মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
কুষ্টিয়া, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় লালন তিরোধান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা, আগত ভক্ত-অনুরাগীদের সুযোগ-সুবিধা, যানবাহন চলাচল এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভাটি কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এবং এটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সভায় জেলা প্রশাসক উল্লেখ করেন, লালন শাহ কেবল কুষ্টিয়ার নয়, বরং তিনি বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা ছেঁউড়িয়ায় আসেন। তাদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী মন্তব্য করেন, লালন শাহের দর্শন দেশ-বিদেশে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। লালনের স্মৃতিবিজড়িত ছেঁউড়িয়ার এই আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করতে হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, লালন শাহের দর্শন ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।
সভায় বক্তারা উল্লেখ করেন, লালন তিরোধান দিবসের অনুষ্ঠান কুষ্টিয়ার অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। দেশ-বিদেশের দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা, তথ্যসেবা, যানজট নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
লালন তিরোধান দিবসের অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ লালন গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত বছর যিনি অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন, ঠিক এক বছর পর আজ ২৮ বছর বয়সি পরিবেশকর্মী হামজা এল খাররৌবি মরক্কোর সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। নির্বাচনি প্রচারকালে দেশের তিতৌয়ান শহরে তরুণ এই উদ্যোক্তা আশা প্রকাশ করেন যে, এবারের নির্বাচনে আরো অনেক তরুণ মরক্কোর পার্লামেন্টে আসন জয় করতে সক্ষম হবেন।
রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে তিনি ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে মরক্কোয় শুরু হওয়া ঐতিহাসিক গণআন্দোলনই মূলত তরুণদের এই রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করেছে।
আন্দোলনের পটভূমি ও ‘জেন জি ২১২’
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মরক্কোর দক্ষিণাঞ্চলের একটি সরকারি হাসপাতালে সিজারেস ডেলিভারির সময় আটজন প্রসূতি নারীর মর্মান্তিক মৃত্যুর পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে এই ক্ষোভ সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
‘জেন জি ২১২’ নামে কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই গড়ে ওঠা এই আন্দোলনটি মূলত ডিসকর্ড, টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ভর করে সংগঠিত হয়েছিল। দুর্নীতিরোধ, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নত জনসেবার দাবিতে চলা ওই আন্দোলনে অক্টোবর মাসে অন্তত তিনজন প্রাণ হারিয়েছিলেন।
ভোটার তালিকায় তরুণদের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ
আসন্ন সংসদ নির্বাচনে মরক্কোর মোট ৩৯৫টি আসনের জন্য প্রায় ১ কোটি ৫৮ লাখ মানুষ ভোট দেওয়ার যোগ্য হলেও, এর মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সিদের হার মাত্র চার শতাংশ।
অন্যদিকে ৬০ বা তার বেশি বয়সি ভোটারদের হার প্রায় ২৯ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথে সোচ্চার হওয়ার পরেও অনেক তরুণ এখনো প্রাতিষ্ঠানিক বা মূলধারার রাজনীতি থেকে দূরে রয়েছেন।
তরুণদের এই দূরত্বের কারণ ব্যাখ্যা করে কাসাব্লাংকার রাজনীতিক মৌবারাক তৌমি বলেন, ‘অভিভাবকরা সাধারণত তরুণদের ঝামেলা এড়াতে ও নিরাপদে থাকতে পরামর্শ দিয়ে থাকেন।’ পাশাপাশি বেকারত্বের উচ্চ হারও তরুণদের রাজনীতিবিমুখ করে তুলছে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মরক্কোয় সামগ্রিক বেকারত্ব ১৩ শতাংশ হলেও ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের মধ্যে এই হার প্রায় ৩৭.২ শতাংশ।
নির্বাচনে তরুণদের প্রত্যাশা
নির্বাচন নিয়ে তরুণ রাজনীতিক আজ-এল আরব হিলমি জানান, বর্তমান প্রজন্ম আর পুরনো গতানুগতিক রাজনৈতিক প্রতিশ্রুতি বা ফাঁকা বুলি শুনতে রাজি নয়। তারা শিক্ষা, সুচিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নয়নের মতো বাস্তব পরিবর্তন দেখতে চায়।
তিনি আরও বলেন, ‘নির্বাচন মানেই কোনো ফাঁকা চেক দেওয়া নয়। রাজনীতিকরা সব সমস্যার জাদুকরী সমাধান রাতারাতি দিতে না পারলেও তাদের স্বচ্ছ ও দায়িত্বশীল হতে হবে।’ মরক্কোর এই নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও ব্যালটের লড়াই দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুদক মেট্রো-১ চট্টগ্রামে নগদ দুই লাখ টাকা ঘুসসহ আবদুস সোবহান নামের সাব-রেজিস্ট্রারকে আটক করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাকে আটক করা হয় দুদকের আভিযানিক দলের মাধ্যমে।
অভিযান চলমান রয়েছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত সরকার আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটির জন্য আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার জানিয়েছে, সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র বা অ্যাগ্রিমোঁর একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি আটকে থাকার বিষয়ে ‘সাম্প্রতিক জল্পনার অবসান হয়েছে’ বলে মন্তব্য করা হয়েছে।
দ্য প্রিন্ট নামক ভারতীয় সংবাদমাধ্যম গত সপ্তাহে জানিয়েছিল, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতি দিতে ভারত দেরি করছে।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদানকারী পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়া দিল্লিতে বর্তমান হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।
রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
তিনি ২০২৩-২০২৪ সময়ে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭-২০২১ সময়ে ফিলিপিন্সে দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিয়াম ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবে কাজ করেছেন।
দেশে দায়িত্ব পালনকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার মধ্যে সিয়ামের নিয়োগের অনুমোদনের খবর এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদায়ন ও বদলির বিষয়টি রয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ