ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

অভিনয় থেকে দূরে সরে নতুন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ


অভিনয় থেকে দূরে সরে নতুন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ

বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত হাসান মাসুদ ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর তিনি নাটকেও নিয়মিত হয়ে ওঠেন। তার অভিনীত কিছু জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

অভিনয়শিল্পী হিসেবে তার পরিচয়ের বাইরেও রয়েছে অন্যান্য পরিচয়। সংগীতশিল্পী হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৬ সালে তার গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। অভিনয় জগতে প্রবেশের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন হাসান মাসুদ।

সেনা পোশাকে দেশের দায়িত্ব পালন করার পাশাপাশি সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। মহান এই পেশাগুলো থেকে তিনি ধীরে ধীরে সরে এসেছিলেন। যদিও এটি অনেক বছর আগে ঘটে, কিন্তু তার মধ্যে থাকা ‘শিল্পীসত্ত্বা’কে আর গোপন রাখতে পারেননি।

আরও পড়ুন: বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরি

সবকিছু ছেড়ে তিনি ক্যামেরার সামনে ফিরে আসেন এবং নিয়মিত অভিনয় শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি তার অভিনয় যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। তবে তার ক্যারিয়ার দুই দশকের বেশি হলেও বর্তমানে তিনি অনিয়মিত। দর্শকরা তাকে পর্দায় দেখতে চান, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি তিনি বিতর্কের মধ্যে পড়েন। এক সংবাদমাধ্যমে তিনি মন্তব্য করেন— আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথে মনোযোগী হবেন। যখন এ নিয়ে আলোচনা শুরু হয়, তখন শোনা যায়— তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেছেন। তবে এটি সঠিক নয়।

এ বিষয়ে হাসান মাসুদ জানান, তিনি এ ধরনের কথা কখনো বলেননি। তিনি ভালো কনটেন্ট না পাওয়ার কারণে কাজ করছেন না বলে জানিয়েছেন। এর মধ্যে খবর আসে— তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়— তাহলে কি অভিনয় ছাড়ছেন হাসান মাসুদ?

নতুন কর্মস্থলটি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়ে থাকে। তিনি প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তাকে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।

আরও পড়ুন: মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে তটিনী বললেন, সিনিয়রদের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত

এদিকে কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে, তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে তিনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে হজ করে এসে বিজ্ঞাপনকাজে অংশ নেন হাসান মাসুদ। তবে তার বক্তব্যের কারণে বিতর্ক তৈরি হয়। যদিও পরে তিনি বিষয়টি স্পষ্ট করেন। এমন পরিস্থিতিতে তার নতুন চাকরির খবর আবার তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকে কিছুটা উস্কে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম বাড়াতে আইএমএফের শর্ত নেই: ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


তেলের দাম বাড়াতে আইএমএফের শর্ত নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো শর্ত জড়িত নেই। তিনি উল্লেখ করেছেন, আইএমএফের নির্দিষ্ট শর্তের কারণে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাম্প্রতিক মূল্য সমন্বয়ের সিদ্ধান্তকে আইএমএফের সরাসরি শর্তের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই।

এর আগে সোমবার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন দামে ডিজেলের মূল্য ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে জ্বালানি তেলের কয়েকটি পণ্যের দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন খাতে এর প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায় বা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য সড়ক পরিবহন ও নৌপরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সরকার কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপদে এক ফোন, পাশে ৯৯৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


বিপদে এক ফোন, পাশে ৯৯৯

একটি ফোনকল কখনও কখনও আতঙ্কের মুহূর্তকে স্বস্তিতে পরিণত করতে পারে। সংকটকালীন সময়ে এটি নিশ্চিন্ত নির্ভরতার উৎস হয়ে দাঁড়ায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ দুটি পরিবারের জন্য ‘লাইফলাইন’ হিসেবে কাজ করেছে। একটি ঘটনায় চলন্ত লঞ্চে প্রসববেদনায় কাতর এক গর্ভবতী নারীকে উদ্ধার করা হয়। অন্যদিকে, দুর্ঘটনাক্রমে ট্রেনে থেকে যাওয়া চার বছর বয়সী এক শিশুকন্যাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পৃথকভাবে ঘটে যাওয়া এই দুটি ঘটনা আবারও প্রমাণ করে যে, টোল-ফ্রি জরুরি নম্বর ৯৯৯-এ একটি ফোনকলের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৯৯৯ সার্বক্ষণিক কার্যকরী থাকে এবং পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সহায়তার সঙ্গে মানুষের যোগাযোগ করিয়ে দেয়।

চলন্ত লঞ্চে প্রসববেদনায় কাতর নারী উদ্ধার

শনিবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া কালীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দোয়েল পাখি-১০ লঞ্চে এক গর্ভবতী নারী তীব্র প্রসববেদনায় আক্রান্ত হলে এক যাত্রী ৯৯৯-এ ফোন করেন।

ফোনকারী জানান, ওই নারী ব্যথায় কাতর হয়ে কাঁদছিলেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ৯৯৯ তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের কোস্ট গার্ড কন্ট্রোল রুম এবং নারায়ণগঞ্জ জোনের নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল করুণা সরকার কলটি গ্রহণ করেন। এরপর ৯৯৯-এর ডিসপ্যাচার এএসআই মাসুম বিল্লাহ উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা স্টেশন থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে চলন্ত লঞ্চটির কাছে পৌঁছে যায়।

উদ্ধারকারী দল অসুস্থ নারীকে উদ্ধার করে দ্রুত ঢাকার সদরঘাটে নিয়ে আসে। পরে তাকে চিকিৎসার জন্য কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, সম্প্রতি ৯৯৯-এর সহায়তায় ভোলা-ঢাকাগামী একটি চলন্ত লঞ্চ থেকে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ সাত মাস বয়সী এক শিশুকেও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করেছিলেন।

চলন্ত ট্রেনে ফেলে যাওয়া শিশু উদ্ধার

শনিবার দুপুরে আরেকটি জরুরি ফোনকলের মাধ্যমে চলন্ত ট্রেনে দুর্ঘটনাক্রমে থেকে যাওয়া তিন থেকে চার বছর বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশনে থাকা এক যাত্রী ৯৯৯-এ ফোন করে জানান, তিনি একটি ট্রেনে শিশুটিকে দেখতে পেয়েছেন। তার ধারণা ছিল, শিশুটির পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে গেছেন।

৯৯৯-এ দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির মা মেয়েকে নিয়ে সিলেটের কুলাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে কালনী এক্সপ্রেসে যাত্রা করছিলেন।

ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে প্রচণ্ড ভিড়ের মধ্যে মা তার লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে যান। কিন্তু তিনি মেয়েকে ট্রেন থেকে নামাতে পারেননি। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে শিশুটি ট্রেনেই থেকে যায়।

৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করতে বলে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল মিতু ফোনকলটি গ্রহণ করেন। পরে ৯৯৯-এর ডিসপ্যাচার এএসআই তরুণ কুমার আচার্য উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন।

ট্রেনটি নরসিংদীতে পৌঁছালে নরসিংদী রেলওয়ে থানার একটি দল শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির পরিবারের সদস্যরা নরসিংদী রেলওয়ে থানায় পৌঁছালে নিরাপদে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লার ডা. সৈয়দা ফারজানা আফরিন জানান, তার বাবা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কুমিল্লা নেওয়ার পথে বিকল হয়ে যায়। এ অবস্থায় তারা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। সেখানে উপস্থিত একজন ৯৯৯-এ ফোন করেন। এরপর ১৫ মিনিটের মধ্যে সেখানে অপর একটি অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। তখন পিতা হারানোর শোকের মাঝেও বিড়ম্বনা থেকে মুক্তিতে তারা স্বস্তি পান।

৯৯৯-এর বিশেষত্ব

এ ধরনের ঘটনা ৯৯৯ জরুরি সেবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে। জরুরি অবস্থায় থাকা ব্যক্তিকে কোন সংস্থা ঘটনাস্থলে গিয়ে সহায়তা করবে, তা কলকারীকে জানতেই হবে এমন নয়। জরুরি পরিস্থিতির তথ্য পাওয়ার পর ৯৯৯ সংশ্লিষ্ট পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, রেলওয়ে পুলিশসহ প্রয়োজনীয় উদ্ধারকারী সংস্থার কাছে তা পৌঁছে দিতে পারে।

সড়ক দুর্ঘটনা ও বন্যার পানিতে আটকে পড়া মানুষকেও উদ্ধারে ৯৯৯ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এমনই একটি ঘটনায় ৯৯৯-এ পাওয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা বন্যার পানিতে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করেন। এদের মধ্যে একজন গর্ভবতী নারী ও কয়েকজন শিশুও ছিল।

এসব ঘটনা প্রমাণ করে, সংকটের মুহূর্তে কোনো ব্যক্তি নিজে পুলিশ স্টেশন, হাসপাতাল বা উদ্ধারকারী সংস্থার কাছে পৌঁছাতে না পারলেও ৯৯৯ তার সঙ্গে প্রয়োজনীয় উদ্ধারকারী সংস্থার মধ্যে প্রথম ও গুরুত্বপূর্ণ যোগাযোগসূত্র হিসেবে কাজ করতে পারে।

তবে অপ্রয়োজনীয় ও ভুয়া ফোনকল জরুরি সেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং প্রকৃত বিপদে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছাতে বিলম্ব ঘটাতে পারে।

চলন্ত লঞ্চে প্রসববেদনায় কাতর ওই গর্ভবতী নারী এবং ট্রেনে দুর্ঘটনাক্রমে থেকে যাওয়া ছোট্ট শিশুটির ক্ষেত্রে অবশ্য ফোনকল দুটি ছিল যথার্থ ও সময়োপযোগী। আর দ্রুত হস্তক্ষেপের ফলে দুটি সংকটময় পরিস্থিতিই শেষ পর্যন্ত পরিণত হয় উদ্ধার ও স্বস্তির ঘটনায়। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-চারলেট বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স’। তিনি উল্লেখ করেন, ‘শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক, বহুপক্ষীয় ও সহযোগিতার মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের মধ্যে অর্থনীতি, জলবায়ু, সামুদ্রিক নিরাপত্তা, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বড় সুযোগ রয়েছে।’

তিনি মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আরো পড়ুন

বিশ্ব গণ্ডার দিবস আজ

অনুষ্ঠানের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ডিক্যাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান এবং সংগঠনটির দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিক্যাব বাংলাদেশের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত মন্তব্য করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ‘বিশৃঙ্খল, বিপজ্জনক ও অনিশ্চিত’। তিনি বলেন, রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত অনেক ক্ষেত্রে যোগাযোগের একটি সাধারণ উপায়ে পরিণত হয়েছে এবং সহযোগিতার জায়গা সংকুচিত হচ্ছে।

আরো পড়ুন

খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা : খুবির সাবেক শিক্ষার্থী আটক

তিনি বলেন, বিশ্ব একটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলের বিস্তার এবং আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ১৯৫০ সালে তৎকালীন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুম্যান যে ধারণা সামনে এনেছিলেন, তা পরবর্তীতে ইউরোপীয় একীকরণের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় প্রকল্পটি ধীরগতির ও সংস্কারের প্রয়োজন রয়েছে—এমন মত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও দিয়েছেন। তবে তার মতে, ইউরোপীয় একীকরণের সামগ্রিক লক্ষ্য সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলে ধরে ফরাসি রাষ্ট্রদূত বলেন, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেন।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে সহসভাপতিত্বে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আয়োজিত একটি যৌথ সম্মেলনের প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নেয়। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়ামসহ কয়েকটি পশ্চিমা দেশের একই ধরনের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

ফ্রান্স রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।

রাষ্ট্রদূত বাংলাদেশকে ফ্রান্সের ‘দীর্ঘদিনের, নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সংঘাতের পরিবর্তে সহযোগিতা, বহুপক্ষীয়তা এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই দেশের মধ্যে মূল্যবোধের মিল রয়েছে।

তিনি বলেন, ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে আরব ও মুসলিমবিশ্বের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখেছে।

আরো পড়ুন

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের অবস্থান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফ্রান্স একটি বহুপাক্ষিক ‘তৃতীয় পথ’ বা ভারসাম্যপূর্ণ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অংশীদার দেশগুলোকে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে সহায়তা করাই ফরাসি নীতির অন্যতম লক্ষ্য। এতে কোনো দেশকে ওয়াশিংটন বা বেইজিংয়ের মধ্যে একটি পক্ষ বেছে নিতে বাধ্য হতে হবে না।

ফরাসি রাষ্ট্রদূত অবৈধ মাছ ধরা, জলদস্যুতা ও পাচারের মতো অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের কথা জানান। তিনি বাংলাদেশে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন।

আরো পড়ুন

দীর্ঘদিন ইন্টারনেট বিচ্ছিন্ন শেরপুরের নালিতাবাড়ীর ২ ইউনিয়নে

বাংলাদেশ ও ফ্রান্সের অর্থনৈতিক সম্পর্ক গতিশীল হলেও বাণিজ্যে কাঠামোগত ভারসাম্যহীনতা রয়েছে বলেও জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।

তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সাড়ে চার বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। তবে ফরাসি রপ্তানির তুলনায় বাংলাদেশি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ থেকে ফ্রান্সের মোট আমদানির প্রায় ৯৫ শতাংশই টেক্সটাইল খাত—বিশেষ করে পোশাক ও পরিধেয় পণ্য—থেকে আসে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বিমান চলাচল, যন্ত্রপাতি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পরিবহন, জ্বালানি ও টেকসই নগর উন্নয়নে ফরাসি শিল্পগোষ্ঠীগুলোর উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি।

আরো পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

ভবিষ্যতে ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ডিজিটাল প্রযুক্তিতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো বৈচিত্র্যময় করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জলবায়ু কূটনীতিতে ফ্রান্সের ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম প্রবক্তা হিসেবে ফ্রান্স পরিবেশগত সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের সঙ্গে অভিযোজন, টেকসই অবকাঠামো ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহযোগিতা আরো জোরদারের কথাও জানান তিনি।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফরাসি উন্নয়ন সংস্থার তহবিলের ৮০ শতাংশের বেশি জলবায়ু সহনশীলতা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশে টেকসই অবকাঠামো ও সবুজ অভিযোজন উদ্যোগে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়াতেও ফ্রান্স সহযোগিতা করছে বলেও জানান রাষ্ট্রদূত।

আরো পড়ুন

সুশান্তের সাবেক ম্যানেজারের রহস্যমৃত্যু, পুনঃতদন্তের নির্দেশ আদালতের

একই সঙ্গে নারীর অধিকার ও জেন্ডার সমতার ক্ষেত্রে ফ্রান্সের ‘নারীবাদী পররাষ্ট্রনীতি’র কথা তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ২০২৫-২০৩০ মেয়াদের কৌশলে শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রজনন অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নারীবাদী জলবায়ু পদক্ষেপ, ডিজিটাল অধিকার ও সমতাভিত্তিক অর্থনৈতিক নীতিকেও নতুন অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করার প্রয়োজনীয়তা রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অভিন্ন মূল্যবোধ ও শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে থাকা দেশগুলোর আরো সক্রিয় হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা আরো জোরদার করতে প্রস্তুত। দুই দেশের সম্পর্ক শুধু ভূ-রাজনীতি নয়, অর্থনীতি ও ব্যবসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে। এ সময় তিনি বলেন, ‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্কের দারুণ সম্ভাবনা রয়েছে’—বলেও বক্তব্য শেষ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন যে, ২০৩০ সালের মধ্যে সরকার ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও জানান যে, এই উদ্যোগের পাশাপাশি ৯টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট ও রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।”

বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, “বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন।” তবে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%