১০:০১ এম
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষরোপণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার অংশ হিসেবে ২৬০ সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ করা হয়েছে। টিআর ফান্ড-এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ট্রিপ্ল্যান্টেশন প্রজেক্টের তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সিপিপির সহকারী পরিচালক আছাদ-উজ-জামান খান উপস্থিত ছিলেন।
বুধবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ এবং সিসিটি সভাপতি হেবল বৈদ্য। এছাড়াও সিসিটি সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সিসিটি সদস্য জুলিয়েট বাড়ৈ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আলোচকরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আলোচনায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার
বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, কমিউনিটির অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এই কর্মশালায়।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী ২৬০ জনকে চার প্রজাতির ৯টি করে মোট দুই হাজার ৩৪০টি আম, হরীতকী, রেইনট্রি ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন