে পাহাড়ের চেহারা বদলাচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছে। তবে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশে মহানন্দা নদীর তীর থেকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা তেঁতুলিয়ায় আসছেন।
প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। এবারের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। ভোরের আলো ফুটতেই দূর দিগন্তে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটি দেখতে দর্শনার্থীদের ভিড় জমে যায়। কেউ ক্যামেরায় এই অপূর্ব দৃশ্য ধারণ করছেন, আবার কেউ মুঠোফোনে স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখছেন।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকেরা মুগ্ধ হয়ে পড়েছেন। তাদের কাছে এই ভ্রমণ শুধুমাত্র পাহাড় দেখার অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগও।
ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটক শিহাব সময় সংবাদকে জানান, ‘আমরা বন্ধুরা মিলে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা। আলহামদুলিল্লাহ, আকাশ পরিষ্কার থাকায় কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমরা অনেক খুশি।’
ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা অ্যাডভোকেট রফিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘শুনেছি, অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। আলহামদুলিল্লাহ, ভোরের দিকে আমরাও হতাশ হয়ে পড়েছিলাম। প্রথমে কিছুটা দেখা গেলেও পরে আবার মেঘ ও কুয়াশায় ঢেকে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায়।’
কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি পর্যটকেরা মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান এবং সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানও ঘুরে দেখছেন। এতে তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনা বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।’
এদিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন সময় সংবাদকে বলেন, শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। একই সঙ্গে অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ