ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: মীর শাহে আলম


জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: মীর শাহে আলম

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের প্রয়োজন ও দেশের সামগ্রিক উন্নয়ন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা।

আজ শনিবার নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। এ সময় দলের নবগঠিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে ঐক্য, শৃঙ্খলা ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

প্রতিমন্ত্রী দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং ই-রিকশা সংক্রান্ত বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন। 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব রয়েছে। চলমান অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য জনগণের কল্যাণ, সুশাসন নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

খুলনা, ২৯ আগস্ট, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান। 

তিনি বলেন, আজকের তরুণরাই সম্ভাবনাময় বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, মাস্টার্স শেষ করে পিএইচডিতে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা এখন সারা বিশ্বজুড়ে। তাই নিজেদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো.ইফতেখার শামস।

তিনি ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোলাবরেটিভ রিসার্চসহ গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের গবেষণার অগ্রগতিতে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, নিজেদের সক্ষমতার ওপর আস্থা এবং গবেষকদের মধ্যে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। 

নতুন নতুন আইডিয়া তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্ঞানকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে তা সমাজে, সমাজ থেকে শিল্পখাতে এবং শিল্পখাত থেকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে। একইসঙ্গে মেধাস্বত্ব, পেটেন্ট ও উদ্ভাবনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. খায়রুল আমিন। 

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির সভাপতি মো. শাহরিয়ার সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মারুফ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজিব হোসেন ও মুমতাহিনা।

অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইল, ২৯ আগস্ট, ২০২৬ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।

তিনি বলেন, আজ থেকে মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছের চার রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আনিছুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী।

এ ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গায়ে আগুন, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গায়ে আগুন, অতঃপর...

ভারতের পাঞ্জাবে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জঙ্গলে নিয়ে গাছে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৬ আগস্ট) মনজিৎ কৌর নামে ওই তরুণী মারা যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।  তবে এ ঘটনায় পাঞ্জাব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

মামলার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৩ ও ৪ জুলাইয়ের মধ্যবর্তী রাতে মনজিতের পরিচিত দুই ব্যক্তি—শুভি ও পিন্ডা—তাকে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ ডেকে পাঠায়। এরপর তাকে মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে পাঞ্জাবের মোরিন্ডার কাছের এক বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজন মনজিৎকে একটি গাছে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে অন্য এক পরিচিত ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে একটি কম্বল দিয়ে আগুন নেভান। মনজিৎকে প্রথমে মোরিন্ডার একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে মোহালির ম্যাক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তাকে চণ্ডীগড়ের পিজিআইএমইআরে স্থানান্তর করা হয়, যেখানে মৃত্যুর আগপর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।  

তবে অভিযোগ উঠেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনজিৎ যখন সচেতন ছিলেন এবং জবানবন্দি দিতে চেয়েছিলেন, তখন পুলিশ তার বক্তব্য রেকর্ড করতে ব্যর্থ হয়।  

গত ২৬ আগস্ট পিজিআইএমইআরে মনজিৎ মারা যান। তার মৃত্যুর পর পিজিআই পুলিশ পোস্টের পক্ষ থেকে পুনরায় খারার সদর থানায় বার্তা পাঠানো হলে তদন্তকারী কর্মকর্তা অবশেষে হাসপাতালে যান।  পরবর্তীতে মনজিতের মাকে চণ্ডীগড়ের সেক্টর ৩৪ থানায় নেওয়া হয়, সেখানে তার জবানবন্দি রেকর্ড করে বুধবার রাতে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। বৃহস্পতিবার পিজিআইএমইআরে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

অবশ্য নিজেদের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছে পাঞ্জাব পুলিশ। তাদের দাবি, অপহরণের ঘটনাটি চণ্ডীগড়ে ঘটায় আইনি ব্যবস্থা নেওয়া চণ্ডীগড় পুলিশের দায়িত্ব ছিল। পুলিশ আরও জানিয়েছে, খারার পুলিশ মনজিতের মাকে পূর্ণ সহযোগিতা করেছে এবং এফআইআর দায়ের করতে সাহায্য করেছে। চণ্ডীগড়ে অপহরণ থেকে শুরু করে মোরিন্ডায় হামলার পুরোটাই পুনঃনির্মাণ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসাধীন অবস্থায় মনজিতের জবানবন্দি নেওয়ার যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু

কুয়েত-ঢাকা রুটে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধ থাকার পর দীর্ঘ প্রায় ছয় মাস পর শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে আবারও নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

এদিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে।

দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ধরনের ভোগান্তির কারণ।

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় এখন প্রবাসীদের সামনে বাড়ছে সরাসরি ভ্রমণের সুযোগ। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

কুয়েত থেকে ঢাকার সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%