ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাচদের হারাতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন হাকিমিরা


ডাচদের হারাতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন হাকিমিরা

কাতারের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল আফ্রিকার দেশ মরক্কো। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস। এবার রাউন্ড অব ৩২-এ হাইভোল্টেজ ম্যাচে হাকিমিদের মুখোমুখি হচ্ছে ডাচরা। তাই একটি দলকে বিদায় নিতে হবে শেষ ষোলোর আগেই।

মরক্কোর কোচ নাবিল ওয়াহবি নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে সম্পূর্ণ ভিন্ন মানসিকতা ও পরিকল্পনার প্রয়োজন বলে জানিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে ‘অ্যাটলাস লায়ন্স’রা।

সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, গত তিনটি ম্যাচে আমরা প্রমাণ করেছি, ভালো পারফর্ম করার সক্ষমতা আমাদের আছে এবং মাঠে আমাদের দৃঢ় মানসিকতা রয়েছে। তবে নেদারল্যান্ডসের ম্যাচটি ভিন্ন এবং এর জন্য ভিন্ন কৌশলের প্রয়োজন। ঠিক এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র দিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল আশরাফ হাকিমিরা। এরপর স্কটল্যান্ডকে ১-০ ও হাইতিকে ৪-২ ব্যবধানে হারায় তারা। অন্যদিকে সুইডেন ও তিউনিসিয়াকে হারিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করে ডাচরাও সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে।

ওয়াহবি জানান, নকআউট পর্বের আগে খেলোয়াড়দের ওপর ধকল কমাতে মরক্কো তাদের শেষ গ্রুপ ম্যাচটিকে কাজে লাগিয়েছিল। হাইতির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন এনে দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দেওয়া হয়েছিল।

শেষ ম্যাচে তরুণ ফুটবলার আইয়ুব বুয়াদিকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শারীরিক সক্ষমতার দিক থেকে, তৃতীয় ম্যাচে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলোয়াড়দের খেলার সময় নিয়ন্ত্রণ করতে পেরেছি। তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দিতে, যাতে প্রতিটি ফুটবলার অংশগ্রহণের সুযোগ পায়। এর ফলে পুরো দলই সেরা অবস্থায় থাকতে পারে।

গ্রুপ পর্বে মরক্কো তাদের খেলার বিভিন্ন দিক তুলে ধরেছে, যেমন বল ছাড়া খেলে ব্রাজিলকে হতাশ করা, স্কটল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানের লিড ধরে রাখা এবং হাইতির বিপক্ষে শুরুর ধাক্কা সামলে জয় তুলে নেওয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে ওয়াহবি বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, কঠিন গ্রুপ পর্ব পার করার পেছনে যেসব গুণাবলী ভূমিকা রেখেছে, তার ওপরই তারা আস্থা রাখবেন।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রস্তাবের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগসহ বেশ কিছু শর্তও উল্লেখ করেন সরকারপ্রধান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "কর-সুবিধা ভোগের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও বেশি বিনিয়োগ করতে হবে।" তিনি আরও যোগ করেন, "এটি একটি প্রয়োজন।" একই সঙ্গে তিনি ভাষা শিক্ষার প্রসার এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে কয়েকটি খাতে ভ্যাট কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

তারেক রহমান বলেন, "করের আওতা সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।" এ কারণে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জানান যে, "প্রস্তাবটি প্রত্যাহার করতে হবে।"

ব্যক্তিগত আয়করের অব্যাহতি সীমা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তবে ব্যক্তিগত করদাতাদের কিছুটা স্বস্তি দিতে প্রধানমন্ত্রী এই সীমা আরও বাড়ানোর প্রস্তাব করেন। তার প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

 

এ কর্মসূচির আওতায় জেলার দেড় শতাধিক মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি অনুসারে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার একটু আগে খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে, জেলার দেড় শতাধিক স্কুল ও মাদরাসায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ দখলে ছোট হয়ে আসছে ঐতিহ্যের মাওনা বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


অবৈধ দখলে ছোট হয়ে আসছে ঐতিহ্যের মাওনা বাজার

গাজীপুরের শ্রীপুরের কেওয়া এবং মাওনা মৌজার মাওনা বাজারের জমি দখল করে সেমিপাকা, টিনশেড ও মাটির ঘর নির্মাণ করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা বাজারের জমি দখল করে রাখায় বাজারের আয়তন ছোট হয়ে আসছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইজারাদার এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। ঐতিহ্যবাহী মাওনা বাজার হাট উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাট। এখানে সপ্তাহে দুইদিন রবিবার ও বৃহস্পতিবার হাট বসে।

সোমবার (২৯ জুন) মাওনা বাজারের ইজারাদার সুব্রত দাস এসব অভিযোগ করেন।

হাটের ক্রেতা ও বিক্রেতারা জানান, যেকোন এলাকার গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র সাপ্তাহিক হাট। শ্রীপুর পৌরসভার মাওনা বাজার হাটে দেড় যুগ আগেও অনেক ফাঁকা জায়গা ছিল। হাটে কৃষকেরা ধান, আলু, পাট, সবজিসহ বিভিন্ন পণ্য নিয়ে এসে বিক্রি করতেন। এখনো তাঁরা হাটে আসেন। কিন্তু হাটে এখন সরাসরি তাদের পণ্য বিক্রির সুযোগ কমে এসেছে। হাটের জায়গায় গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট। বাধ্য হয়ে কৃষকরা আড়তদার ও ফড়িয়াদের কাছে পণ্য বিক্রি করে দেন। আবার অনেকে পণ্য নিয়ে বসেন হাটসংলগ্ন সড়কের পাশে, কখনো সড়কের ওপর।

মাওনা বাজার হাটে নিয়মিত পণ্য নিয়ে আসেন বারতোপা গ্রামের জলিল মিয়া। তিনি বলেন, রোদে পুড়ে ফসল ফলাই। হাটে আইয়াও রোদে পুড়ে সড়কে খাড়ায়া ফসল বেচি। আামাগো জন্যে হাটে জায়গা নাই, যেখানে বইয়া ক্ষেতের ফসল বেচপবার পামো।

কৃষক আলফাজ মিয়া বলেন, হাটের মোট জমির তিন ভাগের দুই ভাগেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে টিনশেড ও সেমিপাকা দোকানঘর। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে পণ্য বিক্রি করতে হচ্ছে।

বাজার দখলকারী কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দীর্ঘদিন থেকেই এই বাজারে কোনো ইজারা না দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

টং দোকানদার আলামিন বলেন, আমরা দোকান ঘর করে নিয়েছি, কাউকে কোন ইজারা দিই না। চা দোকানি ফারুক হোসেন বলেন, দোকানগুলো আমাদের অনেক আগে থেকে। আমরা কাউকেই কোনো ইজারা দেই না।

বাজারের জায়গায় বিগত পাঁচ বছর আগে একটি ঘর তুলে ভাড়া দিয়েছেন আব্দুল মান্নান। তিনি বলেন, আমি লেপ তোষকের দোকান ভাড়া দিয়েছি। খাজনা দেন কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন লিজের নেওয়ার জন্য আবেদন করেছি। বিগত পাঁচ বছর যাবত আবেদন করে রেখেছি। কিন্তু লিজের অনুমতি দিচ্ছে না।

সুরুজ মিয়া বলেন, আমি মাটি (কোঠা) দিয়ে দোতলা একটি ঘর তুলেছিলাম। ওই দোকানে কসমেটিকস ও ষ্টেশনারী মালামাল বিক্রি করতাম। এখন ঘরের চাল দুর্বল হয়ে পড়ায় আপাতত বন্ধ হয়েছে। ইজারা দেন কি না জিজ্ঞাসা করলে বলেন, আগে দিতাম এখন আর ইজারা দিই না।

স্থানীয় বাসিন্দা ও বাজারের ক্রেতারা জানান, ধান মহলে তিনটি টং দোকান বসিয়ে ব্যক্তিগতভাবে ভাড়া আদায় করা হচ্ছে। একইভাবে সরকারি খাস জমিতে সেমি পাকা ঘর নির্মাণ করে ‘শাপলা সংঘ’ নামে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে একটি প্রভাশালী মহল। এতে করে বাজারের প্রকৃত জমি কমে যাচ্ছে এবং বাজারের আকার ছোট হয়ে আসছে। উপজেলার দ্বিতীয় বৃহত্তম মাওনা বাজার এখন অন্যান্য ছোট বাজারের চেয়েও ছোট হয়ে আসছে। বাজারের গরুর হাটে শাহিন নামে এক ব্যক্তি সরকারি জমিতে মুরগির শেড নির্মাণ করে ভাড়া আদায় করছেন।

দখলকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা লিজ নেওয়ার জন্য আবেদন করছেন, কেউ কেউ বলছে লিজের জন্য বিগত পাঁচ বছর যাবত কর্তৃপক্ষ বরাবর দৌঁড়াচ্ছেন। কিন্তু লিজ পাচ্ছেন না।

তবে লিজ না নিয়ে অবৈধভাবে বাজারের জমিতে কেন ঘর নির্মাণ করে দখলে রেখেছেন এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দখলকারীরা।

বাজারের মধ্যেই মাওনা ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয় থাকা সত্ত্বেও কীভাবে বছরের পর বছর সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করে ভাড়া আদায় করছে প্রভাশালীরা তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাদের অভিযোগ ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব দখলদারিত্ব সংঘটিত হয়েছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারি খাস জমি দ্রুত দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

মাওনা বাজারের বর্তমান ইজারাদার সুব্রত দাস জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাজার ইজারা নেওয়ার সময় চুক্তিনামা দলিলে উল্লেখ রয়েছে মাওনা বাজার প্রায় ৮ দশমিক ৬ একর (প্রায় ২৪ বিঘা) জমির উপর অবস্থিত। বর্তমানে বাজারের জমি রয়েছে ৫-৭ বিঘা। বাকিটুকু প্রভাবশালীরা দখলে নিয়ে ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। বাজারের খোলা জায়গা দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ব্যক্তিগতভাবে ভাড়া আদায় করা হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি তিনিও (ইজারাদার) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শ্রীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ বলেন, তাদের তালিকা অনুযায়ী ১১১ জন প্রভাবাশালী ব্যক্তি ঐতিহ্যবাহী মাওনা বাজার হাটের সেমি পাকা, আধা পাকা, টিনশেড এবং মাটির (কোঠা) দোকানঘর নির্মাণ করে বাজারের বেশিরভাগ অংশ দখলে রেখেছেন।

শ্রীপুর পৌরসভার বাজার পরিদর্শক তৌফিক আহমেদ বলেন, মাওনা ইউনিয়ন পরিষদের অল্প কিছু জায়গা আছে। বাকি জায়গাটুকু পৌরসভার। দখলের বিষয়ে আগেও আমরা ২ থেকে ৩ বার পদক্ষেপ নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আসলে এটা শেষ করা যায় না। আমরা কয়েকবার তালিকা করে নোটিশও দিয়েছি। কিন্তু এটা বড় একটা উচ্ছেদ। এখানে অনেকে বাড়ি-ঘরও করে ফেলেছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করেছি ছোট ছোট স্থাপনাগুলো উচ্ছেদ করতে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার এ বিষয়গুলো জানে। আসলে বাজার দখল হয়ে গেছে এটা সত্য। কিন্তু কতটুকু হয়েছে তা মাপ (মেজারমেন্ট) দিয়ে নিশ্চিত করে দেখতে হবে। এটা একবারে দখল হয় নাই, আস্তে আস্তে দখল হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, আমি নতুন আসছি এখানে। বিষয়টি মাওনা বাজারের ইজারাদার আমাকে জানিয়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল‍্যস্ফীতি কমানোর জন্য কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর তাগিদ : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মূল‍্যস্ফীতি কমানোর জন্য কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর তাগিদ : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, চলতি বাজেটে কৃষিখাতে বরাদ্দ গত বছরের তুলনায় বাড়ালেও, মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিলে এই বৃদ্ধি খুব বেশি নয়। বর্তমানে অর্থনীতিতে কৃষির অবদান পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকলেও, এটি সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ কৃষির উপর ভিত্তি করে হওয়ায় এ খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সোমবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় বাজেট ১৭ দশমিক ৭ শতাংশ বাড়লেও, সেই তুলনায় কৃষিখাতের বরাদ্দের বৃদ্ধি খুব বেশি নয়। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নের জন্য কৃষিখাতে আরও বরাদ্দ ও নজরদারি প্রয়োজন। অন্যথায়, কৃষির কাঙ্ক্ষিত রূপান্তর ব্যাহত হতে পারে।

তিনি এ নিয়ে আরও বলেন, কৃষির ব‍্যাপক রুপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, তা সুরক্ষিত রাখতে হবে। কৃষিখাতে বরাদ্দ আরও বাড়াতে হবে, যা এ খাতের সম্ভাবনা সম্প্রসারিত করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের কৃষিজাত পণ্য বিপণন প্রক্রিয়া বৃদ্ধি পেলে, রফতানিও বাড়বে। এজন্য কৃষিজাত পণ্য সংরক্ষণ প্রযুক্তির ব‍্যবহার আরও বাড়াতে হবে, বলেন তিনি।

সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে এবারের জন্য ৩০ হাজার মেট্রিক টন নেওয়া হচ্ছে। আলুর মতো কৃষিপণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা গেলে কৃষকের উৎপাদিত পণ্যের বিপণন সহজ হবে এবং অতিরিক্ত উৎপাদন নষ্ট হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%