১০:২৬ এম
আন্দোলন প্রত্যাহার করার পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগে ভারতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে মধ্যরাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে তদন্ত করা মামলাগুলি প্রত্যাহার করা এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংগঠনটি জানায়, কোনো বিক্ষোভকারীকে একা ফেলে রাখা যাবে না, সবাই একসঙ্গে থাকবে।
সংগঠনটির দাবি, সরকার বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির নিশ্চয়তা দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি অভিযোগ উত্থাপন করেছিল যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হচ্ছে। এ প্রসঙ্গে তারা নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দেয়।
আরও পড়ুন: ডিজেল নেই, বিদ্যুৎ সঞ্চালন লাইনও নেই ভারতের হাইড্রোজেন ট্রেনের কার্যপ্রণালী
পরে বিহার ও আসাম সরকারের তরফ থেকে জারি করা প্রজ্ঞাপনের নথি সংগঠনটির হাতে হস্তান্তর করা হয়। এতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং আটকস্থ ব্যক্তিদের মুক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকার আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে, আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপি-এনডিএ শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, সরকারের দেওয়া আশ্বাস কার্যকর হবে কিনা, সেই ব্যাপারে তাদের উদ্বেগের কথা বৈঠকে প্রকাশ করা হয়েছে। এরপর সরকারের প্রতিনিধিরা বিহার স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি দেখিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।
সৌরভ দাস আরও জানান, অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের প্রজ্ঞাপন জারির বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট নেতা শুমার
এদিকে, বৈঠকের কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা এখনও পুলিশি পদক্ষেপের মুখোমুখি হচ্ছেন যদিও সমঝোতা হয়েছে। তিনি বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপের অভিযোগ তুলে সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন।
তিনি সতর্ক করে বলেন যে, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা যদি বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন