ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনার বাবা-মেয়ে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল


খুলনার বাবা-মেয়ে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা এবং তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যার এবং ধর্ষণের মামলার দীর্ঘ আইনি লড়াই শেষে, নিম্ন আদালতের দেয়া ৫ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে. এম. রাসেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ ১১ বছর পর এ রায় ঘোষণা করা হলো। বাদির পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারি এড. মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো- লবণচরা বুড়ো মৌলভীর দরগা এলাকার আব্দুল জলিলের দুই ছেলে পিটিল এবং শরিফুল। একই এলাকার মৃত শিকদারের ছেলে পলাশ এবং অহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ ও লিটন। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এরআগে ২০১৯ সালের ১৬ জুলাই খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক, বর্তমানে খুলনা মহানগর দায়রা জজ মো. মহিদুজ্জামান দুই মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স নং ৭৬/২০১৯ ও ৭৭/২০১৯ এবং আসামিদের আপিলের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এই রায় প্রদান করেন।

বাদির পক্ষের আইনজীবী এড. মোমিনুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এ রায় শুধু একটি মামলার রায় নয়; এটি একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার ফল। একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয়Ñন্যায়বিচারের পথ কখনো কখনো দীর্ঘ হয়, কঠিন হয়, কিন্তু আইনের প্রতি আস্থা ও ধৈর্য ধরে সেই পথে চলতে হয়।

তিনি বলেন, হাইকোর্টের রায়কে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। একই সঙ্গে এই মামলার বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিচারপতিগণ, বাদী এবং সকল আইনজীবী, ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর রাতে খুলনা মহানগরীর লবণচরা থানার বুড়ো মৌলভী (রহ.) দরগাপাড়া এলাকার ‘ঢাকাইয়া হাউস’-এ সংঘবদ্ধভাবে পারভীন সুলতানাকে ধর্ষণের পর তাকে এবং তার বাবা ইলিয়াস চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে গুমের চেষ্টা চালানো হয়। নিহত পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা কালীবাড়ি শাখার ক্যাশ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল আলম চৌধুরী বিপ্লব লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বসেই বরিশালের ২৭ কোটি টাকার ব্যাকডেট চেকে সই, শেষ চালানের ৩ কোটি মার: বিসিসি সাবেক মেয়র খোকন আব্দুল্লাহর পলায়নের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:২২ পি.এম


খুলনায় বসেই বরিশালের ২৭ কোটি টাকার ব্যাকডেট চেকে সই, শেষ চালানের ৩ কোটি মার: বিসিসি সাবেক মেয়র খোকন আব্দুল্লাহর পলায়নের গল্প

রাজনৈতিক পটপরিবর্তনের প্রাক্কালে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহর দেশত্যাগ, বিপুল পরিমাণ নগদ অর্থ পাচার এবং ভুয়া বা ব্যাকডেটে সই করা চেক সংক্রান্ত গুরুতর অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গভীর রাতে প্রায় ১৬ কোটি টাকা নগদ সঙ্গে নিয়ে বরিশাল ত্যাগ করেন খোকন আব্দুল্লাহ। পরবর্তীতে এই অর্থ হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে পাঠানো হয়।


অভিযোগ রয়েছে, বরিশাল থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ প্রথমে খুলনায় নেওয়া হয়। সেখান থেকে হুন্ডির মাধ্যমে তা মালয়েশিয়ায় অবস্থানরত এক যুবলীগ নেতার কাছে পাঠানো হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে নিবন্ধিত একাধিক নামসর্বস্ব বা অফশোর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তা স্থানান্তর করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থানরত তার ছেলে প্রত্যুষ সেরনিয়াবাতের কাছে পৌঁছানো হয়।

পুরো লেনদেন প্রক্রিয়ায় আন্তর্জাতিক হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় শেষ চালানের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে। অর্থ লেনদেনের এই কৌশল সম্পর্কে বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক আর্থিক অপরাধে উৎসের পথ গোপন করতে প্রায়ই অফশোর প্রতিষ্ঠানের আশ্রয় নেওয়া হয়। ঘটনা সত্য হলে আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোরও অনুসন্ধানের আওতায় আসতে পারে বিষয়টি।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল থেকে খুলনায় আত্মগোপনে থাকার পর কয়েকবার দেশ ছাড়ার চেষ্টা ব্যর্থ হয় খোকন আব্দুল্লাহর। পরবর্তীতে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ভারতের আসাম হয়ে তিনি কলকাতায় পৌঁছান এবং সেখান থেকে স্ত্রী লুনা আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্রের দাবি।

খোকন আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন মাত্র সাত মাস। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঠিকাদারি বিল, উন্নয়ন প্রকল্প ও নানা আর্থিক লেনদেন ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে।

পলাতক থাকা অবস্থাতেও খুলনায় আত্মগোপনে থেকে তিনি বিসিসির প্রায় ২৭ কোটি টাকার বিলের চেকে ব্যাকডেটে (পূর্বের তারিখে) স্বাক্ষর করেন। বরিশাল থেকে চেক খুলনায় নিয়ে যাওয়া, সই করানো এবং পুনরায় বরিশালে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় তার তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) রুবেল ও করপোরেশনের কতিপয় কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি, ঠিকাদারদের বিল পাস করার নামে মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন আদায়ের অভিযোগও রয়েছে।


অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, বরং সরকারি অর্থ ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং ফৌজদারি অপরাধের এক গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) খোকন আব্দুল্লাহর এসব আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে।

বিভিন্ন মহলের দাবি মনে, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অর্থের উৎস, ব্যাংক লেনদেন এবং বিদেশে টাকা পাঠানোর মাধ্যম উদঘাটন করা জরুরি। আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর (FIU) সহযোগিতায় সম্পদ শনাক্ত ও ফেরত আনার আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব।


উল্লেখিত অভিযোগের বিষয়ে সাবেক মেয়র সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহর মন্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বর্তমানে দলের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ নেই। ফলে এসব মারাত্মক অভিযোগের প্রেক্ষিতে তার বা তার পরিবারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ‘অত্যন্ত হতাশাজনক’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ‘অত্যন্ত হতাশাজনক’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুনভাবে শুল্ক আরোপ করা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, 'জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ডসহ ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তটি অত্যন্ত হতাশাজনক।' শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

খবর সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লাক্সন বলেন, 'জোরপূর্বক শ্রমের অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্রের তদন্তে কোনো অর্থবহ প্রমাণ উপস্থাপন করা হয়নি।'

তিনি আরও জানান, 'শুল্ক আরোপ কোনো সমাধান নয়, বরং এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খরচ ও অনিশ্চয়তা বেড়ে যায়।'

এছাড়া নতুন শুল্ক শুক্রবার থেকে কার্যকর হয়েছে, যার হার ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত রয়েছে। চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতির দেশগুলিও এই নতুন শুল্কের আওতায় পড়েছে। নিউজিল্যান্ডের পণ্যের ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

অস্ট্রেলিয়ার ওপরও একে অপরের সাথে একই হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ডন ফ্যারেল এই নতুন শুল্ককে 'অযৌক্তিক, মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ' বলে অভিহিত করে এর বাতিলের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে জাপানের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে জাপানের অসন্তোষ

যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে জাপানের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে, যা নিয়ে জাপানের সরকার অসন্তোষ প্রকাশ করেছে। ওয়াশিংটনের এই শুল্ক তালিকার মধ্যে টোকিওর পাশাপাশি অন্য বাণিজ্যিক অংশীদারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাপান সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের বলেছেন, ‘জাপানের শিল্প ও বাণিজ্য আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানিতে জাপানে নিষেধাজ্ঞা নেই— শুধু এই কারণে দেখিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করায় আমরা অসন্তোষ প্রকাশ করছি।’

কিহারা আরও যোগ করেন, ‘গত বছরের চুক্তিটি সার্বজনীনভাবে কার্যকর থাকবে— এ বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিন্ন বোঝাপড়া রয়েছে। উভয় পক্ষই ওই চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি এও জানান, যুক্তরাষ্ট্র জাপানের ওপর গত বছরের চুক্তির শর্তের বাইরে অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করবে না— এ বিষয়েও দুই দেশের মধ্যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’

জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নতুন করে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারান্বিত বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ব্যবস্থা কার্যকর করা হলো।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশ কয়েকটি শুল্ক বাতিল করে দেয়। এরপর ট্রাম্প ভিন্ন আইনি ক্ষমতা ব্যবহার করে আমদানিপণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক পুনরায় চালু করেন। ওই শুল্কের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে।

এর আগে জাপান যুক্তরাষ্ট্রে ২০২৯ সালের মধ্যে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের রায়ের পরও এই প্রতিশ্রুতি বহাল রয়েছে।

বৃহস্পতিবারের ঘোষণায় বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বা তা করার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ওপর তুলনামূলক কম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এদেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও যুক্তরাজ্য।

অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আরও বেশ কিছু দেশকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্ক কুকুরেয়ার জীবন বদলে দেওয়া ছেলের অটিজম শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


মার্ক কুকুরেয়ার জীবন বদলে দেওয়া ছেলের অটিজম শনাক্ত

বিশ্বকাপে স্পেনের কোনো ম্যাচ দেখলে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ানো কোঁকড়ানো চুলের একজন ফুটবলারের দিকে চোখ না গিয়ে উপায় নেই।

তিনি হচ্ছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। সম্প্রতি, ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। আগামী মৌসুম থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।

গোল করার পর পেঙ্গুইনের মতো লাফিয়ে উদযাপন করা কুকুরেয়ার স্বতন্ত্র পরিচয়ে পরিণত হয়েছে। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ইন্টারনেটে দেখেছিলাম, পেঙ্গুইন একবার সঙ্গী বেছে নিলে সারাজীবন তার সঙ্গেই থাকে। পরিবারের সঙ্গে তাদের বন্ধন অটুট থাকে। তাই আমার এই উদযাপন পরিবারের জন্য। ভালো-খারাপ সব সময় তারা আমার পাশে থেকেছে।"

২৮ বছর বয়সী কুকুরেয়া বর্তমানে তার সঙ্গী ক্লডিয়া রদ্রিগেজের সাথে মিলিত রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে – মাতেও, রিও ও বেলা। কুকুরেয়া বরাবরই বলেন, ফুটবলের চেয়ে তার কাছে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন কুকুরেয়া।

কিন্তু ফুটবলারদের জীবন বাইরে থেকে যতোই নিখুঁত মনে হোক না কেন, মার্ক কুকুরেয়া জানাচ্ছেন, তাদেরও "ব্যক্তিগত সমস্যা" থাকে। গ্যালারি থেকে যেসব দৈনন্দিন লড়াইয়ের কোনো আভাস পাওয়া যায় না, তার মধ্যে একটি হলো তার ছেলে মাতেওকে নিয়ে কুকুরেয়ার জীবনযাত্রা। মাত্র তিন বছর বয়সে মাতেওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) ধরা পড়ে। এটিকে তখন লেভেল-১ বা অটিজমের তুলনামূলকভাবে মৃদু পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়।

বোস্টন চিলড্রেনস হাসপাতালের তথ্যমতে, এএসডি একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা, যা শিশুর চিন্তাভাবনা, কথা বলা, চলাফেরা ও আচরণের ওপর প্রভাব ফেলতে পারে। অটিজমে আক্রান্ত অনেকের সামাজিকভাবে যোগাযোগে সমস্যা হতে পারে এবং কিছু ক্ষেত্রে শেখা বা চিন্তাভাবনার বিভিন্ন দক্ষতার বিকাশেও ভিন্নতা লক্ষ্য করা যায়।

কুকুরেয়া বলেছেন, "আমার বড় ছেলে আমাদের সবার জীবনই কিছুটা বদলে দিয়েছে। ও যখন নার্সারিতে যাওয়া শুরু করলো, তখনই আমরা ওর মাঝে কিছু ভিন্ন বিষয় লক্ষ্য করতে শুরু করি। অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলার যে ছবিগুলো আসতো, সেখানে প্রায় সবসময়ই দেখা যেত যে ও একা থাকে।"

"ও একটু বড় হওয়ার পর দেখলাম, ও কথা বলছে না, আধো আধো শব্দও করছে না। ওই সময়টাই সম্ভবত সবচেয়ে কঠিন ছিল। নিজের সন্তানকে কষ্ট পেতে দেখা ছাড়া কঠিন আর কিছু নেই।" কুকুরেয়া জানান, ছেলের অটিজম নিয়ে কথা বলা এখনো তার জন্য সহজ নয়। অনেক সময় তিনি বুঝতে পারেন না, তিনি কীভাবে তার ছেলেকে সাহায্য করবেন।

তবে ছেলের অটিজম শনাক্ত হওয়ার পর মার্ক কুকুরেয়া জীবনকে আরও ধৈর্য, সহমর্মিতা ও সংবেদনশীলতার সঙ্গে দেখতে শিখেছেন। তিনি মনে করেন, একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার হওয়ার পরিচিতিটি তাকে অটিজম সম্পর্কে সচেতনতা বাড়ানোর সুযোগ দেয়। সেইসাথে, একই অভিজ্ঞতা নিয়ে থাকা অন্য পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারছেন তিনি।

"আমাদের যে পরিচিতি আছে, তা যদি এই বিষয়টিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং আরও পরিবারকে সাহায্য করতে পারে, তাহলে আমি খুবই খুশি হবো। এর ফলে যদি আরও স্কুল, সহায়তা ও সাপোর্ট সেন্টার গড়ে ওঠে, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া।"

কুকুরেয়া যোগ করেছেন, "এই অভিজ্ঞতা আমাকে জীবনে কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়, তা মূল্য ও অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিয়েছে।" তিনি জানান, শুরুতে ছেলে যে স্কুলে পড়ত, সেখান থেকে খুব একটা সহযোগিতা পাননি তারা। অভিভাবক হিসেবে তখন নিজেদেরকে অসহায় কিংবা দিশেহারা মনে হতো।edit picture

কুকুরেয়ার স্ত্রী ক্লডিয়া রদ্রিগেজ বলেন, "স্কুল থেকে আমরা খুব একটা সহায়তা পাইনি। জীবনের সবচেয়ে কঠিনতম মাসের মধ্য দিয়ে গেছি আমরা সেই সময়ে। প্রতিদিন আমরা দু'জন একসঙ্গে মাতেওকে স্কুলে পৌঁছে দিতাম, আর বাড়ি ফিরতাম কাঁদতে। প্রতিটি দিন।"

কুকুরেয়া বলছেন, "মাতেওকে মাথায় রেখেই আমাদের সবসময় পরিকল্পনা করতে হয়।" "অনেক সময় আমরা কিছু করতে চাই, কিন্তু ওর জন্য ভালো হবে না বলে তা করা যায় না। ছুটিতে যাওয়া সবসময়ই কঠিন, কারণ তখন ওর জন্য অনেক কিছু বদলে যায়।"

তিনি বলেছেন, "চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন যে আপনার সন্তানের অটিজম আছে, ঠিক আছে। কিন্তু অভিভাবক হিসেবে আমরা তো এর জন্য প্রস্তুত থাকার পরিস্থিতিতে নই। তাই আমাদের অনেক কিছু শিখতে হয়েছে। সম্ভবত মাতেওও আমাদের অনেক কিছু শিখিয়েছে।" কুকুরেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মাতেওকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়। এতদিন পর্যন্ত বড় ছেলে মাতেওকে তার ভাইদের সঙ্গে গ্যালারিতে বসিয়ে খেলা দেখানো হয়নি, যাতে সে অস্বস্তিতে না পড়ে।

তবে স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে তিনি জানান, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো এইবারও বিশ্বকাপের ফাইনালে মাতেও উপস্থিত থাকতে পারে। কুকুরেয়ার ভাষামতে, "যুক্তরাষ্ট্রে খুব গরম। এতে ওর অস্বস্তি হয়। ও ঠান্ডা পরিবেশ পছন্দ করে; যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অথবা সুইমিং পুল রয়েছে।" সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%